এসপি হাবিবুর রহমানের কঠোর তৎপরতায় নারায়ণগঞ্জে ভেস্তে গেল লকডাউন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জে এর কোনো প্রভাব পড়েনি। জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের কঠোর নজরদারি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অবস্থানের কারণে সকাল থেকেই জেলার জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে চাষাঢ়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
তবে সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নাশকতা এড়াতে বুধবার রাত থেকেই পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং টহল জোরদার করা হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে এসপি মো. হাবিবুর রহমান বলেন, “গত রাত থেকেই প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। সোনারগাঁয়ে দুটি অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লকডাউনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক আন্দোলনের শুরু থেকেই ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেড পরিদর্শনসহ সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দরের শিল্পাঞ্চলের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন পুলিশ সুপার। মালিক ও শ্রমিকপক্ষের সাথে ধারাবাহিক মতবিনিময়ের ফলে জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নিয়মিত উৎপাদন অব্যাহত রয়েছে এবং কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।
২০২৬ সালের ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন মো. হাবিবুর রহমান। রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও বন্দরসহ জেলার সর্বত্র সাঁড়াশি অভিযানের ফলে অনেক শীর্ষ অপরাধী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজের কাছে তিনি আইনশৃঙ্খলার আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
যশোরে জন্মগ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুরে পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নে হাইওয়ে পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নারায়ণগঞ্জকে একটি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন