খুঁজুন

সোনারগাঁয়ে জাল দলিল সৃজন ও নামজারির অভিযোগ, থানায় লিখিত আবেদন।

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও।
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সোনারগাঁয়ে জাল দলিল সৃজন ও নামজারির অভিযোগ, থানায় লিখিত আবেদন।

​নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মৌজায় পৈত্রিকসূত্রে প্রাপ্ত ৪৮ শতাংশ জমি নিয়ে জাল দলিল তৈরি, অবৈধভাবে মালিকানা হস্তান্তর এবং প্রভাবে নামজারি সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগে নানাখী গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে রেহান-উদ্দিন গং (৪২) দাবি করেন, তিনি ও তাঁর সহোদর ভাইয়েরা নানাখী মৌজায় আর.এস. ১০৫ নম্বর দাগে ২৪ শতাংশ এবং আর.এস. ১০২ নম্বর দাগে ২৪ শতাংশসহ মোট ৪৮ শতাংশ জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।

​রেহান-উদ্দিনের অভিযোগ, জাকির হোসেন, তাঁর স্ত্রী তামান্না আক্তার এবং দলিল লেখক শাহীনসহ একটি সংঘবদ্ধ চক্র পরস্পর যোগসাজশে জাল ও ভুয়া দলিল তৈরি করে জমিটি আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, ওই চক্রের মাধ্যমে জমিটি একজনের নামে বিক্রয় দলিল এবং পরবর্তীতে তাঁর স্ত্রীর নামে হেবা দলিল সম্পাদন করা হয়।

​ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁদের অজান্তেই সংশ্লিষ্ট ভূমি অফিসে জমিটির নামজারি করা হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার চাপ ও প্রভাব খাটিয়ে এই নামজারি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন রেহান-উদ্দিন। বিষয়টি প্রাথমিকভাবে না জানলেও পরবর্তীতে ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করে নামজারি সংক্রান্ত অনিয়ম ও প্রভাব বিস্তারের বিষয়টি তাঁদের নজরে আসে বলে তিনি দাবি করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমির বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে রেহান-উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

​ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাল দলিলের সত্যতা যাচাই, নামজারি প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন ও কোনো রাজনৈতিক চাপ ছিল কি না তা খতিয়ে দেখা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিক জমি ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতাল কি মৃত্যুফাঁদ?

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতাল কি মৃত্যুফাঁদ?

​ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশমুখ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ‘প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড’। আধুনিক অবকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা এই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে সেবাগ্রহীতাদের প্রশংসার চেয়ে বিতর্ক ও অভিযোগের কারণেই বেশি আলোচনায় আসছে। বিশেষ করে ভুল চিকিৎসা, দায়িত্বে অবহেলা এবং চিকিৎসাধীন অবস্থায় শিশু ও রোগী মৃত্যুর একের পর এক অভিযোগ হাসপাতালটির সেবার মান ও জবাবদিহিতা নিয়ে জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

​

​স্থানীয় ভুক্তভোগী পরিবার ও গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে হাসপাতালটির বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

সম্প্রতি সাইনবোর্ড এলাকার এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের পক্ষ থেকে ভুল চিকিৎসা ও সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকার অভিযোগ তোলা হয়েছে। স্বজনদের দাবি, জরুরি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের উদাসীনতা এবং সঠিক সিদ্ধান্তের অভাবে অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

সাধারণ রোগীদের একটি বড় অংশের অভিযোগ, সাধারণ রোগের ক্ষেত্রেও অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা ও আইসিইউ/এনআইসিইউ (ICU/NICU) ভর্তির মাধ্যমে মোটা অঙ্কের বিল তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে রোগীর অবস্থার অবনতি হলে দায় এড়াতে শেষ মুহূর্তে অন্য হাসপাতালে রেফার করার প্রবণতাও দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

বড় আকারের হাসপাতাল হলেও জরুরি বিভাগে সার্বক্ষণিক দক্ষ কনসালটেন্টের অনুপস্থিতি এবং জুনিয়র চিকিৎসক বা নার্সনির্ভর চিকিৎসা ব্যবস্থার কারণে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে ভুক্তভোগীদের ভাষ্য।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে, কোনো একটি চিকিৎসা প্রতিষ্ঠানকে ঢালাওভাবে ‘মৃত্যুফাঁদ’ বলা বস্তুনিষ্ঠ না হলেও, একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার একই ধরনের অভিযোগ ওঠা নিছক কাকতালীয় নয়। এটি মূলত প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল গভর্ন্যান্স (Clinical Governance) বা চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতাকেই নির্দেশ করে।

অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে প্রায়ই দেখা যায়—অভিযোগ ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ তা ‘রোগীর জটিল শারীরিক অবস্থা’ বলে দায় সারে, আর ভুক্তভোগী পরিবারগুলো আইনি জটিলতা ও প্রভাবশালী মহলের চাপে সুষ্ঠু বিচার পায় না। ফলে প্রকৃত সত্য—অর্থাৎ মৃত্যুটি চিকিৎসাবিজ্ঞানের স্বাভাবিক পরিণতি নাকি দায়িত্বহীনতার ফল—তা অজানাই থেকে যায়।

দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ এবং প্রচলিত স্বাস্থ্যবিধি অনুযায়ী, প্রতিটি বেসরকারি হাসপাতালে সার্বক্ষণিক নির্ধারিত সংখ্যক চিকিৎসক, নার্স, জরুরি সেবা এবং স্বচ্ছ মূল্যতালিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলের এই হাসপাতালটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও জেলা স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন কার্যালয়ের দৃশ্যমান ও কঠোর কোনো তদন্ত বা পদক্ষেপ চোখে পড়েনি বলে স্থানীয়দের অভিযোগ।

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, নিছক বাণিজ্যিক পণ্য নয়। সাইনবোর্ডের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালে প্রতিদিন নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও আশপাশের জেলার অসংখ্য মানুষ জীবন বাঁচানোর আশা নিয়ে ছুটে আসেন। তাই জনআস্থা ফেরাতে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে অভ্যন্তরীণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি মৃত্যু ও গাফিলতির অভিযোগের বিষয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিরপেক্ষ মেডিকেল তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

এসপি হাবিবুর রহমানের কঠোর তৎপরতায় নারায়ণগঞ্জে ভেস্তে গেল লকডাউন।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
এসপি হাবিবুর রহমানের কঠোর তৎপরতায় নারায়ণগঞ্জে ভেস্তে গেল লকডাউন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জে এর কোনো প্রভাব পড়েনি। জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের কঠোর নজরদারি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অবস্থানের কারণে সকাল থেকেই জেলার জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে চাষাঢ়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

তবে সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নাশকতা এড়াতে বুধবার রাত থেকেই পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং টহল জোরদার করা হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে এসপি মো. হাবিবুর রহমান বলেন, “গত রাত থেকেই প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। সোনারগাঁয়ে দুটি অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লকডাউনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক আন্দোলনের শুরু থেকেই ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেড পরিদর্শনসহ সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দরের শিল্পাঞ্চলের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন পুলিশ সুপার। মালিক ও শ্রমিকপক্ষের সাথে ধারাবাহিক মতবিনিময়ের ফলে জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নিয়মিত উৎপাদন অব্যাহত রয়েছে এবং কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

২০২৬ সালের ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন মো. হাবিবুর রহমান। রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও বন্দরসহ জেলার সর্বত্র সাঁড়াশি অভিযানের ফলে অনেক শীর্ষ অপরাধী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজের কাছে তিনি আইনশৃঙ্খলার আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

যশোরে জন্মগ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুরে পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নে হাইওয়ে পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নারায়ণগঞ্জকে একটি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন তিনি।

​

শিপ সার্ভেয়ার রশিদ মুন্নার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ।

বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
শিপ সার্ভেয়ার রশিদ মুন্নার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ।

 

নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ারের মো. মাহবুবুর রশিদ মুন্নার বিরুদ্ধে বেপরোয়া দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভ্যন্তরীণ নৌযান সার্ভে, ফিটনেস পরীক্ষা, রেজিস্ট্রেশন এবং নৌযান সার্ভে সনদ খাতে অনিয়ম করে তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

আর সে সব টাকায় রাজধানীর আফতাব নগরে ৫ কাঠার প্লট কিনে বাড়ী নির্মাণ করে বসবাস করছেন। তার প্লট নং ১৮, রোড নং ৫, ব্লক-এম, অফতাবনগর, ঢাকা। নিজের জন্য আছে একখানা গাড়ি আবার স্ত্রী সন্তানের জন্যও একখানা গাড়ি ক্রয় করেছেন।

এছাড়া তার শেয়ারে শীপ/ জাহাজ ব্যবসা রযেছে। গত ৬ মাস ধরে তিনি নৌ পরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রাজনৈতিক মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। এরইমধ্যে তিনি ৬ কোটি টাকার চুক্তিও সম্পন্ন করেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিপ সার্ভেয়ারের মো. মাহবুবুর রশিদ মুন্না নিজ প্রযোজনায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা খরচ করে ভাগ্য নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। সেই সিনেমার নায়িকা হিসেবে আওয়ামী লীগের মহাক্ষমতাধর নেতা শেখ সেলিমের রক্ষিতা নায়িকা নিপুণকে কাস্টিং করেন। এটা ছিল শেখ সেলিমের নির্দেশ। সিনেমাটি দর্শক মহল প্রত্যাখ্যান করে। ফলে পুরো ১ কোটি ৫০ লাখ টাকাই জলে গেছে। এই সিনেমা দেখানোর জন্য তিনি নৌ পরিবহন অধিদপ্তরে নৌযান সার্ভে (ফিটনেস পরীক্ষা) ও রেজিস্ট্রেশনের কাজ করা (এজেন্ট)দেরকে দর্শক নিয়ে যেতে চাপ দেন। এজেটগণ তার চাপে দর্শক ভাড়া করে সিনেমা হলে নিয়ে যেতে বাধ্য হন।

জানা যায়, তিনি বর্তমানে নারায়ণগঞ্জ নৌপরিবহন অধিদপ্তরের শাখা কার্যালয়ে কর্মরত আছেন। এর আগে সদরঘাটে ছিলেন। তখন তিনি বিধি ভংগ করে প্রতিমাসে ২/৩ শত নৌযান সার্ভে করেন। প্রতিটি নৌযান থেকে ২/৩ লাখ টাকা নিয়ে নৌযানে সরেজমিনে পরিদর্শন না করেই অফিসে বসে সার্ভে সনদ প্রদান করতেন।

এ বিষয়ে নৌ মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের নিকট অভিযোগ জমা হলে তাকে নারায়ণগঞ্জ অফিসে বদলী করা হয়। কিন্তু সেখানে গিয়েও তিনি একইভাবে অর্থের বিনিময়ে অফিসে বসেই শত শত নৌযানের সার্ভে সনদ প্রদান করছেন। কখনোই তিনি কোন নৌযান সরেজমিনে পরিদর্শন করেন না বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্তের দাবী রাখে।

অনুসন্ধানে জানা যায়, দুদকের হটলাইনে একজন নৌ এজেন্ট তার দুর্নীতি ও অবৈধ সম্পদের বিষয়ে টেলিফোনে অভিযোগ করলে দুদক কর্মকর্তারা মো: মাহবুবুর রশিদ মুন্নাকে গত ১৯ অক্টোবর জিজ্ঞেসাবাদের জন্য তাকে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তলব করেন। প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে অফিশিয়ালী অনুসন্ধান শুরু হবে বলে দুদক সুত্র নিশ্চিত করেছে।

শিফ সার্ভেয়ার মো. মাহবুবুর রশিদ মুন্না নানা প্রকার জাল জালিয়াতি কর্মকান্ডেও জড়িত আছেন। তিনি নৌযান মালিকদের সাথে নারায়ণগঞ্জ অফিসে বসে কথা না বলে তার আফতাবনগরস্থ বাড়ীতে অথবা কোন চাইনিজ রেষ্টুরেন্টে ডেকে এনে কথা বলেন এবং ঘুস লেনদেন করেন। ইতিপুর্বে তার বিরুদ্ধে ওঠা অসংখ্য অভিযোগ ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে নিয়মিত মাসোহারা দেন বলে গুঞ্জন রয়েছে।

মাসখানেক আগে তিনি তার বাড়ীতে (আফতাব নগরে) সাগর নামের একজন ব্যবসায়ীকে ডেকে নিয়ে যৌথবাহিনী দ্বারা গ্রেফতার করান এবং সাগরের নামে একটি মামলা দেন। সেই মামলার বাদী তার বাড়ীর নাইটগার্ড মো. রহিম মন্ডল। যদিও এই সাগর একজন নৌখাতের দালাল।

 

সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতাল কি মৃত্যুফাঁদ? এসপি হাবিবুর রহমানের কঠোর তৎপরতায় নারায়ণগঞ্জে ভেস্তে গেল লকডাউন। সোনারগাঁয়ে জাল দলিল সৃজন ও নামজারির অভিযোগ, থানায় লিখিত আবেদন। শিপ সার্ভেয়ার রশিদ মুন্নার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ। আড়াইহাজারে ইউএনও বিরুদ্ধে জমি দখল ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ।