খুঁজুন
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩

বগুড়া হচ্ছে সিটি করপোরেশন, দেশে নতুন পাঁচ উপজেলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
বগুড়া হচ্ছে সিটি করপোরেশন, দেশে নতুন পাঁচ উপজেলা

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

 

নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

বন্দরে চাঁদা না পেয়ে ‘বিএনপি পরিচয়ে ডকইয়ার্ডে লুটপাট’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
বন্দরে চাঁদা না পেয়ে ‘বিএনপি পরিচয়ে ডকইয়ার্ডে লুটপাট’

নারায়ণগঞ্জের বন্দরের একটি ডকইয়ার্ডে চাঁদা না পেয়ে লোহা লুটপাটের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক মহিউদ্দিন সাউদ। তিনি এ ঘটনায় বন্দর থানা, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব বরাবরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

 

অভিযোগে ডকইয়ার্ড মালিক স্থানীয় মৃত শামছুল এর পুত্র সৈকত (৪০) কে প্রধান করে, সজিব, হুমায়ুন, রাসেল, রাব্বি, আফজাল ও বিপ্লবসহ সাতজনকে অভিযুক্ত করেছেন।

 

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি করেন, দীর্ঘদিন ধরে এরা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, ইভটিজিং, স্কুল কলেজের ছাত্রীদের রাস্তায় উত্যক্ত ও অসালীন আচরণ করা সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছে।

 

গত সোমবার (৪ মে) চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পরে তিনি জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগ দেন।

 

“অভিযোগকারী মহিউদ্দিন দাবি করেন ওরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে হইব। কিন্তু আমি এতে রাজি না হওয়ায় ওরা আমারে বিভিন্ন ভাবে গালিগালাজ ও হুমকি প্রদান করসে। পরবর্তীতে আমার ডকইয়ার্ড থেকে শত শত মানুষের সামনে প্রায় ৭০ হাজার টাকার লোহা নিয়া চলে গেছে। ওরা সবাই যুবদল করে। আমি এখন আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি।”

 

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমি তদন্তকারী কর্মকর্তাকে পাঠিয়েছি সেখানে। রিপোর্ট পেয়ে দ্রুত ব্যবস্থা নেবো। অভিযোগকারীর সাথে যদি ঘটনা মিলে যায় তাহলে অপরাধী যে দলেরই হোক আমি ব্যবস্থা নেবো। আইন সবার জন্যই সমান।”

বিএনপিতে ‘অল-আউট রিসেট’: ডিসেম্বরে জাতীয় কাউন্সিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
বিএনপিতে ‘অল-আউট রিসেট’: ডিসেম্বরে জাতীয় কাউন্সিল

দীর্ঘ এক দশকের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রতিকূলতায় গত ১০ বছর তা সম্ভব হয়নি। তবে দীর্ঘ দেড় দশক পর রাজনৈতিক পটপরিবর্তনে সরকার গঠনের প্রেক্ষাপটে, আগামী ডিসেম্বরে বড় ধামাকার প্রস্তুতি নিচ্ছে দলটি।

 

দলীয় বিভিন্ন সূত্রমতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ‘অল-আউট রিসেট’ পরিকল্পনার আওতায় ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো নেতৃত্বে প্রজন্মগত পরিবর্তন আনা। দীর্ঘদিনের নিষ্ক্রিয় নেতাদের সরিয়ে সেখানে রাজপথের লড়াকু, তরুণ এবং মাঠমুখী নেতাদের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসার আভাস পাওয়া গেছে।

 

অভিজ্ঞ প্রবীণ নেতাদের অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে তাদের উপদেষ্টা হিসেবে রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে অভিজ্ঞতার প্রজ্ঞা ও তরুণের কর্মস্পৃহার মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে।

 

মূল দলের কাউন্সিলের আগেই ধাপে ধাপে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠন করা হবে।

 

আন্দোলন-সংগ্রামে যারা সরাসরি মাঠে ছিলেন, তৃণমূলের সেই ত্যাগী নেতাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

 

কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় ইউনিটগুলোর সমন্বয়হীনতা দূর করে সাংগঠনিক চেইন অফ কমান্ড শক্তিশালী করা হবে।

 

গত এক দশকে রাজনৈতিক দমন-পীড়ন এবং ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এক ধরনের নেতৃত্বের শূন্যতা ও সাংগঠনিক শিথিলতা তৈরি হয়েছিল। বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় দলীয় কার্যক্রমে গতি আনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী ও আধুনিক নেতৃত্ব কাঠামো তৈরি করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে বিএনপি।

 

দলটির নীতিনির্ধারকদের মতে, আগামী ডিসেম্বরের জাতীয় কাউন্সিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হবে বিএনপির সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।

বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

 

 

 

​বন্দর ২২ নং ওয়ার্ডে অবস্থিত বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু-র পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

৫ মে, সোমবার পরীক্ষা কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু বলেন, ​“বর্তমান তাপদাহে দীর্ঘ সময় পরীক্ষা দিয়ে এবং অভিভাবকরা বাইরে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়তে পারেন; তাই সাধ্যমতো এই আয়োজন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে করা একটি ছোট্ট প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।

 

বন্দরে চাঁদা না পেয়ে ‘বিএনপি পরিচয়ে ডকইয়ার্ডে লুটপাট’ বিএনপিতে ‘অল-আউট রিসেট’: ডিসেম্বরে জাতীয় কাউন্সিল বগুড়া হচ্ছে সিটি করপোরেশন, দেশে নতুন পাঁচ উপজেলা বন্দরে অ্যাডভোকেট শিপলুর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ সভাপতি চাঁন মিয়া, সম্পাদক হাজী মোঃ কবির