আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদের আহ্বানে উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য এই ১০ জন চেয়ারম্যান প্রার্থী বৈঠকে অংশ নেন।
নাম প্রকাশে অনেচ্ছুক সূত্র বলছে, হঠাৎ করেই সম্ভাব্য এই প্রার্থীদের ডেকে পাঠান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বৈঠকে আসন্ন ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক নেতার ভাষ্যমতে, এমপি নজরুল ইসলাম আজাদ সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের নিজ নিজ ইউনিয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য বজায় রাখার এবং দলের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান। এছাড়া, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে উপস্থিত নেতারা জানিয়েছেন।
হঠাৎ এই বৈঠক ও সম্ভাব্য ১০ প্রার্থীর ডাক পাওয়ার খবরে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ও নানা আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় এক সৎ, যোগ্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নাম মোঃ শাহাবুদ্দিন প্রধান।দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশনন্দী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিগত দিনে বিশনন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন শাহাবুদ্দিন প্রধান। বিশেষ করে জনাব মাহমুদুর রহমান সুমনের অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত সহচর হিসেবে দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনীতির কঠিন সময়ে সুমনপন্থীদের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। নেতার আদর্শ ও উন্নয়নের ধারা অর্থাৎ ‘সুমনের প্রদীপ’ বিশনন্দী ইউনিয়নে সবসময় জ্বালিয়ে রাখতে তিনি বদ্ধপরিকর।
রাজনীতিকে কখনোই ব্যক্তিগত স্বার্থ হাসিল বা অনৈতিক সুবিধা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেননি মোঃ শাহাবুদ্দিন প্রধান। বরং এ ধরনের সুবিধাবাদী রাজনীতিকে তিনি সবসময় ঘৃণা করেন। নিজের কষ্টার্জিত ও পরিশ্রমের অর্থ ব্যয় করেই তিনি অসহায় ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই নেতা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো সাথে আপস করেন না বা কারো কাছে মাথা নত করেন না। ক্ষমতার মসনদে না থাকলেও আজীবন সুমনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হয়েই সাধারণ মানুষের সেবা করে যেতে চান তিনি। স্থানীয়দের মতে, বিশনন্দী ইউনিয়নে একজন আদর্শ ও ভালো মানুষ নির্বাচনের কথা উঠলে সবার আগে মোঃ শাহাবুদ্দিন প্রধানের নামই উঠে আসে। তার এই ইতিবাচক ও জনকল্যাণমূলক রাজনীতির কারণেই তিনি সবার থেকে আলাদা এবং সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছেন।
নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দলের চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে দলটির শীর্ষ নেতারা নিজ দলের নেতাকর্মীদের দ্বারাই লাঞ্ছিত, অপদস্থ ও শারীরিক সহিংসতার শিকার হয়ে আসছেন। রাজপথে কিংবা প্রকাশ্য কর্মসূচিতে শীর্ষ নেতাদের জামাকাপড় ছিঁড়ে বিবস্ত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে শুরু হওয়া এই ‘বস্ত্র হরণের রাজনীতি’ বর্তমান সময়েও অব্যাহত রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে গভীর প্রশ্ন তুলেছে—এই অপরাজনীতির শেষ কোথায়? আর কেনইবা কর্মীরা তাদেরই শীর্ষ নেতাদের প্রতি এমন সহিংস ও অমানবিক আচরণ করছেন?
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারের জেরে একের পর এক শীর্ষ নেতা দলীয় নেতাকর্মীদের রোষানলে পড়েছেন। বিগত কয়েক বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্যে রয়েছে ২০২২ সালের ২৫ এপ্রিল ঢাকার পুরানা পল্টনে কস্তুরি রেস্টুরেন্টের সামনে ও দারুস সালাম টাওয়ারের কাছে তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব (বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক) অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় খোদ দলের বেশকজন নেতাকর্মীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে।
২০২৩ সালে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বিএনপির একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের হাতে নাজেহাল হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন। সে সময় তার শরীরের জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়।
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে বেদম পিটুনি দেয় দলেরই অপর অংশের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন আহমেদ সৌরভের নেতৃত্বে তাকে কয়েক দফা মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়ে নেতাকর্মীরা তার জামাকাপড় ছিঁড়ে ফেলেন।
২০২৫ সালের ২৯ জুন বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে পিটিয়ে বিবস্ত্র করে দেয় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ও তার অনুসারীরা। মুকুলকে আওয়ামী লীগের শামীম ওসমান ও জাতীয় পার্টির সেলিম ওসমানের দোসর আখ্যা দিয়ে অন্তর্বাস ছাড়া শরীরের সব কাপড় ছিঁড়ে ফেলা হয়।
২০২৬ সালের ৪ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অকিল উদ্দীন ভূঁইয়া। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা তাকে বেদম পিটুনি দেয়।
সর্বশেষ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মানিক। তাকে যুবলীগ নেতা মতিউর রহমান মতির দোসর আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বিবস্ত্র করে অপদস্থ করা হয়।
নেতাকর্মীদের এই সহিংস আচরণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো কোনো ঘটনা শীর্ষ নেতাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। খোলা আকাশের নিচে প্রকাশ্য রাজপথে জামাকাপড় ছিঁড়ে ফেলার এসব ঘটনা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত। দলীয় কোন্দল, পদ-পদবি দখল এবং বিগত দিনে প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ বা ট্যাগিংয়ের রাজনীতির শিকার হয়ে দলেরই সিনিয়র নেতারা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিশ্লেষকদের মতে, দলের ভেতরে জবাবদিহিতা ও কঠোর সাংগঠনিক শৃঙ্খলা না থাকায় কর্মীরা আজ এ ধরনের বেপরোয়া ও অপরাধমূলক আচরণ করার সাহস পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে তা দীর্ঘমেয়াদে দলের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দলের হাইকমান্ড থেকে দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে নারায়ণগঞ্জের রাজনীতিতে এই অবক্ষয় আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
আসন্ন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ৯নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম—মো. জহিরুল ইসলাম। বিগত দিনে নানা রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও দমন-পীড়ন সহ্য করেও যিনি নিজের আপসহীন অবস্থান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রেখেছেন, চায়ের কাপের আড্ডায় তাঁকে নিয়েই এখন চলছে ইতিবাচক আলোচনা। এলাকার মানুষের কাছে তিনি আজ এক ‘ক্লিন ইমেজ’ ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
মো. জহিরুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঐতিহাসিক ধন্দী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ক্বারী মিজানুর রহমান এবং মাতার নাম জামিলা খাতুন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৫ সালে কলতাপাড়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং ১৯৯৭ সালে মতুর্জাবাদ আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করেন। পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হন।
রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জহিরুল ইসলামের অবদান অনস্বীকার্য। তিনি বুরুমদী উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিনাপ্রতিদ্বন্দ্বীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও সফলভাবে সামলান। এছাড়া তিনি ধন্দী আল আকসা জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন শেষে বর্তমানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর এই নেতৃত্ব স্থানীয়দের মাঝে তাঁকে এক গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মো. জহিরুল ইসলাম দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখসারির নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে। যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল। যুগ্ম আহবায়ক, আড়াইহাজার উপজেলা যুবদল। সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল।
আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময় রাজপথে সরব থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় জহিরুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি ও ককটেল হামলাসহ প্রায় ৭টি মিথ্যা মামলা দেওয়া হয়। ওই সময়ে বিএনপির অনেক নেতা তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য ও নিরাপদে বসবাস করলেও জহিরুল ইসলাম সবসময় ছিলেন আওয়ামীলীগের ‘ফুল নজরে’। মাসের পর মাস তাঁকে নিয়মিত হাজিরা দিতে হতো আদালতে। শত নির্যাতন ও হয়রানি সত্ত্বেও তিনি দলের আদর্শ থেকে একচুলও নড়েননি।
৫ আগস্টের পট পরিবর্তনের পর হাইজাদী ইউনিয়নের অনেক নেতা যেখানে চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, সেখানে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে নেই কোনো ধরনের বিতর্ক বা দুর্নীতির অভিযোগ। তিনি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও সততার সঙ্গে নিজের অবস্থান বজায় রেখেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, তিনি সুসময়ের নেতা নন, বরং দুঃসময়ের পরীক্ষিত ও আপসহীন সৈনিক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই হাইজাদী ইউনিয়নের সর্বসাধারণের মাঝে এক প্রফুল্ল ও উৎসবমুখর চিত্র দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তিনি ইতিমধ্যে এলাকার শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের জোরালো বিশ্বাস, সৎ, সাহসী ও ত্যাগী এই নেতা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে হাইজাদী ইউনিয়ন একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরিত হবে এবং এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে।
আপনার মতামত লিখুন