কোনো উছিলায়ই সেতুর নির্মাণকাজ বন্ধ করা যাবে না
শহর ও বন্দরের মধ্যে দীর্ঘদিনের সেতুবন্ধনের দাবির পরিপ্রেক্ষিতে শীতলক্ষ্যা নদীর ওপর শুরু হওয়া কদম রসুল সেতুর নির্মাণকাজ কোনো উছিলায়ই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবন্ধকতা দূর করতে দায়িত্বরত প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি মাজারকে কেন্দ্র করে শহর ও বন্দরের সেতুবন্ধনের প্রতীক হিসেবে নির্মাণাধীন কদম রসুল সেতুর কাজে যে বাধা সৃষ্টি হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফোরাম। নেতৃবৃন্দের মতে, সংশ্লিষ্ট মাজারটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হলে বৃহত্তর জনস্বার্থে ধর্মীয় বিধিবিধান ও নিয়মকানুন মেনে তা স্থানান্তর করে সেতুর নির্মাণকাজ সচল রাখার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, কদম রসুল সেতু নারায়ণগঞ্জ ও বন্দরের লাখো মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। এই সেতু নিয়ে কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই।
তারা আরও বলেন, অনেকে কদম রসুল দরগাহ বা মাজারের সঙ্গে কালীরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে থাকা মাজারটির তুলনা করছেন। অথচ কদম রসুল দরগাহ নারায়ণগঞ্জের ইতিহাসস্বীকৃত ঐতিহ্য, যা দেশে ও বিদেশে নারায়ণগঞ্জকে গর্বিত ও সমৃদ্ধ করেছে। তাই এর সঙ্গে ওই মাজারের তুলনা চলে না।
নেতৃবৃন্দ দাবি করেন, মাজারটিকে গুরুত্বপূর্ণ মনে করা হলে ইসলাম ধর্মের বিধিবিধান ও নিয়ম অনুযায়ী তা সরিয়ে নেওয়া হোক। কিন্তু মাজারকে ইস্যু করে কদম রসুল সেতুর কাজ বন্ধ করার চেষ্টা হলে নারায়ণগঞ্জ ও বন্দরের লাখো মানুষ তা প্রতিহত করতে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে। সেতুর কাজ বন্ধ হলে এলাকার লাখো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটবে বলেও মন্তব্য করেন তারা।
বিবৃতিতে ফোরাম নেতারা বলেন, তারা কোনো দাঙ্গা বা সহিংসতায় যেতে চান না; বরং নির্বিঘ্নে সেতুর কাজ এগিয়ে নিতে ধর্মীয় নিয়ম মেনে মাজার স্থানান্তরের দ্রুত কার্যকর উদ্যোগ চান। মাজারকে সামনে রেখে কোনো ইস্যু তৈরি করে সেতুর নির্মাণকাজ বন্ধের অপচেষ্টা হলে নারায়ণগঞ্জবাসী তার দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
নেতৃবৃন্দের ভাষ্য, এই সেতু শুধু বন্দরবাসীর জন্য নয়, পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। তাই কোনো অবস্থাতেই কাজ বন্ধ করা যাবে না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি কাজ চলমান রাখতে কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন