খুঁজুন

কে এই লিটন? কি তার নির্বাচনী প্রতিশ্রুতি?

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
কে এই লিটন? কি তার নির্বাচনী প্রতিশ্রুতি?

​

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে বইছে আগাম ভোটের হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের বর্ণাঢ্য কর্মজীবন, সামাজিক পরিচিতি এবং সুনির্দিষ্ট নির্বাচনী ইশতেহার তুলে ধরে আলোচনার শীর্ষে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া (লিটন)। “আমাদের স্বপ্ন, আমাদের ইউনিয়ন—উন্নয়ন ও সততার অঙ্গীকার, হাইজাদী ইউনিয়ন হবে সবার” এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি একটি বৈষম্যহীন, আধুনিক ও দুর্নীতিমুক্ত ‘ডিজিটাল ইউনিয়ন’ উপহার দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

কে এই লিটন?
সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ভাষ্যমতে, মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া (লিটন) কেবল একজন রাজনৈতিক প্রতিযোগী নন, বরং দীর্ঘকাল ধরে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত এক পরিচিত মুখ। তাঁর ছাত্রজীবন শুরু হয় ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৯৯১-১৯৯২) থেকে। সেই ছাত্রাবস্থা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন।
তিনি রোটারী ক্লাব আলোকিত, ঢাকা প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), এসিস্ট্যান্ট কো এর্ডিনেটর (২০২৫-২০২৬), ডেপুটি এর্ডিনেটর (২০২৬-২০২৭), এছাড়াও তিনি বুরুমদী এ এম এস এইচ উচ্চ বিদ্যালয় ও কোরআন এন্ড গ্লোবাল পিচ ফাউন্ডেশন বিজয় নগর,ঢাকা এর সহ সভাপতি।

তাছাড়াও ধনিয়া পাঠাগার ও মসজিদ-ই-নূর (ধনিয়া)-এর উপদেষ্টা এবং ধন্দী আল-আকসা জামে মসজিদ -এর সভাপতির দায়িত্ব পালন করছেন। বহুমুখী এই সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসেবার নিষ্ঠা তাঁকে এলাকার সর্বস্তরের মানুষের কাছে এক আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছেন বলে দাবি করছেন তার সমর্থকরা।

কি তার নির্বাচনী প্রতিশ্রুতি?
​এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আবেগঘন ভাষায় বলেন, “আমি আপনাদের শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি। আপনাদের একটি মূল্যবান ভোট শুধু আমাকে চেয়ারম্যান বানাবে না, বরং আমাদের আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শ হাইজাদী ইউনিয়ন গড়ে তুলি।”

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে তাঁর ঘোষিত ইশতেহারে উঠে এসেছে বেশ কয়েকটি প্রধান দিকসংকেত –

# ওয়ারিশ সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সমস্ত নাগরিক সেবা দালালচক্র মুক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে ও দ্রুততম সময়ে ডিজিটাল প্রযুক্তিতে প্রদান করা হবে। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর জনগণের সামনে ইউনিয়নের আয়ের হিসাব বা ‘পাবলিক বাজেট’ উন্মুক্ত করা হবে।

# প্রান্তিক কৃষকদের জন্য ন্যায্য মূল্যে গুণগত বীজ, সার ও উন্নতমানের কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি বর্ষার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সুবিধা বৃদ্ধিতে খাল-ড্রেন পুনঃখনন করা হবে।

# ইউনিয়নের প্রতিটি কাঁচা রাস্তা ক্রমান্বয়ে পাকা করা, প্রধান সড়কগুলো নিয়মিত সংস্কার এবং রাতের বেলায় পথচারীদের নিরাপত্তার স্বার্থে গ্রামীণ অলিতে-গলিতে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হবে।

# সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধনের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী বিতরণ ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।

# কমিউনিটি ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক ডাক্তার ও জরুরি ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হবে এবং নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হবে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং ঘুষ-অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

# সমাজের বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করতে সেলাই, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও হস্তশিল্পের ওপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

# সবুজ ইউনিয়ন গঠনে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং সৎ ও নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক শালিস কমিটির মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

এলাকার ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়া চেয়ে মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া (লিটন) আশাবাদ ব্যক্ত করেন, হাইজাদী ইউনিয়নকে কেবল উপজেলা নয়, পুরো দেশের মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে তিনি গড়ে তুলবেন। এখন দেখার বিষয় কে হচ্ছেন আগামীদিনে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

 

চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা!

আড়াইহাজার প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা!

 

মাদক ও অপরাধ দমনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে দায়সারা ও লোক দেখানো অভিযান চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। চুনোপুঁটি মাদকসেবী বা খুচরা বিক্রেতারা অভিযানে ধরা পড়লেও অধরাই থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ডিলার এবং মূল রাঘববোয়ালরা। শুধু মাদক ব্যবসাই নয়, ওয়ারেন্ট তামিলে গড়িমসি, অঘোষিত সালিশি আদালত বসানো এবং জমি সংক্রান্ত তদন্তের নামে অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অনৈতিক লেনদেনের চাঞ্চল্যকর অভিযোগ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ রয়েছে, সেখানে আড়াইহাজারে প্রতিদিন নামমাত্র লোক দেখানো অভিযান চালিয়ে চুনোপুঁটি মাদকসেবীদের ধরে থানার হাজতখানা পূর্ণ করা হচ্ছে। তবে মূল রাঘববোয়ালদের আস্তানায় পৌঁছায় না পুলিশের হাত। মূল সিন্ডিকেট ও ডিলারদের স্পর্শ না করায় দিন দিন উপজেলার বিভিন্ন স্পটে মাদকের লেনদেন ও বিস্তার আরও মারাত্মক আকার ধারণ করছে।

অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত সাধারণ মাদকসেবী কিংবা ছোটখাটো অপরাধীদের ক্ষেত্রে তথাকথিত ‘সামারি ট্রায়াল’ বা দ্রুত সমাধানের নামে চলে খাস কামরা বাণিজ্য। ছাড়া পাওয়ার আশায় ভুক্তভোগী পরিবারগুলোকে গুণতে হয় মোটা অঙ্কের টাকা। অভিযোগ উঠেছে, অসাধু কিছু কর্মকর্তা লকাপের ভয় দেখিয়ে এবং হালকা ধারায় কোর্টে চালান করার বিনিময়ে স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

থানায় নিয়মিত সাজাপ্রাপ্ত ও সিআর/জিআর মামলার ওয়ারেন্ট আসলেও তা তামিল করতে দেখানো হয় নানামুখী গড়িমসি। অভিযোগ রয়েছে, মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়ে চিহ্নিত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ‘খুঁজে পায় না’। সবচেয়ে আশঙ্কাজনক অভিযোগ হলো—অনেক সময় গোপন দরকষাকষির পর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হলেও, মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে অলিখিতভাবে তাকে থানা বা মাঝপথ থেকেই ছেড়ে দেওয়া হয়।

আড়াইহাজার থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় অঘোষিত ‘বিচারালয়’ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দেওয়ানি ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে তারা নিজেদের বিচারক হিসেবে দাঁড় করাচ্ছেন। জমি সংক্রান্ত তদন্তে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া বা ভুক্তভোগীকে সহযোগিতার দোহাই দিয়ে প্রকাশ্যে চালে মোটা অঙ্কের ঘুষ লেনদেন। আপোষ-রফার নামে এসব বেআইনি সালিশ বসিয়ে লাখ লাখ টাকা পকেটে ভরছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনের এই দায়সারা কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। আড়াইহাজারে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এবং পুলিশের অভ্যন্তরীণ এই অনিয়ম-দুর্নীতি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। তারা চান—কেবল চুনোপুঁটি নয়, মাদকের মূল ডিলারদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং যেসব কর্মকর্তা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সরাসরি কঠোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আড়াইহাজারের ভুক্তভোগী ও সাধারণ জনগণ।

 

একই দিনে দুই জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুবরণ।। আদালতপাড়ায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
একই দিনে দুই জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুবরণ।। আদালতপাড়ায় শোকের ছায়া

 

​নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অঙ্গন থেকে ঝরে গেল দুটি উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী খোকন চন্দ্র সাহা।

একই দিনে দুই অভিজ্ঞ ও প্রবীণ আইনজীবীর আকস্মিক প্রয়াণে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীসহ সকল স্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকস্তব্ধ পরিবেশ।

আইনজীবীদের কল্যাণে তাঁর অবদান সর্বজনবিদিত। তারা উভয় ছিলেন একাধারে জুনিয়রবান্ধব, দক্ষ ক্রিমিনাল প্র্যাকটিশনার এবং সদালাপী ও মিষ্টভাষী একজন মানুষ। আইন পেশায় তাঁর বিচক্ষণতা এবং নতুন আইনজীবীদের প্রতি তাঁর স্নেহশীল মনোভাবের জন্য তারা সর্বজন শ্রদ্ধেয় ছিলেন।

উভয় প্রবীণ আইনজীবীর চিরবিদায়ে আইন অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহসা পূরণ হওয়ার নয়। নারায়ণগঞ্জের সর্বস্তরের আইনজীবীবৃন্দ তাঁদের বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। একই দুর্ঘটনায় পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির এমন চিত্র উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে।

রবিবার (৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করতে ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী-স্ত্রীর

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে ১৯৩টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন। এ ছাড়া পিতা-সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির চিত্রও উদ্বেগজনক। এ ধরনের ৫২৫টি দুর্ঘটনায় মোট ১ হাজার ৭২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ২১১টি, তিনজনের ১১৮টি, চারজনের ৯২টি, পাঁচজনের ৫৩টি, ছয়জনের ৩৮টি এবং সাতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে ১৩টি।

মাইক্রোবাস ও প্রাইভেটকার দুর্ঘটনায় প্রাণহানি

মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজনের ৪৬টি, চারজনের ৩৯টি, পাঁচজনের ২৮টি এবং ছয়জনের ২০টি। এ ছাড়া ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চারটি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা একটি। সব মিলিয়ে ১৮৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০৮ জন।

প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি, তিনজনের ৩১টি, চারজনের ২৪টি এবং পাঁচজনের ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫২ জন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, তিনজনের ১৫টি, চারজনের নয়টি, পাঁচজনের সাতটি এবং আটজনের তিনটি। এসব ঘটনায় মোট ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন।

এ ছাড়া বাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, তিনজনের নয়টি এবং চারজনের ছয়টি। মোট ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন। অন্যদিকে, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে।

পরিবারের একসঙ্গে চলাচলসহ যেসব কারণ চিহ্নিত

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে পরিবারভিত্তিক প্রাণহানির কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের একসঙ্গে কাজে বা ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি, মহাসড়কে অটোরিকশা চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা এবং এসব যানবাহনের চালকদের অদক্ষতা।

এ ছাড়া চালকদের বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

দুর্ঘটনা কমাতে যেসব সুপারিশ

পরিবারভিত্তিক প্রাণহানি কমাতে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে সব মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে সরাসরি সংযোগ বন্ধ করে নিরাপদ সড়ক নকশা তৈরি এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নজরদারির সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়াতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা! কে এই লিটন? কি তার নির্বাচনী প্রতিশ্রুতি? একই দিনে দুই জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুবরণ।। আদালতপাড়ায় শোকের ছায়া সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি