খুঁজুন

আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে চারটার মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ঘটনা ঘটে।

ডাকাতেরা চার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জামাল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার পর একদল ডাকাত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১২ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর একই ইউনিয়নের কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। সেখান থেকে এক ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে ডাকাতেরা। পরে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়িতে হানা দিয়ে নগদ ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

একই এলাকায় জামালের বাড়িতেও ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ডাকাতেরা বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ পুলিশকে কিছু জানাননি।

 

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

 

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার সকল উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ হাটবাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের আওতায় মশার ওষুধ ছিটানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অপরিহার্য। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, এই পরিবেশে আমি যেমন বেড়ে উঠি, অন্যরাও তেমনি বেড়ে ওঠেন। পরিবেশের প্রভাব সবার ওপরই পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।

 

ঝর্ণার পাশে বাবু- দুরবস্থায় নেতাকর্মী , আস্থা সংকটে আড়াইহাজার তৃণমূল আঃলীগ।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
ঝর্ণার পাশে বাবু- দুরবস্থায় নেতাকর্মী , আস্থা সংকটে আড়াইহাজার তৃণমূল আঃলীগ।

​নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা, তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সম্প্রতি সাবেক সংসদ সদস্য (এমপি) বাবুর স্ত্রীর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে বিদেশে স্ত্রী-সন্তানসহ অবস্থানকালীন একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূলের অভিযোগ, প্রতিকূল ও সংকটময় সময়ে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে পরিবার নিয়ে ফুরফুরে ও খোশমেজাজে সময় কাটাচ্ছেন সাবেক এই এমপি। এতে নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন মাঠ পর্যায়ের কর্মীরা এবং তার ডাকে মাঠে নেমে ‘বলির পাঠা’ হতেও নারাজ তারা।

​সাম্প্রতিক লকডাউনের সময়ে এই অনাস্থা ও নিষ্ক্রিয়তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কোথাও কোথাও বিচ্ছিন্ন ও অপ্রত্যাশিত দু-একটি ঘটনা ঘটলেও আড়াইহাজারে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি; মাঠে ছিল না কোনো নেতাকর্মী। রাজনৈতিক পটপরিবর্তন ও চলমান বৈরী পরিস্থিতির কারণে মামলা-মোকদ্দমা, অর্থনৈতিক সংকট এবং এলাকাছাড়া হওয়ার মতো নানা চাপে যখন তৃণমূলের কর্মীরা দিশেহারা, ঠিক তখনই বিদেশের মাটিতে এমন স্বস্তিদায়ক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসায় ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলেছে।

​স্থানীয় একাধিক তৃণমূল কর্মীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, ঘাম ও সময় দিলেও বর্তমান দুঃসময়ে তারা নিজেদের অসহায় ও পরিত্যক্ত মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী ক্ষোভের সুরে বলেন, “এমপি বিদেশের মাটিতে স্ত্রী-সন্তান নিয়ে তো ভালোই আছেন, আমরা কেন তার ডাকে মাঠে নেমে বলির পাঠা হব? আগে এমপি তার সন্তান ও পরিবার নিয়ে দেশে এসে মাঠে থাকুক, তারপর না হয় আমরা মাঠে যাব। নতুবা আমরা আর তাকে নিয়ে মাতামাতি করতে রাজি নই।”

​ক্ষুব্ধ কর্মীদের আরেক অংশের প্রশ্ন, “এমপি বাবু স্ত্রীকে নিয়ে সাগরপাড়ে যাবেন, ঝর্ণা দেখতে যাবেন, ফুল-কলির সুবাস নেবেন—আর আমরা খাব পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেট? আমাদেরও তো পরিবার আছে। আমরা পরিবারকে আর তার মিষ্টি-মধুর কথায় অবহেলিত করতে চাই না।”

​নেতাকর্মীদের দাবি, ক্ষমতায় থাকাকালীন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা এবং বিদেশে বাড়ি-গাড়ির পাহাড় গড়ে তোলার অভিযোগ থাকলেও আজ বিপদের দিনে কোনো কর্মীর খোঁজখবর নিচ্ছেন না তিনি। একদিকে বিদেশে বিলাসবহুল জীবনযাপন, অন্যদিকে দেশের মাটিতে তৃণমূলের কর্মীদের অভুক্ত ও সংকটাপন্ন অবস্থা—দীর্ঘদিনের এই বঞ্চনা ও ক্ষোভ পুঞ্জীভূত হয়ে সময়ের কালক্রমে এখন তার বিরুদ্ধে ফুঁসে উঠছেন নেতাকর্মীরা।

​যদিও ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের পাশাপাশি কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবেও দেখছেন—তাদের মতে, উদ্ভূত বাস্তবতায় নেতৃত্বের এই অবস্থান নিয়ে নানা প্রশ্ন ও দ্বিধা তৈরি হয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

​চলমান রাজনৈতিক সংকট বিশ্লেষণ করে স্থানীয় পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয় সংকটের সময়ে। কর্মীদের বিপদে রেখে শীর্ষ বা প্রভাবশালী নেতাদের বিদেশে অবস্থান কিংবা এমন দৃশ্যমান দূরত্ব কর্মীদের হতাশা ও ক্ষোভকে বহুগুণ বাড়িয়ে তোলে। এর সরাসরি প্রভাব পড়ে সাংগঠনিক তৎপরতায়—যার জ্বলন্ত প্রমাণ মিলেছে লকডাউনের সময়ে আড়াইহাজারের নিরুত্তাপ অবস্থায়।

কবে ফিরছেন? ‘আমার তৈমুর কোথায়?’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
কবে ফিরছেন? ‘আমার তৈমুর কোথায়?’

