চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা!
মাদক ও অপরাধ দমনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে দায়সারা ও লোক দেখানো অভিযান চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। চুনোপুঁটি মাদকসেবী বা খুচরা বিক্রেতারা অভিযানে ধরা পড়লেও অধরাই থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ডিলার এবং মূল রাঘববোয়ালরা। শুধু মাদক ব্যবসাই নয়, ওয়ারেন্ট তামিলে গড়িমসি, অঘোষিত সালিশি আদালত বসানো এবং জমি সংক্রান্ত তদন্তের নামে অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অনৈতিক লেনদেনের চাঞ্চল্যকর অভিযোগ।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ রয়েছে, সেখানে আড়াইহাজারে প্রতিদিন নামমাত্র লোক দেখানো অভিযান চালিয়ে চুনোপুঁটি মাদকসেবীদের ধরে থানার হাজতখানা পূর্ণ করা হচ্ছে। তবে মূল রাঘববোয়ালদের আস্তানায় পৌঁছায় না পুলিশের হাত। মূল সিন্ডিকেট ও ডিলারদের স্পর্শ না করায় দিন দিন উপজেলার বিভিন্ন স্পটে মাদকের লেনদেন ও বিস্তার আরও মারাত্মক আকার ধারণ করছে।
অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত সাধারণ মাদকসেবী কিংবা ছোটখাটো অপরাধীদের ক্ষেত্রে তথাকথিত ‘সামারি ট্রায়াল’ বা দ্রুত সমাধানের নামে চলে খাস কামরা বাণিজ্য। ছাড়া পাওয়ার আশায় ভুক্তভোগী পরিবারগুলোকে গুণতে হয় মোটা অঙ্কের টাকা। অভিযোগ উঠেছে, অসাধু কিছু কর্মকর্তা লকাপের ভয় দেখিয়ে এবং হালকা ধারায় কোর্টে চালান করার বিনিময়ে স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
থানায় নিয়মিত সাজাপ্রাপ্ত ও সিআর/জিআর মামলার ওয়ারেন্ট আসলেও তা তামিল করতে দেখানো হয় নানামুখী গড়িমসি। অভিযোগ রয়েছে, মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়ে চিহ্নিত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ‘খুঁজে পায় না’। সবচেয়ে আশঙ্কাজনক অভিযোগ হলো—অনেক সময় গোপন দরকষাকষির পর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হলেও, মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে অলিখিতভাবে তাকে থানা বা মাঝপথ থেকেই ছেড়ে দেওয়া হয়।
আড়াইহাজার থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় অঘোষিত ‘বিচারালয়’ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দেওয়ানি ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে তারা নিজেদের বিচারক হিসেবে দাঁড় করাচ্ছেন। জমি সংক্রান্ত তদন্তে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া বা ভুক্তভোগীকে সহযোগিতার দোহাই দিয়ে প্রকাশ্যে চালে মোটা অঙ্কের ঘুষ লেনদেন। আপোষ-রফার নামে এসব বেআইনি সালিশ বসিয়ে লাখ লাখ টাকা পকেটে ভরছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনের এই দায়সারা কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। আড়াইহাজারে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এবং পুলিশের অভ্যন্তরীণ এই অনিয়ম-দুর্নীতি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। তারা চান—কেবল চুনোপুঁটি নয়, মাদকের মূল ডিলারদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং যেসব কর্মকর্তা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সরাসরি কঠোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আড়াইহাজারের ভুক্তভোগী ও সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন