ক্রমেই দীর্ঘ হচ্ছে বস্ত্র হরণের রাজনীতি!
নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ কোন্দলের চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে দলটির শীর্ষ নেতারা নিজ দলের নেতাকর্মীদের দ্বারাই লাঞ্ছিত, অপদস্থ ও শারীরিক সহিংসতার শিকার হয়ে আসছেন। রাজপথে কিংবা প্রকাশ্য কর্মসূচিতে শীর্ষ নেতাদের জামাকাপড় ছিঁড়ে বিবস্ত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে শুরু হওয়া এই ‘বস্ত্র হরণের রাজনীতি’ বর্তমান সময়েও অব্যাহত রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে গভীর প্রশ্ন তুলেছে—এই অপরাজনীতির শেষ কোথায়? আর কেনইবা কর্মীরা তাদেরই শীর্ষ নেতাদের প্রতি এমন সহিংস ও অমানবিক আচরণ করছেন?
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারের জেরে একের পর এক শীর্ষ নেতা দলীয় নেতাকর্মীদের রোষানলে পড়েছেন। বিগত কয়েক বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্যে রয়েছে ২০২২ সালের ২৫ এপ্রিল ঢাকার পুরানা পল্টনে কস্তুরি রেস্টুরেন্টের সামনে ও দারুস সালাম টাওয়ারের কাছে তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব (বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক) অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় খোদ দলের বেশকজন নেতাকর্মীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে।
২০২৩ সালে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বিএনপির একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের হাতে নাজেহাল হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন। সে সময় তার শরীরের জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়।
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে বেদম পিটুনি দেয় দলেরই অপর অংশের নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন আহমেদ সৌরভের নেতৃত্বে তাকে কয়েক দফা মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে গিয়ে নেতাকর্মীরা তার জামাকাপড় ছিঁড়ে ফেলেন।
২০২৫ সালের ২৯ জুন বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে পিটিয়ে বিবস্ত্র করে দেয় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ও তার অনুসারীরা। মুকুলকে আওয়ামী লীগের শামীম ওসমান ও জাতীয় পার্টির সেলিম ওসমানের দোসর আখ্যা দিয়ে অন্তর্বাস ছাড়া শরীরের সব কাপড় ছিঁড়ে ফেলা হয়।
২০২৬ সালের ৪ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অকিল উদ্দীন ভূঁইয়া। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা তাকে বেদম পিটুনি দেয়।
সর্বশেষ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মানিক। তাকে যুবলীগ নেতা মতিউর রহমান মতির দোসর আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বিবস্ত্র করে অপদস্থ করা হয়।
নেতাকর্মীদের এই সহিংস আচরণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো কোনো ঘটনা শীর্ষ নেতাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। খোলা আকাশের নিচে প্রকাশ্য রাজপথে জামাকাপড় ছিঁড়ে ফেলার এসব ঘটনা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত। দলীয় কোন্দল, পদ-পদবি দখল এবং বিগত দিনে প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ বা ট্যাগিংয়ের রাজনীতির শিকার হয়ে দলেরই সিনিয়র নেতারা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিশ্লেষকদের মতে, দলের ভেতরে জবাবদিহিতা ও কঠোর সাংগঠনিক শৃঙ্খলা না থাকায় কর্মীরা আজ এ ধরনের বেপরোয়া ও অপরাধমূলক আচরণ করার সাহস পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে তা দীর্ঘমেয়াদে দলের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দলের হাইকমান্ড থেকে দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে নারায়ণগঞ্জের রাজনীতিতে এই অবক্ষয় আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন