খুঁজুন

ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাড়ে ৮ ফুট উঁচু একটি নগ্ন সোনালি ভাস্কর্য। ডেনিশ শিল্পী জেন্স গ্যালশিয়টের তৈরি এই ভাস্কর্যের নাম ‘অরেঞ্জ প্লেগ’। এটি ‘কিং অব ইনজাস্টিস’ নামেও পরিচিত।

ভাস্কর্যে বিবস্ত্র ট্রাম্পকে এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লম্বা একটি গলফ ক্লাব ধরে থাকতে দেখা যায়। ক্লাবটির পাশে রয়েছে পৃথিবীর আদলে তৈরি একটি গলফ বল। ট্রাম্প আবার তুলনামূলক খাটো পোশাক পরা এক ব্যক্তির কাঁধে বসে আছেন। লোকটি কোনোভাবে তাকে বহন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্ত করা ব্যস্ততম মোড়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

ভাস্কর্যের বেদিতে লেখা রয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে চেপে বসে আছি। আমার ভারে সে তলিয়ে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি যেকোনো কিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’

শিল্পী জেন্স গ্যালশিয়টের ভাষ্য, নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার পথে ট্রাম্প বড় হুমকিগুলোর একজন। এই ‘ধ্বংসাত্মক প্রভাবের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো ভাস্কর্যটির অনুপ্রেরণা হিসেবে গ্যালশিয়ট উল্লেখ করেছেন বিখ্যাত রূপকথা ‘দ্য এম্পেররস নিউ ক্লোদস’-কে। গল্পটিতে অহংকারী এক রাজা দামি পোশাক পরার ভ্রান্ত অহমিকায় নগ্ন অবস্থায় রাজপথে হাঁটেন। ভয় ও চাটুকারিতার কারণে কেউ তাকে সত্যটি বলতে সাহস পায় না। শেষ পর্যন্ত এক শিশু রাজাকে নগ্ন বলে সত্যটি প্রকাশ করে।

ইউরোপীয় পার্লামেন্টের ভেতরে ভাস্কর্যটি প্রদর্শনের জন্য শিল্পীকে আমন্ত্রণ জানান ডেনমার্কের বামপন্থি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পার ক্লাউসেন।

ট্রাম্পের ক্ষোভ বা প্রতিক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন জানিয়ে ক্লাউসেন বলেন, কারও ‘চামড়া’ যদি এতটাই পাতলা হয় যে ইউরোপীয় পার্লামেন্টে এমন একটি ভাস্কর্য প্রদর্শন সহ্য করতে না পারেন, তাহলে বিশ্বমঞ্চে তার জায়গা নেই।

এর আগে গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩০-এ প্রদর্শিত হয়েছিল ভাস্কর্যটি। চলতি বছর জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সেও এটি দর্শকদের নজর কাড়ে।

প্রতিবাদের প্রতীক হিসেবে দর্শনার্থীদের বিনামূল্যে ভাস্কর্যটির ছোট সংস্করণ বা মিনিয়েচার দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়িতে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে এটি তৈরির জন্য প্রয়োজনীয় ফাইলও অনলাইনে প্রকাশ করেছেন গ্যালশিয়ট।

তবে ট্রাম্পকে নিয়ে তৈরি সোনালি ভাস্কর্য এটাই প্রথম নয়। গত এপ্রিলে মিয়ামিতে তার নিজের গলফ কোর্সে ‘ডন কলোসাস’ নামে ১৫ ফুট উঁচু আরেকটি সোনালি ভাস্কর্য উন্মোচন করা হয়। সেখানে পোশাক পরা ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে মিয়ামিতে নিজের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতেও দুটি বিশাল সোনালি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা করছেন ট্রাম্প। এর একটি পরিকল্পনার এআই-নির্মিত ভিডিও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের এই ভাস্কর্য প্রদর্শন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

সূত্র: সিএনএন

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।