খুঁজুন

মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ২১, এলাকায় আতঙ্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ২১, এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শিয়ালের আক্রমণে একের পর এক মানুষ আহত হচ্ছেন। শনিবার (১০ অক্টোবর) মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২১ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু, তরুণ ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা সোয়া ২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। একসঙ্গে এত রোগী আসায় জরুরি বিভাগের কর্মীদের ব্যস্ত সময় পার করতে হয়।

আহতদের মধ্যে রয়েছেন আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের লিয়াকত আলীর ছেলে রুবেল (৩৫)। রাত সাড়ে ৮টার দিকে মধুপুর পৌর এলাকার দামপাড়া হয়ে বাড়ি ফেরার পথে শিয়ালের আক্রমণের শিকার হন তিনি। একই সময়ে পৌর শহরের চাড়ালজানী তেঁতুলতলা এলাকার আরিফও আহত হন।

এ ছাড়া আহতদের মধ্যে রয়েছেন জান্নাত নামের এক শিশু, সালমা (৪৫), মিরাজুল (১১), আবু সাঈদ (৩), ইদিলপুরের কাদের (৩৫), গোপিনাথপুরের শাহজাহান, চাড়ালজানীর আরজু, দামপাড়ার রাফিউল, টেকিপাড়ার মোতালেব, শিবরামবাড়ীর ইউসুফ (৪০), টেকিপাড়ার মালেক (৬৭), নয়াপাড়ার শাকিল (২৫), মাস্টারপাড়ার আল আমিন (২১) ও কাবেল (২৫)। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত আবু সাঈদ জানান, শিয়ালের কামড়ে আহত রোগীরা একের পর এক হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা।

এর আগে গত ৭ অক্টোবর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের প্রজাপুর গ্রামের সুরুজ আলী (৫০) ও জগন্নাথপুর গ্রামের এক নারী শিয়ালের আক্রমণে আহত হন। এ ছাড়া নাসির উদ্দিনের একটি ছাগলও শিয়ালের কামড়ে আহত হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ জানান, প্রতিদিন বিড়াল, শিয়াল ও কুকুরের কামড়ে আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলে ভ্যাকসিনের সংকট হওয়ার আশঙ্কা নেই।

তিনি শিয়াল, কুকুরসহ অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে সতর্ক থাকার এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

অল্প সময়ের ব্যবধানে একাধিক ব্যক্তি শিয়ালের আক্রমণের শিকার হওয়ায় মধুপুরের বিভিন্ন এলাকায় উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বন্য প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক

চট্টগ্রামের পটিয়ায় দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থল থেকে গরু চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।

আটক দুই নারী হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। পারভিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

গরুর মালিক বিজয় মল্লিক জানান, প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন, তার গরুটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া করে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা বেলতল এলাকায় গরুসহ দুজনকে আটক করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বক্কর বলেন, চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।

এদিকে ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা কুমকুম দে জানান, তিন দিন আগে তার তিনটি গরু চুরি হয়েছে। আটক দুই নারী সম্পর্কে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ওই নারীরা তার গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। চুরি হওয়া গরুগুলো ফেরত পাওয়ার দাবি জানান তিনি।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গরুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

ধনবাড়ীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ধনবাড়ীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১০০ জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থবছর ২০২৪-২০২৫-এর বরাদ্দকৃত ত্রাণসামগ্রী হিসেবে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে ধনবাড়ী উপজেলা পর্যায়ে হতদরিদ্র মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম শাহ।

বিতরণ করা প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া। প্রতিটি বস্তায় এসব পণ্যের মোট নেট ওজন ১৪ দশমিক ৩৫ কেজি।

ত্রাণসামগ্রী পেয়ে বীরতারা ইউনিয়নের হতদরিদ্র শাকিল বলেন, “আমরা দরিদ্র মানুষ। সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। এ ধরনের সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী পেয়ে আমরা আনন্দিত। এমন সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের মতো অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।”

বলিভদ্র ইউনিয়নের ইস্পিনজারপুর গ্রামের হতদরিদ্র মো. আব্দুল জলিল বলেন, “আমাদের মতো অসচ্ছল মানুষের জন্য এই ত্রাণসামগ্রী অনেক উপকারী। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে কষ্ট হয়। সরকারের এই সহায়তায় পরিবারের খাবারের চাহিদা পূরণে কিছুটা স্বস্তি পাব। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, “সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের আওতায় অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য এসব খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে পারেনি সাঘাটা থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলার হেলেঞ্চা গ্রামের সৈকত ও মোস্তাকিন। আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাঘাটা থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘদিন আগে হেলেঞ্চা গ্রামের সৈকত ও মোস্তাকিন নামের দুই যুবকের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সৈকতের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শনিবার রাত ৯টার দিকে সৈকত তাকে বিয়ের কথা বলে বোনারপাড়া হেলেঞ্চা গ্রামের একটি নির্জন ইটভাটায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সৈকত ও মোস্তাকিমসহ কয়েকজন মিলে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে ঘটনার দিন রাতে সাঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোস্তাকিম ও সৈকতকে গ্রেফতার করে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঘাটা থানার ওসি দরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ২১, এলাকায় আতঙ্ক ধনবাড়ীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত