রবি’র বহিষ্কার এর গুঞ্জুন।

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১২:৪৯ অপরাহ্ণ

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার জেরে সাংগঠনিক শাস্তির মুখে পড়তে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী নেতা মনিরুল ইসলাম রবি। দলের শৃঙ্খলা ভঙ্গ, এলাকায় প্রভাব বিস্তার এবং চলমান অস্থিরতায় তার পুত্রের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠায় দলীয় হাইকমান্ড থেকে তাকে বহিষ্কারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলদারিত্বকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এসব কর্মকাণ্ডে মনিরুল ইসলাম রবির নাম উঠে আসার পাশাপাশি তার পুত্রের প্রত্যক্ষ ইন্ধন ও নেতৃত্বের বিষয়টি সামনে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় ভাবমূর্তি রক্ষা করাটাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ। তৃণমূলের কিছু নেতার ব্যক্তিগত ও পারিবারিক অপকর্মের দায় দল নিতে নারাজ। সিদ্ধিরগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মাঝে দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা কেন্দ্রীয় নেতাদের ভাবিয়ে তুলেছে।

অভিযোগ রয়েছে, মনিরুল ইসলাম রবি তার রাজনৈতিক পরিচয় ও অবস্থানকে কাজে লাগিয়ে পুত্রকে এলাকায় বেপরোয়া হয়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। সাম্প্রতিক সংঘাত ও বিশৃঙ্খলার ঘটনায় তার পুত্রের উপস্থিতি এবং অনুসারীদের তাণ্ডবের বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে দলের ভেতরেই রবির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

দলীয় সূত্র বলছে, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্র থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সিদ্ধিরগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলোর বিস্তারিত তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রতিবেদনে মনিরুল ইসলাম রবির প্রশ্রয়ে তার পুত্রের বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে, যেকোনো মুহূর্তে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারের ঘোষণা আসতে পারে।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন