আড়াইহাজারে ইউএনও বিরুদ্ধে জমি দখল ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে দেওয়ানী আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ, ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ভ্রাম্যমাণ আদালতের কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মনিরুজ্জামান (মিনু) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গাংকুলপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানকে গত ৪ নভেম্বর বিবিধ মোকদ্দমা নং- ৪৫/২০২৬ মূলে শুনানির নোটিশ দেন ইউএনও। নোটিশে পূর্বনির্মিত একটি রাস্তা বন্ধ করার অভিযোগ আনা হয়। তবে ভুক্তভোগীর দাবি, সেখানে আগে কোনো রাস্তা ছিল না এবং তফসিলভুক্ত জমিটির বৈধ মালিক তাঁর স্ত্রী রেহানা পারভীন। জমিটি নিয়ে আড়াইহাজার সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা (নং- ১৯৫/২০২৬) বিচারাধীন রয়েছে, যা জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, শুনানির পর ইউএনও সরেজমিনে গিয়ে ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চাপ দেন। জমির বৈধ কাগজপত্র দেখিয়ে রাস্তা দিতে অস্বীকৃতি জানালে ইউএনও উপস্থিত মহিলা পুলিশ সদস্যদের দিয়ে রেহানা পারভীনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর ছেলে তন্ময় জমির ক্ষতিপূরণ দাবি করলে ইউএনও তাঁকে চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের হুমকি দেন। একপর্যায়ে বাউন্ডারি ওয়াল না ভাঙলে বসতবাড়ি ও ‘মিনু টেক্সটাইল’ গুঁড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাগজে মনিরুজ্জামানের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত ইউএনওর বিরুদ্ধে এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ রমযানকে একইভাবে ভয়ভীতি দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাগজে স্বাক্ষর নেওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা ও ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ বিচারাধীন।
ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে জানতে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আগে খোঁজ নিন অভিযোগ আগে হয়েছে নাকি মামলা আগে হয়েছে।
হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, “আপনি যে প্রশ্নটি করেছেন আমি কি তা করতে পারি আপনিই বলেন। আমার কাছে অভিযোগ আসছে আমি দুই পক্ষকে ডেকেছি। যে অভিযোগ আসছে সেটার খোঁজখবর নিন। এলাকাবাসীর সাথে কথা বলেন। সঠিক তথ্য জেনে নিউজ করলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে একটি কথা আছে, তার বাস্তবায়ন হবে।


আপনার মতামত লিখুন