ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সকলকে আমি পাশে চাই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মনদী ইউনিয়নে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দেবেন। ১২ তারিখ আপনারা ধানের শীষে ভোট দিন।
আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থেকে একটি প্রগতিশীল আড়াইহাজার গড়ে তুলব। ভোটের মাধ্যমে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি তারেক রহমানকে আমরা উপহার দেব।
তিনি আরও বলেন, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার—সবত্রই এখন একটাই আলোচনা, “কে হচ্ছেন বিশনন্দী ইউনিয়নের আগামীর কাণ্ডারি?” সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও রাজনৈতিক হিসাব-নিকাশে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন।
বিশনন্দী ইউনিয়নের রাজনীতিতে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। লড়াইয়ের মাঠে মুখোমুখি অবস্থানে রয়েছেন হানজালা, মুজিবুর রহমান, গাজী মাহমুদ এবং খাজা মঈনুদ্দীন। তবে সব আলোচনা ও রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে থেকে আলোচনার শীর্ষে রয়েছেন মোঃ আমজাদ হোসেন হানজালা।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে হানজালাই হচ্ছেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। অতীতে তিনি রাজনৈতিক মাঠে সুমনপন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং তৃণমূল সংগঠনে নিজের অবস্থান শক্ত করেছেন। পরবর্তীতে দলীয় স্বার্থ ও স্থানীয় উন্নয়নের কথা বিবেচনা করে তিনি বর্তমান এমপি নজরুল ইসলাম আজাদ মনোনয়ন পেলে তার পক্ষে সরাসরি মাঠে নামেন এবং নির্বাচনের পুরো সমীকরণ নিজের পক্ষে টেনে আনেন।
রাজনৈতিক নমনীয়তা, সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ এবং বিগত দিনগুলোর কার্যকর নির্বাচনী দূরদর্শিতার কারণে বিশনন্দীর তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে হানজালার গ্রহণযোগ্যতা এখন চোখে পড়ার মতো। তৃণমূলের বড় একটি অংশ মনে করছে, আগামী নির্বাচনে তাকে প্রার্থী করা হলে তার জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তবে হানজালার জনপ্রিয়তার ঝড়ের বিপরীতে মাঠ শক্ত রাখার চেষ্টা করছেন অন্য সম্ভাব্য প্রার্থীরাও। জানাগেছে মুজিবুর রহমান নিজের দীর্ঘদিনের অনুসারী ও বয়োজ্যেষ্ঠ ভোটারদের সমর্থনে মাঠ গুছিয়ে আনছেন। গাজী মাহমুদ ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। খাজা মঈনুদ্দীন নিজস্ব বলয় ও স্থানীয় যোগাযোগের ওপর ভর করে নির্বাচনী দৌড়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন।
অন্যদিকে, আসন্ন নির্বাচনে বিশনন্দী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন হানজালা। তাঁর ইশতেহার ও উন্নয়ন ভাবনায় প্রধানত যে বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে।তা হচ্ছে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতির মাধ্যমে বিশনন্দী ইউনিয়ন থেকে মাদক, জুয়া এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে নির্মূল করা। ইউনিয়ন পরিষদ থেকে প্রদানকৃত সকল সেবা (জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণ ইত্যাদি) সম্পূর্ণ হয়রানি ও ঘুষমুক্ত করে স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাঘাটের সংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেঘনা নদী তীরবর্তী ভাঙনকবলিত এলাকার মানুষের সুরক্ষায় কার্যকর দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানমুখী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং খেলাধুলার মানোন্নয়নে ইউনিয়নজুড়ে মাঠ ও ক্রীড়া সরנגামের ব্যবস্থা করা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে মানসম্মত সেবায় রূপান্তরিত করে দরিদ্র ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে প্রার্থী হানজালা বলেন, “বিশনন্দী ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে তাদের আস্থার প্রতীক হয়ে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে একটি বৈষম্যহীন, আধুনিক ও বাসযোগ্য বিশনন্দী ইউনিয়ন গড়ে তোলাই আমার একমাত্র রাজনৈতিক লক্ষ্য।
সব মিলিয়ে বিশনন্দী ইউনিয়নের আগামী নির্বাচন এক তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ হতে যাচ্ছে। তবে রাজনীতির মাঠের বর্তমান চিত্র এবং ভোটারদের জনসমর্থন হিসাব করলে, আগামীর প্রধান জনপ্রতিনিধি বা চেয়ারম্যান পদে হানজালাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে বিশনন্দীবাসী কার হাতে তুলে দেন তাদের আমানত।
রাজনীতির মাঠ বড়ই অদ্ভুত ও পরিবর্তনশীল। এখানে কখন কার স্বার্থে সমীকরণ বদলায়, তা সাধারণ মানুষের অনুধাবন করার বাইরে। অতীতে যে নেতার বিরুদ্ধে রাজপথে রক্তক্ষয়ী বিরোধিতার ঝড় তোলা হয়েছিল, আজ সেই নেতার ছায়াতলেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন কট্টর বিরোধীরা। শুধু আশ্রয়ই নয়, ক্ষমতা, পদপদবী ও সুযোগ-সুবিধা বাগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় এখন তারাই সবার সেরা।
স্থানীয় রাজনীতিতে ঘটে যাওয়া এই নাক্ষত্রিক পরিবর্তনের মূলে রয়েছে একটি প্রচলিত প্রবাদ—“আমরাই সেরা, আমরাই পুরস্কৃত!” আর বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদটির উপযুক্ত চরিত্র হিসেবে চিহ্নিত হয়েছেন স্থানীয় বেশ কয়েকজন হাইব্রিড ও সুবিধাবাদী নেতাকর্মী।
অনুসন্ধানে জানা যায়, একসময়ে বর্তমান এমপি আজাদের চরম বিরোধিতায় লিপ্ত ছিলেন ছাত্রদল নেতা অলি উল্লাহ, সবুজ, ফারুক, যুবদল নেতা জহির, বিএনপি নেতা মজিবুর, ছাত্রদল নেতা জুবায়ের রহমান জিকু, ছাত্রদল নেতা রতন ও আবু হানিফসহ বেশ কয়েকজন। এমপি আজাদের মনোনয়ন ঠেকাতে তারা নানা কূটকৌশল তো বটেই, এমনকি গায়ে কাফনের কাপড় জড়িয়ে পর্যন্ত মিছিল ও রাজপথে উগ্র বক্তব্য দিয়েছিলেন। তাদের মূল লক্ষ্যই ছিল যেকোনো মূল্যে আজাদের রাজনৈতিক পথ চিরতরে রুদ্ধ করা।
কিন্তু সময়ের ব্যবধানে রাজনীতির দৃশ্যপট আজ সম্পূর্ণ বদলে গেছে। এককালের সেই কট্টর বিরোধীরাই আজ আজাদের বলয়ের সবচেয়ে বিশ্বস্ত পাত্রে পরিণত হয়েছেন। তাদের কেউ এখন পিএস (প্রাইভেট সেক্রেটারি), কেউ এপিএস, কেউবা আবার অঘোষিত ক্যাশিয়ার! বর্তমান এমপি সাহেব ও তাঁর পরিবার-পরিজন এখন তাদের কাছে ‘জান-প্রাণ’ তুল্য।
এদিকে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা প্রকৃত ও পরীক্ষিত আজাদপ্রেমীরা আজ কোণঠাসা ও অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে, একসময়ের ‘সুমনপ্রেমী’ ও সুমনের অনুসারী হিসেবে পরিচিত এই সুবিধাবাদী নেতারা রাতারাতি ভোল পাল্টে এখন ‘নব্য আজাদ ভক্ত’ বনে গেছেন। রাতারাতি তাদের ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার উপক্রম হয়েছে।
কেউ কেউ আসন্ন ইউনিয়ন পরিষদ বা স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জোরালো গুঞ্জন রয়েছে। তাদের দাবি, এমপি সাহেব নাকি তাদের সবুজ সংকেত দিয়েছেন।
এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে নতুন করে যুক্ত হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এই চক্রটি কেবল পদপদবীতেই ক্ষান্ত নয়। এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ম্যানেজিং কমিটির প্রধান বা শীর্ষ পদগুলো তারা দখল করে নিচ্ছে। এমপি পরিবারের সঙ্গে ঘনিষ্টতা বাড়াতে এবং নিজেদের আসন পাকাপোক্ত করতে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার খেলায় মেতেছে। এমনকি খোদ এমপি আজাদের গোপন খবরাখবর অন্য কোনো প্রভাবশালী মহলে পাচার করার মতো গুরুতর গুঞ্জনও বাতাসে ভাসছে। যেখানে ত্যাগী কর্মীরা অবহেলিত, সেখানে ঠিক কী কারণে সুমনপন্থীদের প্রতি এমপি আজাদ ও তাঁর পরিবারের এমন অন্ধ আস্থা ও অতিরিক্ত কদর—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র কৌতুহল ও ক্ষোভ বিরাজ করছে।
রাজনৈতিক সচেতন মহল ও নেটিজনদের মতে, দুঃসময়ে এই সুবিধাবাদীরা আদৌ পাশে থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সময় পাল্টালে তারা আবারও নিজেদের বোল পরিবর্তন করতে পারে। অনেকের ধারণা, সুমনের অদৃশ্য ইন্ধন বা বড় কোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এই চক্রটি আজাদের বলয়ে ঘাপটি মেরে বসে আছে।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে এবং দলের ভেতরকার চরম অবমূল্যায়ন ও হতাশার চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন রাজীব হাসান. তার এই স্ট্যাটাসটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ও নেতাকর্মীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে রাজীব হাসান মূলত দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মী এবং সুবিধাবাদী দালালদের ভূমিকার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার এই আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা রয়েছেন।
রাজীব হাসান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যারা বিগত ১৭ বছর ধরে দিন-রাত পরিশ্রম করেছেন, আওয়ামী লীগের আমলে হামলা-মামলার শিকার হয়ে ধানক্ষেত কিংবা পুকুরপাড়ে রাত কাটিয়েছেন এবং পরিবারকে ভুলে বিএনপির রাজনীতি টিকিয়ে রেখেছেন—আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত।
স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অতীতে যারা বিএনপির বিরোধিতা করেছে, মনোনয়ন ঠেকাতে কাফনের কাপড় পরে মাঠে নেমেছিল এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা ও আরাম-আয়েশে টাকা কামিয়েছে—আজ দলের ক্ষমতার পর সেই ‘আওয়ামী দালাল ও টাকাওয়ালাদের’ই মূল্যায়ন করা হচ্ছে. অথচ মাঠের ত্যাগী কর্মীরা এখনো কোণঠাসা ও নির্যাতিত হচ্ছে।
সরকারের ১ বছর পার না হতেই এবং একটি বড় গণঅভ্যুত্থানের পর পুনরায় আওয়ামী লীগের উত্থানের আভাস পাওয়ার মূল কারণ হিসেবে দলের ভেতর চেইন অব কমান্ডের অনুপস্থিতি ও তৃণমূলের অবমূল্যায়নকে দায়ী করা হয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে রাজীব হাসান স্মরণ করিয়ে দিয়েছেন যে, দুর্দিনের দুঃসময়ে এই ত্যাগী কর্মীরাই পাশে থাকে, কিন্তু মোসাহেবি করা ডানে-বামের দালালদের তখন আর খুঁজে পাওয়া যাবে না. তাই সময় থাকতে মিছিলের শেষ কর্মীর খোঁজখবর নিতে এবং তাদের মনমানসিকতা বুঝতে নেতৃত্বকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়েছে।
”ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু বেইমান হয়না”— এই স্লোগানকে সামনে রেখে রাজীব হাসানের এই ফেসবুক স্ট্যাটাসটি মূলত দলের শীর্ষ নেতৃত্বকে তৃণমূলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার এক জোরালো তাগিদ হিসেবেই দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন