নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার জেরে সাংগঠনিক শাস্তির মুখে পড়তে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী নেতা মনিরুল ইসলাম রবি। দলের শৃঙ্খলা ভঙ্গ, এলাকায় প্রভাব বিস্তার এবং চলমান অস্থিরতায় তার পুত্রের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠায় দলীয় হাইকমান্ড থেকে তাকে বহিষ্কারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলদারিত্বকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এসব কর্মকাণ্ডে মনিরুল ইসলাম রবির নাম উঠে আসার পাশাপাশি তার পুত্রের প্রত্যক্ষ ইন্ধন ও নেতৃত্বের বিষয়টি সামনে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় ভাবমূর্তি রক্ষা করাটাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ। তৃণমূলের কিছু নেতার ব্যক্তিগত ও পারিবারিক অপকর্মের দায় দল নিতে নারাজ। সিদ্ধিরগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মাঝে দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা কেন্দ্রীয় নেতাদের ভাবিয়ে তুলেছে।
অভিযোগ রয়েছে, মনিরুল ইসলাম রবি তার রাজনৈতিক পরিচয় ও অবস্থানকে কাজে লাগিয়ে পুত্রকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। সাম্প্রতিক সংঘাত ও বিশৃঙ্খলার ঘটনায় তার পুত্রের উপস্থিতি এবং অনুসারীদের তাণ্ডবের বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে দলের ভেতরেই রবির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।
দলীয় সূত্র বলছে, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্র থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলোর বিস্তারিত তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রতিবেদনে মনিরুল ইসলাম রবির প্রশ্রয়ে তার পুত্রের বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে, যেকোনো মুহূর্তে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অনুমোদনহীনতা ও চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ডেন্টাল ক্লিনিক ও ডেন্টাল ইউনিটগুলোর বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা অনুযায়ী এই উপজেলায় ২৭টি ডেন্টাল ক্লিনিক ও ডেন্টাল ইউনিট রয়েছে, যার অধিকাংশেই নিয়মিত বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী চিকিৎসক থাকেন না। অনেক ক্ষেত্রে চিকিৎসকের অনুপস্থিতিতেই চলছে রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ (২৫ নভেম্বরের) তালিকা অনুযায়ী, ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টিতে সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক রোগী দেখেন। ফলে সপ্তাহের বাকি দিনগুলোতে কারা এবং কোন যোগ্যতায় রোগীদের চিকিৎসা দিচ্ছেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানুয়ারি ২০২৬ সালের তালিকায় যেখানে সপ্তাহে এক-দুই দিন চিকিৎসক বসেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬টি, সর্বশেষ তালিকায় তা বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে। এছাড়া তালিকার ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০টির বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধন নম্বর উল্লেখ রয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন বা অনাপত্তিপত্র (এনওসি) নেই বলে তথ্য পাওয়া গেছে।
আড়াইহাজার সদর বাজারের ‘ঢাকা ডেন্টাল ক্লিনিক’-এ সরেজমিনে গিয়ে দেখা যায়, বিডিএস চিকিৎসক ছাড়াই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ক্লিনিকের মালিক আনিসুর রহমান চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যবহার করে ওষুধ লিখে দিচ্ছেন এবং চিকিৎসকের নামে রোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে ভিজিট নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় তারা এভাবেই কার্যক্রম পরিচালনা করছেন।
একই চিত্র দেখা গেছে সদর বাজারের ‘মিতালী ডেন্টাল কেয়ার’-এ। সেখানে বিডিএস চিকিৎসকের অনুপস্থিতিতেই চিকিৎসা চলতে দেখা যায়। প্রতিষ্ঠানটির মালিক লুৎফুর রহমান রোগীদের কাছ থেকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিজিট নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ের তালিকা সংরক্ষণ করে তা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিভিল সার্জন কার্যালয় সিদ্ধান্ত নেবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন এসএম সাখাওয়াত হোসেন বলেন, ডেন্টাল ক্লিনিক চালাতে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। তবে ব্যক্তিগত চেম্বার হলে অনুমোদনের প্রয়োজন নেই। ক্লিনিক হয়ে থাকলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আড়াইহাজার উপজেলা ডেন্টাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের কমিটির আহ্বায়ক ও মডার্ন ডেন্টাল কেয়ার ক্লিনিকের মালিক হাকিম আব্দুল জলিল জানান, তারা স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন এবং অধিদপ্তরের নির্দেশনা না আসা পর্যন্ত তাদের কার্যক্রম সচল থাকবে। নির্দেশনা এলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত কার্যক্রম, চিকিৎসকদের পেশাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অনুমোদন সরেজমিনে যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে দাঁতের চিকিৎসার নামে সাধারণ রোগীরা প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির শিকার না হন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের কথিত বেপরোয়া উত্থান ও নানা কর্মকাণ্ড নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্র সংরক্ষণ, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ বালু উত্তোলনের মতো একাধিক গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত এই নেতার বিরুদ্ধে এবার বিপুল পরিমাণ অর্থের প্রভাবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে পদ বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আসন্ন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক পদ নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন মোবারক হোসেন। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অবৈধ অর্থের মাধ্যমে প্রভাব বিস্তার করে কমিটিতে নিজের অবস্থান পাকাপোক্ত করার তৎপরতা চালাচ্ছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এলাকায় আধিপত্য বিস্তার করলেও বর্তমানে বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন বলয় তৈরির চেষ্টা করছেন মোবারক হোসেন। স্থানীয়দের অভিযোগ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের বিশ্বস্ত ডানহাত হিসেবে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পলাতক সাবেক এমপি নজরুল ইসলাম বাবু’র বেশ কয়েকটি ছবির সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে। যা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন স্থানীয় রাজনৈতিক মহলে তিনি।
স্থানীয়দের দাবি, আড়াইহাজারজুড়ে টেন্ডার নিয়ন্ত্রণ, নৌপথে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও অস্ত্র বাণিজ্যের পাশাপাশি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ এখনো মোবারক হোসেনের সিন্ডিকেটের হাতেই রয়েছে। এছাড়া আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগ সভাপতির পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে তিনি রাজনৈতিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবারক হোসেনের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে মামলা না হয়ে কৌশলগতভাবে তার বাবাকে এজাহারভুক্ত আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে তিনি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের অনুসারী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু আওয়ামীলীগ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা একজন বিতর্কিত ব্যক্তিকে শেষ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান প্রার্থী করছেন কিনা এখন দেখার বিষয়।
আসন্ন ৯ নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশাল শোডাউন ও গণমিছিল করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি। আয়োজক ও স্থানীয় সমর্থকদের ভাষ্যমতে, শুক্রবারের এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে, যা পুরো ইউনিয়নে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, বিভিন্ন বাধা-বিপত্তি ও প্রতিপক্ষের নানামুখী তৎপরতা উপেক্ষা করে রেকর্ড সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মিছিলে যুবক ও প্রবীণদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, বিগত সময়ের রাজনৈতিক কর্মসূচিগুলোর তুলনায় এটি ছিল অন্যতম বৃহৎ জনসমাগম।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় সিংহদী প্রাইমারি স্কুল মাঠ থেকে মূল মিছিলটি শুরু হয়। ঢোল-বাজনা ও সাউন্ড সিস্টেমের তালে তালে নেচে-গেয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুপাশে থাকা নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ স্থানীয় বাসিন্দারা মিছিলটিকে স্বাগত জানান এবং বেশ কয়েকটি স্থানে মিছিল থামিয়ে মোঃ অলি উল্লাহ অলি ও অংশগ্রহণকারীদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
মিছিলটি সিংহদী বাজার, ইলমদী বাজার, তিলচন্দী বাজার এবং কাহিন্দী মাজার প্রদক্ষিণ করে টোটারবাগ শিমুলতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে মিছিলটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ অলি উল্লাহ অলির এই বিশাল শোডাউনকে স্থানীয় নির্বাচনী মাঠে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন এলাকাবাসী।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি বলেন, “সব ধরনের প্রতিকূলতা ও বাধা পেরিয়ে আজকের এই বিশাল জনসমাগমে যারা অংশ নিয়েছেন এবং ভালোবাসায় সিক্ত করেছেন, আমি হাইজাদী ইউনিয়নের সেই সম্মানিত সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত হাইজাদী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
আপনার মতামত লিখুন