সোনারগাঁয়ে জাল দলিল সৃজন ও নামজারির অভিযোগ, থানায় লিখিত আবেদন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মৌজায় পৈত্রিকসূত্রে প্রাপ্ত ৪৮ শতাংশ জমি নিয়ে জাল দলিল তৈরি, অবৈধভাবে মালিকানা হস্তান্তর এবং প্রভাবে নামজারি সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে নানাখী গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে রেহান-উদ্দিন গং (৪২) দাবি করেন, তিনি ও তাঁর সহোদর ভাইয়েরা নানাখী মৌজায় আর.এস. ১০৫ নম্বর দাগে ২৪ শতাংশ এবং আর.এস. ১০২ নম্বর দাগে ২৪ শতাংশসহ মোট ৪৮ শতাংশ জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।
রেহান-উদ্দিনের অভিযোগ, জাকির হোসেন, তাঁর স্ত্রী তামান্না আক্তার এবং দলিল লেখক শাহীনসহ একটি সংঘবদ্ধ চক্র পরস্পর যোগসাজশে জাল ও ভুয়া দলিল তৈরি করে জমিটি আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, ওই চক্রের মাধ্যমে জমিটি একজনের নামে বিক্রয় দলিল এবং পরবর্তীতে তাঁর স্ত্রীর নামে হেবা দলিল সম্পাদন করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁদের অজান্তেই সংশ্লিষ্ট ভূমি অফিসে জমিটির নামজারি করা হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার চাপ ও প্রভাব খাটিয়ে এই নামজারি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন রেহান-উদ্দিন। বিষয়টি প্রাথমিকভাবে না জানলেও পরবর্তীতে ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করে নামজারি সংক্রান্ত অনিয়ম ও প্রভাব বিস্তারের বিষয়টি তাঁদের নজরে আসে বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমির বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে রেহান-উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাল দলিলের সত্যতা যাচাই, নামজারি প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন ও কোনো রাজনৈতিক চাপ ছিল কি না তা খতিয়ে দেখা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিক জমি ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন