খুঁজুন

আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চরম ঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা।

​সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল কোনো ধরনের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

​

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান ও সেগুলোর সর্বশেষ নবায়নের অর্থবছর হলো-

  • ​আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১)
  • ​মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২)
  • ​হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩)
  • ​জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩)
  • ​এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪)
  • ​সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪)
  • ​ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪)
  • ​নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪)
  • ​পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪)
  • ​কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪)
  • ​প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫)
  • ​ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫)
  • ​পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)

​

অন্যদিকে, সিভিল সার্জন কার্যালয়ের তালিকার বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।

​জানা গেছে, গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

​

ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের পেছনে সাধারণ অংশগ্রহণকারী হিসেবে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তৃণমূলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে ও নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, উক্ত মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। ওই মিছিলে সাগরের পেছনের সারিতে সাধারণ মিছিলকারী হিসেবে অংশগ্রহণ করতে দেখা যায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে। একজন জ্যেষ্ঠ নেতার এমন অবস্থানে দলের তৃণমূল নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​এদিকে, স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অন্তত ১৭টি ফ্যাক্টরির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাকিবুর রহমান সাগর। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত আসামি ও বর্তমানে কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির নিয়ন্ত্রণে এসব ফ্যাক্টরির ঝুট ব্যবসা পরিচালিত হতো। স্থানীয় নেতাকর্মীদের দাবি, গত আড়াই বছরে এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন সাগর, এবং আর্থিক প্রভাবের কারণেই জ্যেষ্ঠ নেতারা এখন তার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান।

​

রাজনীতি মানেই ক্ষমতার লড়াই কিংবা বিতর্কিত কর্মকাণ্ড নয়—জনসেবা ও ত্যাগের এক অনন্য উদাহরণ তৈরি করে ফতেহপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন কারানির্যাতিত বিএনপি নেতা মো. মাসুদুর রহমান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও কারাবাসের মুখোমুখি হলেও আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি এই মাটি ও মানুষের নেতা।

ফতেহপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. মাসুদুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বহুবার কারাভোগ করলেও তিনি কখনো আপস করেননি। ৫ আগস্টের পর যখন অনেকেই ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও লুটপাটে লিপ্ত হয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, তখনো মাসুদুর রহমান সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডের বাইরে থেকে নিজ পকেটের অর্থ খরচ করে দলের রাজনীতি টিকিয়ে রেখেছেন। তাঁর বিরুদ্ধে বিগত দিনেও কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই।

সাধারণত অনেক নেতা জনসেবা কিংবা মসজিদ-মাদ্রাসায় বড় অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি দিলেও তা কেবল খাতার পাতায় বা বাকিতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মাসুদুর রহমানের চিত্র সম্পূর্ণ আলাদা। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। তাঁর জনহিতকর কাজে কোনো ‘বাকির খাতা’ নেই; বরং যেকোনো সংকটে তিনি সরাসরি নগদ সহায়তা নিয়ে হাজির হন অসহায় মানুষের দুয়ারে। এলাকার কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সাধ্যমতো পাশে দাঁড়ান। বিশেষ করে অসচ্ছল পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধ থেকে দূরে রাখতে দীর্ঘদিন ধরে নিজ ইউনিয়নের কোমলমতি ও তরুণ ছেলেদের মাঝে নিয়মিত খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন এই নেতা। বাবা-মায়ের আদর্শে নিজে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার সুবাদে তিনি আগামী প্রজন্মকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে চান। ফতেহপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে রূপ দেওয়া এবং সবুজ সমারোহে সাজানোই তাঁর মূল স্বপ্ন।

ফতেহপুর ইউনিয়নে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের অন্ধ ভক্ত ও অনুসারীদের মধ্যে শুরুতেই যার নাম আসে, তিনি হলেন মো. মাসুদুর রহমান। দলের চরম দুর্দিনেও তিনি ফতেহপুর ইউনিয়ন থেকে এমপির ধানের শীষের ঝান্ডা শক্ত হাতে ধরে রেখেছিলেন। বর্তমানে এমপির অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর সাথে রয়েছে একটি বিশাল ও বলিষ্ঠ কর্মী বাহিনী; যারা কোনো দলছুট বা নব্য বিএনপি নয়, বরং পরীক্ষিত ও সাচ্চা আজাদপ্রেমী। এমপি মহোদয়ের সান্নিধ্য ও দিকনির্দেশনায় তিনি সম্প্রতি এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন।

সাদা মাটা জীবনযাপন, সদালাপী স্বভাব এবং মেহনতী, দিনমজুর ও কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সর্বস্তরের মানুষের মাঝে তাঁর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ফতেহপুর ইউনিয়নে তাকে প্রার্থী করা হলে বিএনপি একটি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই মানবতাবাদী নেতা এখন জনসমর্থন নিয়ে ফতেহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল হিসেবে গড়ে তুলতে দ্বারে দ্বারে ঘুরছেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

কাঠের চশমায় শীর্ষ নেতৃত্ব, অভুক্ত ত্যাগীরা।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
কাঠের চশমায় শীর্ষ নেতৃত্ব, অভুক্ত ত্যাগীরা।

 

​রাজনীতি বা সামাজিক অঙ্গনে ‘নেতৃত্ব’ ও ‘ত্যাগ’—এই দুটি শব্দ একে অপরের পরিপূরক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দুই পদের সংজ্ঞায় ও বাস্তবতায় তৈরি হয়েছে এক গভীর ব্যবধান। সম্প্রতি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এমন এক দৃশ্যপট সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। একদিকে সুউচ্চ ইমারত আর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সুদৃশ্য কাঠের চশমা পরিহিত শীর্ষ নেতৃত্ববৃন্দের বিলাসবহুল জীবনযাত্রা, অন্যদিকে পেটে ভাত নেই অথচ দলের বা সংগঠনের দুর্দিনে যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, সেই অভুক্ত ত্যাগী নেতাকর্মীদের করুন ও অবহেলিত অবস্থান—এই বৈপরীত্য আজ চরম আকার ধারণ করেছে।

এই সার্বজনীন বৈপরীত্যের সবচেয়ে স্পষ্ট ও বাস্তব রূপ ফুটে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাজনৈতিক অঙ্গনে। বিগত দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন, মামলা-হামলা, পুলিশি নির্যাতন এবং জেল-জুলুমের শিকার হয়ে যারা মাঠ কামড়ে পড়েছিলেন, সেই পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতারা আজ কোণঠাসা। তাদের অনেকের গায়েই জড়িয়ে আছে বিগত দিনের রাজনৈতিক মামলার ক্ষত, অথচ দলের সুসময়ে বা ক্ষমতার পালাবদলের হাওয়া লেগে আড়াইহাজারের রাজনীতিতে একশ্রেণির ‘হাইব্রিড’ ও ‘নব্য’ নেতার উত্থান ঘটেছে।

মাঠের রাজনীতিতে একসময় যারা ছায়ায় ছিলেন বা প্রতিকূল সময়ে দলের খোঁজ নেননি, সেই সুবিধাবাদীরাই আজ কাঠমাখা চশমার আড়ালে শীর্ষ নেতৃত্বের কাছাকাছি ভিড়ে নিয়ন্ত্রণ নিচ্ছেন সবকিছু। বিগত দিনে যারা রাজপথে রক্ত দিয়েছেন কিংবা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন, সেই অভুক্ত ত্যাগীরা আজ পেছনের সারিতে। পকেট ভারী করা নব্য ও হাইব্রিড নেতারা নানা উপায়ে নিজেদের আখের গুছিয়ে নিলেও, ত্যাগী নেতাকর্মীদের ভাগ্যে জুটেছে শুধু বঞ্চনা আর অবহেলা।

সাম্প্রতিক সময়ে আড়াইহাজারের স্থানীয় রাজনীতিতে এই বঞ্চনা ও একচেটিয়া আধিপত্যের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে যখন একাধিক পরীক্ষিত ও ত্যাগী নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে নিজেদের ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও স্ট্যাটাসগুলোতে উঠে এসেছে এক করুণ বাস্তব চিত্র—যেখানে দাবি করা হচ্ছে, বিগত দিনে রক্ত ও শ্রম দিয়ে গড়া সংগঠন এবং এর প্রতিটি সেক্টর আজ গুটি কয়েক সুবিধাবাদী নেতার ব্যক্তিগত সিন্ডিকেট ও জিম্মি দশার শিকার।

ফেসবুকে ক্ষোভ প্রকাশকারী ত্যাগী নেতারা অভিযোগ করেছেন, যারা দুর্দিনে রাজপথে ছিলেন না, ক্ষমতার পট পরিবর্তনের পর তারাই বনে গেছেন সর্বেসর্বা। স্থানীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম—সবক্ষেত্রেই একটি বিশেষ গোষ্ঠী নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রকৃত ত্যাগীদের দূরে সরিয়ে রাখছে। এই ভার্চুয়াল ক্ষোভ ও প্রতিবাদের ঝড় প্রমাণ করে যে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনে চাপা ক্ষোভ ও অসন্তোষ এখন আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নেই, বরং তা প্রকাশ্য রূপ লাভ করেছে।

বিশ্লেষকদের মতে, সংগঠনের মূল ভিত হলো তৃণমূলের সেইসব কর্মী, যারা নিজেদের পেটের ক্ষুধা নিবাররণের কথা না ভেবে দিনের পর দিন শ্রম দিয়ে যান। অথচ ক্ষমতার বলয়ে পৌঁছানোর পর শীর্ষ নেতৃত্ব অনেক সময়ই ভুলে যান তাদের ত্যাগের ইতিহাস। কাঠের তৈরি প্রিমিয়াম ও শৌখিন চশমার আড়ালে তাদের দৃষ্টি আজ হয়তো সাধারণ মানুষের না পাওয়ার হাহাকার থেকে দূরে সরে গেছে।আড়াইহাজারেও এর ব্যতিক্রম ঘটছে না; ত্যাগী নেতাকর্মীদের ত্যাগ ও রক্তকে পাশ কাটিয়ে নব্যদের দৌরাত্ম্য স্থানীয় রাজনীতিতে এক ধরণের দূরত্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্ম দিচ্ছে।

সংগঠনের এমন একটি সংকটময় মুহূর্তে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি ফোটাতে এবং প্রকৃত নেতৃত্বকে পুনরায় জনমুখী করতে সুশীল সমাজ ও সচেতন মহল থেকে জোরালো দাবি উঠেছে। তাদের মতে, শীর্ষ নেতৃত্বকে শুধু বিলাসবহুল প্রতীক বা আনুষ্ঠানিকতার বলয় থেকে বেরিয়ে এসে মাঠের সেই অভুক্ত ত্যাগী কর্মীদের খোঁজ নিতে হবে, যাদের ঘামে অর্জিত হয়েছে আজকের এই অবস্থান। অন্যথায় দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আস্থার সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আড়াইহাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে সত্যিকারের ত্যাগীদের মূল্যায়ন না করলে দীর্ঘমেয়াদে সংগঠনের ভিত্তিমূল নড়বড়ে হয়ে পড়ার শঙ্কা থেকেই যায়।

 

আড়াইহাজারে লাইসেন্স ছাড়াই চলছে ১৪টি হাসপাতাল ও ক্লিনিক। ঝুটের টাকায় সাগরের কর্মী রবি, তৃণমূলে নিন্দার ঝড়! ফতেহপুর ইউনিয়নে জনসেবা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. মাসুদুর রহমান। কাঠের চশমায় শীর্ষ নেতৃত্ব, অভুক্ত ত্যাগীরা। "ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থায় অলি"!