খুঁজুন

মাকসুদের প্রচারণায় কালাম সমর্থকদের বাধা।

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
মাকসুদের প্রচারণায় কালাম সমর্থকদের বাধা।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সমর্থকদের বিরুদ্ধে প্রচারণা কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।

মাকসুদের অভিযোগ, তার কর্মীরা প্রচারণার জন্য বিলবোর্ড লাগাতে গেলে কালাম সমর্থকরা বাধা দেন। গণসংযোগে ‘সন্ত্রাসী কায়দায়’ বাধা দিয়ে প্রচারপত্র বিলি করতে দেয়নি। এমনকি ভবিষ্যতেও গণসংযোগ করতে দিবে না বলে হুমকি দেয়।

এ বিষয়ে মাকসুদের স্ত্রী ও নির্বাচনি এজেন্ট মোসা. নার্গিস আক্তার সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগে নার্গিস বলেন, গত ২৩ জানুয়ারি ভোরে বন্দর খেয়াঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর বিলবোর্ড স্থাপন করতে গেলে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালামের লোকজন বাধা দেয় এবং মারমুখী আচরণ করে। এতে সেখানে বিলবোর্ড স্থাপন করা সম্ভব হয়নি।

পরে সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকাতেও গণসংযোগকালে একই প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন নার্গিস।

“আমি পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করতে গেলে আমাকে প্রতিপক্ষ বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের লোকজন সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পন্ড করে দেয়। এবং সেখানে আর কোনোদিন গণসংযোগ করতে দিবে বলেও হুমকি দেয়”, উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী।

শুক্রবার প্রচারণায় বাধা দেওয়া একটি ভিডিও-ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় রিকশায় বসা মো. সজীব নামে এক যুবক তার অনুসারীদের গণসংযোগ বন্ধ করে দিতে নির্দেশনা দিতে শোনা যায়।

এ সময় হুমায়ূন কবির নামে এক যুবক গাড়িতে বসা নার্গিস আক্তারকে হুমকি দিয়ে বলেন, “এই এরিয়াতে ঢুকছেন কেন? এদিকে আর ঢুকবেন না। একেবারে খাইয়া লামু শালারা, যাহ!”

নার্গিস বলেন, হুমায়ূন কবির বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সজীবও যুবদলের কর্মী। তারা দু’জনই আবুল কালামের অনুসারী।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, “মাকসুদ হোসেনের পতিত ফ্যাসিস্টের সহযোগী। তার প্রতি স্থানীয় মানুষের অনেক ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু এই ধরনের কার্যক্রমের সঙ্গে বিএনপি প্রার্থীর কোনো যোগাযোগ নেই। এটা যারা করেছেন তা তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে করেছেন।”

জানতে চাইলে নারায়ণগঞ্জ-৫ আসনে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানি সরকার বলেন, “আমার কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। যদিও যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে তা আমার দায়িত্বে না। কিন্তু আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অফিসিয়ালি জানিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

“আমরা সুমন ভাইয়ের লোক, আমরাই সেরা”

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
“আমরা সুমন ভাইয়ের লোক, আমরাই সেরা”

 

রাজনীতির মাঠ বড়ই অদ্ভুত ও পরিবর্তনশীল। এখানে কখন কার স্বার্থে সমীকরণ বদলায়, তা সাধারণ মানুষের অনুধাবন করার বাইরে। অতীতে যে নেতার বিরুদ্ধে রাজপথে রক্তক্ষয়ী বিরোধিতার ঝড় তোলা হয়েছিল, আজ সেই নেতার ছায়াতলেই নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন কট্টর বিরোধীরা। শুধু আশ্রয়ই নয়, ক্ষমতা, পদপদবী ও সুযোগ-সুবিধা বাগিয়ে নেওয়ার প্রতিযোগিতায় এখন তারাই সবার সেরা।

স্থানীয় রাজনীতিতে ঘটে যাওয়া এই নাক্ষত্রিক পরিবর্তনের মূলে রয়েছে একটি প্রচলিত প্রবাদ—“আমরাই সেরা, আমরাই পুরস্কৃত!” আর বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদটির উপযুক্ত চরিত্র হিসেবে চিহ্নিত হয়েছেন স্থানীয় বেশ কয়েকজন হাইব্রিড ও সুবিধাবাদী নেতাকর্মী।

অনুসন্ধানে জানা যায়, একসময়ে বর্তমান এমপি আজাদের চরম বিরোধিতায় লিপ্ত ছিলেন ছাত্রদল নেতা অলি উল্লাহ, সবুজ, ফারুক, যুবদল নেতা জহির, বিএনপি নেতা মজিবুর, ছাত্রদল নেতা জুবায়ের রহমান জিকু, ছাত্রদল নেতা রতন ও আবু হানিফসহ বেশ কয়েকজন। এমপি আজাদের মনোনয়ন ঠেকাতে তারা নানা কূটকৌশল তো বটেই, এমনকি গায়ে কাফনের কাপড় জড়িয়ে পর্যন্ত মিছিল ও রাজপথে উগ্র বক্তব্য দিয়েছিলেন। তাদের মূল লক্ষ্যই ছিল যেকোনো মূল্যে আজাদের রাজনৈতিক পথ চিরতরে রুদ্ধ করা।

কিন্তু সময়ের ব্যবধানে রাজনীতির দৃশ্যপট আজ সম্পূর্ণ বদলে গেছে। এককালের সেই কট্টর বিরোধীরাই আজ আজাদের বলয়ের সবচেয়ে বিশ্বস্ত পাত্রে পরিণত হয়েছেন। তাদের কেউ এখন পিএস (প্রাইভেট সেক্রেটারি), কেউ এপিএস, কেউবা আবার অঘোষিত ক্যাশিয়ার! বর্তমান এমপি সাহেব ও তাঁর পরিবার-পরিজন এখন তাদের কাছে ‘জান-প্রাণ’ তুল্য।

এদিকে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করা প্রকৃত ও পরীক্ষিত আজাদপ্রেমীরা আজ কোণঠাসা ও অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে, একসময়ের ‘সুমনপ্রেমী’ ও সুমনের অনুসারী হিসেবে পরিচিত এই সুবিধাবাদী নেতারা রাতারাতি ভোল পাল্টে এখন ‘নব্য আজাদ ভক্ত’ বনে গেছেন। রাতারাতি তাদের ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার উপক্রম হয়েছে।

কেউ কেউ আসন্ন ইউনিয়ন পরিষদ বা স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জোরালো গুঞ্জন রয়েছে। তাদের দাবি, এমপি সাহেব নাকি তাদের সবুজ সংকেত দিয়েছেন।

এই পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে নতুন করে যুক্ত হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এই চক্রটি কেবল পদপদবীতেই ক্ষান্ত নয়। ​এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ম্যানেজিং কমিটির প্রধান বা শীর্ষ পদগুলো তারা দখল করে নিচ্ছে। ​এমপি পরিবারের সঙ্গে ঘনিষ্টতা বাড়াতে এবং নিজেদের আসন পাকাপোক্ত করতে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার খেলায় মেতেছে। ​এমনকি খোদ এমপি আজাদের গোপন খবরাখবর অন্য কোনো প্রভাবশালী মহলে পাচার করার মতো গুরুতর গুঞ্জনও বাতাসে ভাসছে। যেখানে ত্যাগী কর্মীরা অবহেলিত, সেখানে ঠিক কী কারণে সুমনপন্থীদের প্রতি এমপি আজাদ ও তাঁর পরিবারের এমন অন্ধ আস্থা ও অতিরিক্ত কদর—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র কৌতুহল ও ক্ষোভ বিরাজ করছে।

রাজনৈতিক সচেতন মহল ও নেটিজনদের মতে, দুঃসময়ে এই সুবিধাবাদীরা আদৌ পাশে থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সময় পাল্টালে তারা আবারও নিজেদের বোল পরিবর্তন করতে পারে। অনেকের ধারণা, সুমনের অদৃশ্য ইন্ধন বা বড় কোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এই চক্রটি আজাদের বলয়ে ঘাপটি মেরে বসে আছে।

 

আবেগঘন ও কড়া বার্তায় রাজীবের ফেইসবুক স্ট্যাটাস!

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আবেগঘন ও কড়া বার্তায় রাজীবের ফেইসবুক স্ট্যাটাস!

​

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে এবং দলের ভেতরকার চরম অবমূল্যায়ন ও হতাশার চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন রাজীব হাসান. তার এই স্ট্যাটাসটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ও নেতাকর্মীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
​স্ট্যাটাসে রাজীব হাসান মূলত দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মী এবং সুবিধাবাদী দালালদের ভূমিকার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার এই আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা রয়েছেন।

রাজীব হাসান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যারা বিগত ১৭ বছর ধরে দিন-রাত পরিশ্রম করেছেন, আওয়ামী লীগের আমলে হামলা-মামলার শিকার হয়ে ধানক্ষেত কিংবা পুকুরপাড়ে রাত কাটিয়েছেন এবং পরিবারকে ভুলে বিএনপির রাজনীতি টিকিয়ে রেখেছেন—আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত।

স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অতীতে যারা বিএনপির বিরোধিতা করেছে, মনোনয়ন ঠেকাতে কাফনের কাপড় পরে মাঠে নেমেছিল এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা ও আরাম-আয়েশে টাকা কামিয়েছে—আজ দলের ক্ষমতার পর সেই ‘আওয়ামী দালাল ও টাকাওয়ালাদের’ই মূল্যায়ন করা হচ্ছে. অথচ মাঠের ত্যাগী কর্মীরা এখনো কোণঠাসা ও নির্যাতিত হচ্ছে।

সরকারের ১ বছর পার না হতেই এবং একটি বড় গণঅভ্যুত্থানের পর পুনরায় আওয়ামী লীগের উত্থানের আভাস পাওয়ার মূল কারণ হিসেবে দলের ভেতর চেইন অব কমান্ডের অনুপস্থিতি ও তৃণমূলের অবমূল্যায়নকে দায়ী করা হয়েছে।