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে সারা দেশে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। দলীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সারা দেশে পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে বেশ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের প্রভাবশালী কয়েকজন নেতার প্রত্যাবর্তন ও পুরোনো স্মৃতি ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম -এর প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও বহিষ্কৃত প্রভাবশালী নেতাদের—বিশেষ করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক এমপি রেজাউল করিম, আতাউর রহমান খান আঙ্গুর, মো. শাহ আলম এবং সাদরিলসহ সংশ্লিষ্ট নেতাদের দলে ফেরার সম্ভাবনা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক জল্পনা চলছে।

কেন্দ্রীয় পর্যায়ের এই সাধারণ ক্ষমা ও পুনর্গঠন উদ্যোগ ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দেখা দিয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইতিমধ্যে জেলার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম কিংবা আতাউর রহমান আঙ্গুরের মতো শীর্ষ নেতাদের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি; ফলে তাঁদের প্রত্যাবর্তনের বিষয়টি এখনো কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

নারায়ণগঞ্জের নেতাদের দলে ফেরার আলোচনার মাঝেই সবচেয়ে আবেগঘন ও আলোচিত নাম বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পূর্বে তাঁকে ঘিরে বলা একটি উক্তি—‘আমার তৈমুর কই?’ বা ‘তৈমুর কোথায়?’—রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক ‘সময়ের আলো’-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তৈমূর আলম খন্দকার নিজেই এই স্মৃতির কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, বেগম জিয়া দলীয় নেতাদের কাছে জানতে চেয়েছিলেন, “তৈমুর কোথায়? তোমরা তাকে কেন বহিষ্কার করলা? তার কি দলে অবদান নেই?

তৈমূর আলম খন্দকারের ভাষ্যমতে, দলীয় প্রধানের এমন আবেগঘন খোঁজ নেওয়ার পর নৈতিকভাবে তাঁর আর বহিষ্কৃত থাকার কথা নয়। এ ছাড়া অতীতে নারায়ণগঞ্জের সাত খুন মামলার সময় কিংবা তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন বেগম জিয়া যেভাবে তাঁর খোঁজ নিয়েছিলেন এবং তাঁর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন, সেই স্মৃতিচারণ করে তিনি নিজেকে এখনো বিএনপি ও তৃণমূলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করেন।

তবে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের দলে ফেরার পথটি অন্য নেতাদের তুলনায় কিছুটা ভিন্ন ও জটিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা যায় ২০২২ সালের জানুয়ারিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি ‘তৃণমূল বিএনপি’তে যোগ দিয়ে মহাসচিব হিসেবে নির্বাচনে অংশ নেন, যা বিএনপির হাইকমান্ড ও তৃণমূলের বড় একটি অংশের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে, তৈমূর আলম খন্দকার অনেক আগেই তৃণমূল বিএনপির কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন এবং বর্তমানে নিষ্ক্রিয় রয়েছেন। কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও সেখানে একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত বাধা কাজ করছে। দলের একাংশ তাঁকে নিয়ম অনুযায়ী লিখিত আবেদন করার পরামর্শ দিলেও, তৈমূর আলম খন্দকার নিজে থেকে আবেদন করে ফেরার চেয়ে দলের পক্ষ থেকে সম্মানজনক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ বিদ্রোহী প্রার্থী হওয়া এবং অন্য রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করার বিষয়টিকে এক পাল্লায় মাপছে না বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ধরে রাখার স্বার্থেই শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে গিয়াসউদ্দিন, রেজাউল করিম বা আঙ্গুরদের মতো নেতাদের ফেরার পথ যতটা সহজ মনে হচ্ছে, তৈমূর আলম খন্দকারের ক্ষেত্রে সমীকরণটি ততটাই বিশেষ সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

সব মিলিয়ে, প্রয়াত চেয়ারপারসনের সেই ‘আমার তৈমুর কই?’ ডাক তৃণমূলের কর্মীদের মাঝে আবেগ তৈরি করলেও, বাস্তব রাজনীতিতে তৈমূর আলম খন্দকারের ঘরে ফেরার চূড়ান্ত সবুজ সংকেত কবে মিলবে, তা এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি। ঝর্ণার পাশে বাবু- দুরবস্থায় নেতাকর্মী , আস্থা সংকটে আড়াইহাজার তৃণমূল আঃলীগ। কবে ফিরছেন? ‘আমার তৈমুর কোথায়?' সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতাল কি মৃত্যুফাঁদ?