খুঁজুন

কবে ফিরছেন তৈমূর?

বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
কবে ফিরছেন তৈমূর?

​নারায়ণগঞ্জের রাজনীতির মাঠ মানেই একসময় ছিল অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সরব উপস্থিতি। রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে ‘জনতার তৈমূর’ হিসেবে পরিচিত এই প্রবীণ রাজনীতিবিদ এখন অনেকটাই আড়ালে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বহিষ্কৃত ও অভিমানী নেতাদের মূল ধারার রাজনীতিতে (বিএনপিতে) ফেরার গুঞ্জন জোরালো হওয়ার সাথে সাথে স্থানীয় রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কবে ফিরছেন তৈমূর।

তৈমূর আলম খন্দকারের রাজনৈতিক জীবন যেমন দীর্ঘ, তেমনি ঘটনাবহুল ও নাটকীয়তায় ভরা। দীর্ঘ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তৈমূর আলম। ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে দলীয় হাইকমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি, যা নারায়ণগঞ্জের রাজনীতিতে আজও এক আলোচিত অধ্যায়। সে সময় দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি ত্যাগের নজির স্থাপন করেছিলেন।

দীর্ঘ এক দশক পর ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (হাতি প্রতীক) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর জেরে প্রথমে চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারান এবং পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। পদ হারিয়ে সেদিন তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, “আমি রিকশাওয়ালাগো তৈমূর ছিলাম রিকশাওয়ালাগো তৈমূর হয়ে গেলাম।

২০২৩ সালের সেপ্টেম্বরে শমসের মবিন চৌধুরীর সাথে মিলে ‘তৃণমূল বিএনপি’তে যোগ দেন এবং দলটির মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। এই সিদ্ধান্তের কারণে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়লে তৈমূর আলম খন্দকার সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন এবং বিদেশেও অবস্থান করেন। তবে সম্প্রতি নারায়ণগঞ্জের রাজনীতিতে পুরনো ও বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৈমূর আলম খন্দকারের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সহজাত ক্ষমতা নারায়ণগঞ্জের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। তবে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দলের একটি বড় অংশের কাছে এখনো সংবেদনশীল ইস্যু হয়ে আছে। ফলে তার রাজনীতিতে বা পুরনো দলে প্রত্যাবর্তন নির্ভর করছে কেন্দ্রীয় হাইকমান্ডের নীতিগত সিদ্ধান্ত এবং অতীতের রাজনৈতিক ভুল বোঝাবুঝির অবসানের ওপর।

নারায়ণগঞ্জের রাজপথের কর্মী ও সাধারণ সমর্থকরা এখনো তাকিয়ে আছেন—সব মান-অভিমান ও সমীকরণ পেছনে ফেলে প্রবীণ এই নেতা কবে আবার চেনা রূপে মাঠে ফিরবেন।

এত বছর টাকাওয়ালারা কোথায় ছিলঃ মাসুম শিকারী

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
এত বছর টাকাওয়ালারা কোথায় ছিলঃ মাসুম শিকারী

​মাহমুদপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তি এবং টাকার প্রভাব নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতা মাসুম শিকারী। ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, একটি মহল মনোনয়ন পাওয়ার ভুয়া খবর ছড়িয়ে মিষ্টি বিতরণ করছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

​নিজের বক্তব্যে মাসুম শিকারী বলেন, যারা বর্তমানে মনোনয়ন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের রাজনৈতিক অতীত সম্পর্কে এলাকাবাসী অবগত। সহযোদ্ধাদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না বলেই তিনি এসব গুজবের জবাব দেন না। আর্থিক সামর্থ্যের তুলনা টেনে তিনি মন্তব্য করেন, প্রতিপক্ষ প্রার্থীদের একমাত্র পুঁজি হলো টাকা, কিন্তু তার মূল শক্তি মানুষের ভালোবাসা, দীর্ঘদিনের শ্রম, ঘাম এবং নীতি-আদর্শ।

​দলের প্রতি নিজের ত্যাগের কথা উল্লেখ করে এই নেতা জানান, তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি; বরং বিগত ২০ বছর ধরে নিজের অর্থ ব্যয় করে এবং ১৭টি বছর দলের শীর্ষ অভিভাবকের নেতৃত্বে জীবন-যৌবন উৎসর্গ করে মাহমুদপুর ইউনিয়নকে তিলে তিলে গড়ে তুলেছেন।

​মৌসুমি বা ‘হাইব্রিড’ নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, “হাইব্রিডরা সময়ে আসে, অসময়ে হারিয়ে যায়। এত বছর এই টাকাওয়ালারা কোথায় ছিল?”

​দুষ্কৃতকারী ও গুজব সৃষ্টিকারীদের কথায় কান না দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মাসুম শিকারী আশা প্রকাশ করেন, দলের রাজনৈতিক অভিভাবক যোগ্যতা, শ্রম ও আদর্শের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খুব শীঘ্রই সব ধরনের গুজব ও ফটকাবাজি বন্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন এবং সবাইকে সাথে নিয়ে পথ চলার জন্য এলাকাবাসীর দোয়া কামনা করেন।

রাত পোহালে এমপি আজাদ এর সংবর্ধনা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
রাত পোহালে এমপি আজাদ এর সংবর্ধনা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

​নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী জেমস, হাসান ও জেফার।

​আগামী ২২ নভেম্বর রবিবার সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজনকে সফল ও উৎসবমুখর করতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজসজ্জা এবং ব্যানার-ফেস্টুন লাগানোর কাজ। শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি অনুষ্ঠানে তাঁকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।

​অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাসির।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া এবং সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাকসুদুল হক।

​আয়োজক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জেমস, হাসান ও জেফার। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

 

ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার সকল উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ হাটবাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের আওতায় মশার ওষুধ ছিটানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অপরিহার্য। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না। তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই। আমরা যেন সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে না যাই। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু একটি প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, এই পরিবেশে আমি যেমন বেড়ে উঠি, অন্যরাও তেমনি বেড়ে ওঠেন। পরিবেশের প্রভাব সবার ওপরই পড়ে। তাই প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।

 

কবে ফিরছেন তৈমূর? এত বছর টাকাওয়ালারা কোথায় ছিলঃ মাসুম শিকারী রাত পোহালে এমপি আজাদ এর সংবর্ধনা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি।