খুঁজুন

গণশত্রু বানানোর চেষ্টা – আশার ক্ষোভ

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
গণশত্রু বানানোর চেষ্টা – আশার ক্ষোভ

 

শীতলক্ষ্যা সেতু নির্মাণ বন্ধ করে দেওয়া হচ্ছে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি কুচক্রী মহল অপসাংবাদিকতার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর একরামপুর এলাকায় আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতলক্ষ্যা সেতু প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে আবুল কাউছার আশা বলেন, “কিছুদিন যাবৎ মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে শীতলক্ষ্যা সেতু এমপি সাহেব বন্ধ করে দিচ্ছেন। এখানে একটি মাজার থাকার কথা বলা হয়েছে। কেউ মাজার মানে, কেউ মানে না—এটা যার যার আকিদার ব্যাপার। তবে কারও কবরের ওপর যেন সেতুর পিলার না পড়ে, এটুকুই কেবল বলার রয়েছে। এখানে কোনো স্থাপনা নিয়ে কারও কোনো কথা হয়নি। অথচ বিষয়টি নিয়ে একটি মহল মিডিয়ায় এমনভাবে প্রচার করাচ্ছে যেন একজনকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে।”

সেতু নির্মাণের বিষয়ে সংসদ সদস্যের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “এই ব্রিজ হলে বা না হলে এমপি সাহেবের ব্যক্তিগত লাভটা কী? বরং এই শাসনামলে ব্রিজটি নির্মিত হলে এমপি সাহেবই তো এর ফিতা কাটবেন, অন্য কেউ তো কাটবে না। সেতু নির্মাণে তাঁর কোনো লোকসান নেই, এমনকি তাঁর এক শতাংশ জায়গাও নষ্ট হচ্ছে না।”

অনুষ্ঠানে আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

“হাইজাদীতে ইতিহাস গড়লেন অলি” 

আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ
“হাইজাদীতে ইতিহাস গড়লেন অলি” 

আসন্ন ৯ নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশাল শোডাউন ও গণমিছিল করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি। আয়োজক ও স্থানীয় সমর্থকদের ভাষ্যমতে, শুক্রবারের এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে, যা পুরো ইউনিয়নে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

​গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, বিভিন্ন বাধা-বিপত্তি ও প্রতিপক্ষের নানামুখী তৎপরতা উপেক্ষা করে রেকর্ড সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মিছিলে যুবক ও প্রবীণদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, বিগত সময়ের রাজনৈতিক কর্মসূচিগুলোর তুলনায় এটি ছিল অন্যতম বৃহৎ জনসমাগম।

​পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় সিংহদী প্রাইমারি স্কুল মাঠ থেকে মূল মিছিলটি শুরু হয়। ঢোল-বাজনা ও সাউন্ড সিস্টেমের তালে তালে নেচে-গেয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুপাশে থাকা নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ স্থানীয় বাসিন্দারা মিছিলটিকে স্বাগত জানান এবং বেশ কয়েকটি স্থানে মিছিল থামিয়ে মোঃ অলি উল্লাহ অলি ও অংশগ্রহণকারীদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

​মিছিলটি সিংহদী বাজার, ইলমদী বাজার, তিলচন্দী বাজার এবং কাহিন্দী মাজার প্রদক্ষিণ করে টোটারবাগ শিমুলতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে মিছিলটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ অলি উল্লাহ অলির এই বিশাল শোডাউনকে স্থানীয় নির্বাচনী মাঠে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন এলাকাবাসী।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ অলি উল্লাহ অলি বলেন, “সব ধরনের প্রতিকূলতা ও বাধা পেরিয়ে আজকের এই বিশাল জনসমাগমে যারা অংশ নিয়েছেন এবং ভালোবাসায় সিক্ত করেছেন, আমি হাইজাদী ইউনিয়নের সেই সম্মানিত সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত হাইজাদী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম

​

নারায়ণগঞ্জ শহরের সাথে বন্দরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেখে বন্দরকে উন্নয়নবঞ্চিত ও অন্ধকারে রাখতে একটি অসাধু চক্র কাজ করছে বলে দাবি করেছে ‘বন্দর উন্নয়ন ফোরাম’। একইসঙ্গে একটি মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বপ্নের কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার যে চক্রান্ত চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

​বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরামের নেতৃবৃন্দ এই দাবি ও প্রতিবাদ জানান। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী সাঈদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাফেজ কবির হোসেন, সদস্য সচিব আব্দুল লতিফ রানা এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু এক যৌথ বিবৃতি প্রদান করেন।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কদম রসুল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি যুগ যুগ ধরে চলে এলেও একটি অসাধু চক্রের হীনস্বার্থে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ উদ্যোগে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই ওই চক্রটি প্রকাশ্যে ও গোপনে সেতু নির্মাণের বিরোধিতা করে আসছে। বর্তমানে মাজারকে উসিলা করে কাজ বন্ধের যে অপচেষ্টা চলছে, তা সেই পুরোনো ষড়যন্ত্রেরই অংশ।”

​চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, “বন্দরকে অন্ধকারে রেখে কোনো ধরনের অপরাজনীতি সদর ও বন্দরবাসী মেনে নেবে না। মাজারকে ব্যবহার করে সেতুর কাজ বন্ধ করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে এবং চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সেতুর নির্মাণ কাজ সচল রাখতে মাজার স্থানান্তরসহ সব ধরনের অপকৌশল রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় লক্ষ লক্ষ জনতা রাজপথে নামতে বাধ্য হবে।”

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দর খেয়াঘাট দিয়ে প্রতিদিন পারাপার হওয়া লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি কমাতে এই সেতুটি অপরিহার্য। তাই দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই উন্নয়ন কাজ যেন কোনোভাবেই থেমে না যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের একটি সুষ্ঠু ও কার্যকর সমাধানের মাধ্যমে লাখো জনতার পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম।

MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম।

​

​সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) ডিগ্রী অর্জন করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদা খাতুন-এর কন্যা আনিকা তাসনিম। সম্প্রতি প্রকাশিত এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও নারায়ণগঞ্জ আইনজীবী অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

​জানা যায়, আনিকা তাসনিম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। একাগ্রতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক (MBBS) সম্পন্ন করে নিজেকে একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করলেন।

​মেয়ের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও অ্যাডভোকেট মাসুদা খাতুন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তাঁরা জানান, আনিকা যেন একজন আদর্শ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ, নারায়ণগঞ্জবাসী এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

​এদিকে, আনিকা তাসনিমের এই সাফল্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহকর্মীবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি চিকিৎসা সেবায় আরও বড় অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

"হাইজাদীতে ইতিহাস গড়লেন অলি"  গণশত্রু বানানোর চেষ্টা – আশার ক্ষোভ বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম। কোনো উছিলায়ই সেতুর নির্মাণকাজ বন্ধ করা যাবে না