স্ট্যাটাসের শেষাংশে রাজীব হাসান স্মরণ করিয়ে দিয়েছেন যে, দুর্দিনের দুঃসময়ে এই ত্যাগী কর্মীরাই পাশে থাকে, কিন্তু মোসাহেবি করা ডানে-বামের দালালদের তখন আর খুঁজে পাওয়া যাবে না. তাই সময় থাকতে মিছিলের শেষ কর্মীর খোঁজখবর নিতে এবং তাদের মনমানসিকতা বুঝতে নেতৃত্বকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়েছে।

​”ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু বেইমান হয়না”— এই স্লোগানকে সামনে রেখে রাজীব হাসানের এই ফেসবুক স্ট্যাটাসটি মূলত দলের শীর্ষ নেতৃত্বকে তৃণমূলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার এক জোরালো তাগিদ হিসেবেই দেখা হচ্ছে।

 

চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা!

আড়াইহাজার প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা!

 

মাদক ও অপরাধ দমনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে দায়সারা ও লোক দেখানো অভিযান চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। চুনোপুঁটি মাদকসেবী বা খুচরা বিক্রেতারা অভিযানে ধরা পড়লেও অধরাই থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ডিলার এবং মূল রাঘববোয়ালরা। শুধু মাদক ব্যবসাই নয়, ওয়ারেন্ট তামিলে গড়িমসি, অঘোষিত সালিশি আদালত বসানো এবং জমি সংক্রান্ত তদন্তের নামে অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অনৈতিক লেনদেনের চাঞ্চল্যকর অভিযোগ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ রয়েছে, সেখানে আড়াইহাজারে প্রতিদিন নামমাত্র লোক দেখানো অভিযান চালিয়ে চুনোপুঁটি মাদকসেবীদের ধরে থানার হাজতখানা পূর্ণ করা হচ্ছে। তবে মূল রাঘববোয়ালদের আস্তানায় পৌঁছায় না পুলিশের হাত। মূল সিন্ডিকেট ও ডিলারদের স্পর্শ না করায় দিন দিন উপজেলার বিভিন্ন স্পটে মাদকের লেনদেন ও বিস্তার আরও মারাত্মক আকার ধারণ করছে।

অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত সাধারণ মাদকসেবী কিংবা ছোটখাটো অপরাধীদের ক্ষেত্রে তথাকথিত ‘সামারি ট্রায়াল’ বা দ্রুত সমাধানের নামে চলে খাস কামরা বাণিজ্য। ছাড়া পাওয়ার আশায় ভুক্তভোগী পরিবারগুলোকে গুণতে হয় মোটা অঙ্কের টাকা। অভিযোগ উঠেছে, অসাধু কিছু কর্মকর্তা লকাপের ভয় দেখিয়ে এবং হালকা ধারায় কোর্টে চালান করার বিনিময়ে স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

থানায় নিয়মিত সাজাপ্রাপ্ত ও সিআর/জিআর মামলার ওয়ারেন্ট আসলেও তা তামিল করতে দেখানো হয় নানামুখী গড়িমসি। অভিযোগ রয়েছে, মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়ে চিহ্নিত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ‘খুঁজে পায় না’। সবচেয়ে আশঙ্কাজনক অভিযোগ হলো—অনেক সময় গোপন দরকষাকষির পর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হলেও, মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে অলিখিতভাবে তাকে থানা বা মাঝপথ থেকেই ছেড়ে দেওয়া হয়।

আড়াইহাজার থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় অঘোষিত ‘বিচারালয়’ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দেওয়ানি ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে তারা নিজেদের বিচারক হিসেবে দাঁড় করাচ্ছেন। জমি সংক্রান্ত তদন্তে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া বা ভুক্তভোগীকে সহযোগিতার দোহাই দিয়ে প্রকাশ্যে চালে মোটা অঙ্কের ঘুষ লেনদেন। আপোষ-রফার নামে এসব বেআইনি সালিশ বসিয়ে লাখ লাখ টাকা পকেটে ভরছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনের এই দায়সারা কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। আড়াইহাজারে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এবং পুলিশের অভ্যন্তরীণ এই অনিয়ম-দুর্নীতি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। তারা চান—কেবল চুনোপুঁটি নয়, মাদকের মূল ডিলারদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং যেসব কর্মকর্তা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সরাসরি কঠোর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আড়াইহাজারের ভুক্তভোগী ও সাধারণ জনগণ।

 

"আমরা সুমন ভাইয়ের লোক, আমরাই সেরা" আবেগঘন ও কড়া বার্তায় রাজীবের ফেইসবুক স্ট্যাটাস! চুনোপুঁটির ছাড় নাই, রাঘববোয়াল অধরা! কে এই লিটন? কি তার নির্বাচনী প্রতিশ্রুতি? একই দিনে দুই জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুবরণ।। আদালতপাড়ায় শোকের ছায়া