বিশেষ প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ১০:২০ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের রাজনীতির মাঠ মানেই একসময় ছিল অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সরব উপস্থিতি। রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে ‘জনতার তৈমূর’ হিসেবে পরিচিত এই প্রবীণ রাজনীতিবিদ এখন অনেকটাই আড়ালে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বহিষ্কৃত ও অভিমানী নেতাদের মূল ধারার রাজনীতিতে (বিএনপিতে) ফেরার গুঞ্জন জোরালো হওয়ার সাথে সাথে স্থানীয় রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কবে ফিরছেন তৈমূর।
তৈমূর আলম খন্দকারের রাজনৈতিক জীবন যেমন দীর্ঘ, তেমনি ঘটনাবহুল ও নাটকীয়তায় ভরা। দীর্ঘ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তৈমূর আলম। ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে দলীয় হাইকমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি, যা নারায়ণগঞ্জের রাজনীতিতে আজও এক আলোচিত অধ্যায়। সে সময় দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি ত্যাগের নজির স্থাপন করেছিলেন।
দীর্ঘ এক দশক পর ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (হাতি প্রতীক) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর জেরে প্রথমে চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারান এবং পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। পদ হারিয়ে সেদিন তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, “আমি রিকশাওয়ালাগো তৈমূর ছিলাম রিকশাওয়ালাগো তৈমূর হয়ে গেলাম।
২০২৩ সালের সেপ্টেম্বরে শমসের মবিন চৌধুরীর সাথে মিলে ‘তৃণমূল বিএনপি’তে যোগ দেন এবং দলটির মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। এই সিদ্ধান্তের কারণে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়লে তৈমূর আলম খন্দকার সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন এবং বিদেশেও অবস্থান করেন। তবে সম্প্রতি নারায়ণগঞ্জের রাজনীতিতে পুরনো ও বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৈমূর আলম খন্দকারের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সহজাত ক্ষমতা নারায়ণগঞ্জের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। তবে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দলের একটি বড় অংশের কাছে এখনো সংবেদনশীল ইস্যু হয়ে আছে। ফলে তার রাজনীতিতে বা পুরনো দলে প্রত্যাবর্তন নির্ভর করছে কেন্দ্রীয় হাইকমান্ডের নীতিগত সিদ্ধান্ত এবং অতীতের রাজনৈতিক ভুল বোঝাবুঝির অবসানের ওপর।
নারায়ণগঞ্জের রাজপথের কর্মী ও সাধারণ সমর্থকরা এখনো তাকিয়ে আছেন—সব মান-অভিমান ও সমীকরণ পেছনে ফেলে প্রবীণ এই নেতা কবে আবার চেনা রূপে মাঠে ফিরবেন।
