“হাইজাদীতে ইতিহাস গড়লেন অলি”
আসন্ন ৯ নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশাল শোডাউন ও গণমিছিল করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি। আয়োজক ও স্থানীয় সমর্থকদের ভাষ্যমতে, শুক্রবারের এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে, যা পুরো ইউনিয়নে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, বিভিন্ন বাধা-বিপত্তি ও প্রতিপক্ষের নানামুখী তৎপরতা উপেক্ষা করে রেকর্ড সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মিছিলে যুবক ও প্রবীণদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, বিগত সময়ের রাজনৈতিক কর্মসূচিগুলোর তুলনায় এটি ছিল অন্যতম বৃহৎ জনসমাগম।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় সিংহদী প্রাইমারি স্কুল মাঠ থেকে মূল মিছিলটি শুরু হয়। ঢোল-বাজনা ও সাউন্ড সিস্টেমের তালে তালে নেচে-গেয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুপাশে থাকা নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ স্থানীয় বাসিন্দারা মিছিলটিকে স্বাগত জানান এবং বেশ কয়েকটি স্থানে মিছিল থামিয়ে মোঃ অলি উল্লাহ অলি ও অংশগ্রহণকারীদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
মিছিলটি সিংহদী বাজার, ইলমদী বাজার, তিলচন্দী বাজার এবং কাহিন্দী মাজার প্রদক্ষিণ করে টোটারবাগ শিমুলতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে মিছিলটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ অলি উল্লাহ অলির এই বিশাল শোডাউনকে স্থানীয় নির্বাচনী মাঠে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন এলাকাবাসী।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি বলেন, “সব ধরনের প্রতিকূলতা ও বাধা পেরিয়ে আজকের এই বিশাল জনসমাগমে যারা অংশ নিয়েছেন এবং ভালোবাসায় সিক্ত করেছেন, আমি হাইজাদী ইউনিয়নের সেই সম্মানিত সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত হাইজাদী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”


আপনার মতামত লিখুন