“আমরা সুমন ভাইয়ের লোক, আমরাই সেরা”
রাজনীতির মাঠ বড়ই অদ্ভুত ও পরিবর্তনশীল। এখানে কখন কার স্বার্থে সমীকরণ বদলায়, তা সাধারণ মানুষের অনুধাবন করার বাইরে। অতীতে যে নেতার বিরুদ্ধে রাজপথে রক্তক্ষয়ী বিরোধিতার ঝড় তোলা হয়েছিল, আজ সেই নেতার ছায়াতলেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন কট্টর বিরোধীরা। শুধু আশ্রয়ই নয়, ক্ষমতা, পদপদবী ও সুযোগ-সুবিধা বাগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় এখন তারাই সবার সেরা।
স্থানীয় রাজনীতিতে ঘটে যাওয়া এই নাক্ষত্রিক পরিবর্তনের মূলে রয়েছে একটি প্রচলিত প্রবাদ—“আমরাই সেরা, আমরাই পুরস্কৃত!” আর বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদটির উপযুক্ত চরিত্র হিসেবে চিহ্নিত হয়েছেন স্থানীয় বেশ কয়েকজন হাইব্রিড ও সুবিধাবাদী নেতাকর্মী।
অনুসন্ধানে জানা যায়, একসময়ে বর্তমান এমপি আজাদের চরম বিরোধিতায় লিপ্ত ছিলেন ছাত্রদল নেতা অলি উল্লাহ, সবুজ, ফারুক, যুবদল নেতা জহির, বিএনপি নেতা মজিবুর, ছাত্রদল নেতা জুবায়ের রহমান জিকু, ছাত্রদল নেতা রতন ও আবু হানিফসহ বেশ কয়েকজন। এমপি আজাদের মনোনয়ন ঠেকাতে তারা নানা কূটকৌশল তো বটেই, এমনকি গায়ে কাফনের কাপড় জড়িয়ে পর্যন্ত মিছিল ও রাজপথে উগ্র বক্তব্য দিয়েছিলেন। তাদের মূল লক্ষ্যই ছিল যেকোনো মূল্যে আজাদের রাজনৈতিক পথ চিরতরে রুদ্ধ করা।
কিন্তু সময়ের ব্যবধানে রাজনীতির দৃশ্যপট আজ সম্পূর্ণ বদলে গেছে। এককালের সেই কট্টর বিরোধীরাই আজ আজাদের বলয়ের সবচেয়ে বিশ্বস্ত পাত্রে পরিণত হয়েছেন। তাদের কেউ এখন পিএস (প্রাইভেট সেক্রেটারি), কেউ এপিএস, কেউবা আবার অঘোষিত ক্যাশিয়ার! বর্তমান এমপি সাহেব ও তাঁর পরিবার-পরিজন এখন তাদের কাছে ‘জান-প্রাণ’ তুল্য।
এদিকে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা প্রকৃত ও পরীক্ষিত আজাদপ্রেমীরা আজ কোণঠাসা ও অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে, একসময়ের ‘সুমনপ্রেমী’ ও সুমনের অনুসারী হিসেবে পরিচিত এই সুবিধাবাদী নেতারা রাতারাতি ভোল পাল্টে এখন ‘নব্য আজাদ ভক্ত’ বনে গেছেন। রাতারাতি তাদের ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার উপক্রম হয়েছে।
কেউ কেউ আসন্ন ইউনিয়ন পরিষদ বা স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জোরালো গুঞ্জন রয়েছে। তাদের দাবি, এমপি সাহেব নাকি তাদের সবুজ সংকেত দিয়েছেন।
এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে নতুন করে যুক্ত হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এই চক্রটি কেবল পদপদবীতেই ক্ষান্ত নয়। এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ম্যানেজিং কমিটির প্রধান বা শীর্ষ পদগুলো তারা দখল করে নিচ্ছে। এমপি পরিবারের সঙ্গে ঘনিষ্টতা বাড়াতে এবং নিজেদের আসন পাকাপোক্ত করতে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার খেলায় মেতেছে। এমনকি খোদ এমপি আজাদের গোপন খবরাখবর অন্য কোনো প্রভাবশালী মহলে পাচার করার মতো গুরুতর গুঞ্জনও বাতাসে ভাসছে। যেখানে ত্যাগী কর্মীরা অবহেলিত, সেখানে ঠিক কী কারণে সুমনপন্থীদের প্রতি এমপি আজাদ ও তাঁর পরিবারের এমন অন্ধ আস্থা ও অতিরিক্ত কদর—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র কৌতুহল ও ক্ষোভ বিরাজ করছে।
রাজনৈতিক সচেতন মহল ও নেটিজনদের মতে, দুঃসময়ে এই সুবিধাবাদীরা আদৌ পাশে থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সময় পাল্টালে তারা আবারও নিজেদের বোল পরিবর্তন করতে পারে। অনেকের ধারণা, সুমনের অদৃশ্য ইন্ধন বা বড় কোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এই চক্রটি আজাদের বলয়ে ঘাপটি মেরে বসে আছে।


আপনার মতামত লিখুন