“কোর্টপাড়ার রাজনীতিতে নেতৃত্ব পরিবর্তনের আভাস”
নারায়ণগঞ্জ আইনজীবী অঙ্গন ও স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ এবং সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন নেতৃত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। আইনি ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে, অভিজ্ঞ ও প্রভাবশালী মুখ অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের নেতৃত্বে আসছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটি।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভ্যন্তরীণ নানা মতবিরোধ ও দূরত্বের জেরে ফোরামের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আইনজীবীদের একটি বড় অংশের মতে, আদালতের দীর্ঘদিনের পেশাদার পরিবেশ রক্ষা এবং দলের ভেতরে সব পক্ষের মধ্যে ঐক্য বজায় রাখতে অ্যাডভোকেট খোরশেদ মোল্লা ও অ্যাডভোকেট জাকিরের মতো পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাদের বিকল্প নেই। আন্দোলন-সংগ্রাম ও পেশাগত ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের নেতৃত্বসুলভ ভূমিকা আইনজীবীদের মাঝে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
গত কিছুদিন ধরে নারায়ণগঞ্জ বারের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের বিভিন্ন পক্ষের মধ্যে প্রার্থিতা ও নেতৃত্ব নিয়ে নানা আলোচনা ও দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের হিসাব-নিকাশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে কেন্দ্রীয় নেতৃত্বও নড়েচড়ে বসেছে। এই পরিস্থিতিতে সব পক্ষকে আস্থায় নিয়ে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী প্যানেল বা কমিটি উপহার দিতে শীর্ষ এই দুই নেতার কাঁধে দায়িত্ব অর্পিত হতে পারে বলে গুঞ্জন জোরালো হচ্ছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে শেষ পর্যন্ত অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের নেতৃত্বে কোনো নতুন কমিটি ঘোষণা করা হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন নারায়ণগঞ্জ আদালতপাড়ার সাধারণ আইনজীবীরা।


আপনার মতামত লিখুন