নাঃগঞ্জ সিটি পার্কে হতে মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে সিটি পার্কের (পুরাতন রাসেল পার্ক) লেক থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।
পুলিশ জানায়, নিহতের নাম রিপন সরদার। তিনি বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়াবাসায় থাকতেন রিপন।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন জানান, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে তিনি আর বাড়িতে ফেরেননি।
দেওভোগের স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, “দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ ভাসছে। তখন আশেপাশের মানুষ জড়ো হলে তারা পুলিশকে খবর দেন।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন