অবৈধভাবে চালু রাখতে আড়াইহাজারে লাইসেন্সবিহীন হাসপাতাল মালিকদের দৌড়ঝাঁপ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত ১৯টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিরই লাইসেন্স নবায়ন না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকরা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবির চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করেই কীভাবে হাসপাতালের কার্যক্রম চালু রাখা যায়, সে বিষয়ে তারা তৎপর রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৯টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ছিল ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছর। নিয়মানুযায়ী, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই।
নবায়ন না থাকা ও মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে— এ টু জেড ডিজিটাল হাসপাতাল, আই হাসপাতাল অ্যান্ড ফাকো সেন্টার, মা ও শিশু হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফয়সাল হাসপাতাল, হাজী আব্দুল মালেক প্রধান আধুনিক হাসপাতাল, জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব, নূরজাহান হাসপাতাল, পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক, প্রবাসী হাসপাতাল এবং কনফিডেন্ট মেডিকেল সেন্টার। এছাড়া তালিকায় আড়াইহাজার পপুলার হাসপাতাল ও আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতালের নাম থাকলেও সরবরাহকৃত তালিকায় সেগুলোর নবায়নের কোনো তথ্য উল্লেখ নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়। জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না এবং আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আড়াইহাজার উপজেলা এলাকায় ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’ নামের আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্স বা অনুমোদনের কোনো তথ্য সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নার্গিস আক্তার (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আরিফুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাওয়াদ হোসাইন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিবিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রয়োজনীয় অনুমোদন বা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন