খুঁজুন

চুরির অভিযোগে সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যা, মামলায় আসামি ১০

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
চুরির অভিযোগে সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যা, মামলায় আসামি ১০

বগুড়ায় ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপন মুর্মু (২৭) নামের এক সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী।

থানা সূত্রে জানা গেছে, ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপনকে মারধর করে হত্যার অভিযোগে শনিবার রাতে তার বাবা মোসেজ মুর্মু মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন চাঁদপাড়া গ্রামের ঝালাই মেশিনের দোকানমালিক রেজাউল করিম এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে আবু তালহা সেলিম।

নিহত রিপনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামনপাড়ায়। তার পরিবারের সদস্যরা জানান, প্রায় আট থেকে দশ বছর ধরে তিনি বগুড়া সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় আক্তার রহমান ডিউকের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি নৈশপ্রহরীর দায়িত্বও পালন করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৯টার দিকে রেজাউল করিমের দোকান থেকে একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপনকে মারধর করা হয়। রেজাউল করিম ও সেলিম তাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার কাছে ২০ হাজার টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় ইটভাটায় রিপনের থাকার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ অনুযায়ী, এরপর সেলিম একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রিপনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আবার বগুড়ায় নিয়ে আসেন।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম

​

নারায়ণগঞ্জ শহরের সাথে বন্দরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেখে বন্দরকে উন্নয়নবঞ্চিত ও অন্ধকারে রাখতে একটি অসাধু চক্র কাজ করছে বলে দাবি করেছে ‘বন্দর উন্নয়ন ফোরাম’। একইসঙ্গে একটি মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বপ্নের কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার যে চক্রান্ত চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

​বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরামের নেতৃবৃন্দ এই দাবি ও প্রতিবাদ জানান। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী সাঈদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাফেজ কবির হোসেন, সদস্য সচিব আব্দুল লতিফ রানা এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু এক যৌথ বিবৃতি প্রদান করেন।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কদম রসুল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি যুগ যুগ ধরে চলে এলেও একটি অসাধু চক্রের হীনস্বার্থে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ উদ্যোগে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই ওই চক্রটি প্রকাশ্যে ও গোপনে সেতু নির্মাণের বিরোধিতা করে আসছে। বর্তমানে মাজারকে উসিলা করে কাজ বন্ধের যে অপচেষ্টা চলছে, তা সেই পুরোনো ষড়যন্ত্রেরই অংশ।”

​চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, “বন্দরকে অন্ধকারে রেখে কোনো ধরনের অপরাজনীতি সদর ও বন্দরবাসী মেনে নেবে না। মাজারকে ব্যবহার করে সেতুর কাজ বন্ধ করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে এবং চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সেতুর নির্মাণ কাজ সচল রাখতে মাজার স্থানান্তরসহ সব ধরনের অপকৌশল রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় লক্ষ লক্ষ জনতা রাজপথে নামতে বাধ্য হবে।”

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দর খেয়াঘাট দিয়ে প্রতিদিন পারাপার হওয়া লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি কমাতে এই সেতুটি অপরিহার্য। তাই দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই উন্নয়ন কাজ যেন কোনোভাবেই থেমে না যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের একটি সুষ্ঠু ও কার্যকর সমাধানের মাধ্যমে লাখো জনতার পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম।

MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম।

​

​সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস (MBBS) ডিগ্রী অর্জন করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদা খাতুন-এর কন্যা আনিকা তাসনিম। সম্প্রতি প্রকাশিত এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও নারায়ণগঞ্জ আইনজীবী অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

​জানা যায়, আনিকা তাসনিম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। একাগ্রতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক (MBBS) সম্পন্ন করে নিজেকে একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করলেন।

​মেয়ের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও অ্যাডভোকেট মাসুদা খাতুন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তাঁরা জানান, আনিকা যেন একজন আদর্শ, সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ, নারায়ণগঞ্জবাসী এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

​এদিকে, আনিকা তাসনিমের এই সাফল্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহকর্মীবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি চিকিৎসা সেবায় আরও বড় অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

কোনো উছিলায়ই সেতুর নির্মাণকাজ বন্ধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
কোনো উছিলায়ই সেতুর নির্মাণকাজ বন্ধ করা যাবে না

​শহর ও বন্দরের মধ্যে দীর্ঘদিনের সেতুবন্ধনের দাবির পরিপ্রেক্ষিতে শীতলক্ষ্যা নদীর ওপর শুরু হওয়া কদম রসুল সেতুর নির্মাণকাজ কোনো উছিলায়ই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবন্ধকতা দূর করতে দায়িত্বরত প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি মাজারকে কেন্দ্র করে শহর ও বন্দরের সেতুবন্ধনের প্রতীক হিসেবে নির্মাণাধীন কদম রসুল সেতুর কাজে যে বাধা সৃষ্টি হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফোরাম। নেতৃবৃন্দের মতে, সংশ্লিষ্ট মাজারটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হলে বৃহত্তর জনস্বার্থে ধর্মীয় বিধিবিধান ও নিয়মকানুন মেনে তা স্থানান্তর করে সেতুর নির্মাণকাজ সচল রাখার ব্যবস্থা করতে হবে।

​এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, কদম রসুল সেতু নারায়ণগঞ্জ ও বন্দরের লাখো মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। এই সেতু নিয়ে কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই।

​তারা আরও বলেন, অনেকে কদম রসুল দরগাহ বা মাজারের সঙ্গে কালীরবাজার চারারগোপ এলাকায় রাস্তার মাঝখানে থাকা মাজারটির তুলনা করছেন। অথচ কদম রসুল দরগাহ নারায়ণগঞ্জের ইতিহাসস্বীকৃত ঐতিহ্য, যা দেশে ও বিদেশে নারায়ণগঞ্জকে গর্বিত ও সমৃদ্ধ করেছে। তাই এর সঙ্গে ওই মাজারের তুলনা চলে না।

​নেতৃবৃন্দ দাবি করেন, মাজারটিকে গুরুত্বপূর্ণ মনে করা হলে ইসলাম ধর্মের বিধিবিধান ও নিয়ম অনুযায়ী তা সরিয়ে নেওয়া হোক। কিন্তু মাজারকে ইস্যু করে কদম রসুল সেতুর কাজ বন্ধ করার চেষ্টা হলে নারায়ণগঞ্জ ও বন্দরের লাখো মানুষ তা প্রতিহত করতে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হবে। সেতুর কাজ বন্ধ হলে এলাকার লাখো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটবে বলেও মন্তব্য করেন তারা।

​বিবৃতিতে ফোরাম নেতারা বলেন, তারা কোনো দাঙ্গা বা সহিংসতায় যেতে চান না; বরং নির্বিঘ্নে সেতুর কাজ এগিয়ে নিতে ধর্মীয় নিয়ম মেনে মাজার স্থানান্তরের দ্রুত কার্যকর উদ্যোগ চান। মাজারকে সামনে রেখে কোনো ইস্যু তৈরি করে সেতুর নির্মাণকাজ বন্ধের অপচেষ্টা হলে নারায়ণগঞ্জবাসী তার দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

​নেতৃবৃন্দের ভাষ্য, এই সেতু শুধু বন্দরবাসীর জন্য নয়, পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছরের পর বছর অপেক্ষার পর শুরু হওয়া দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। তাই কোনো অবস্থাতেই কাজ বন্ধ করা যাবে না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি কাজ চলমান রাখতে কার্যকর, সুষ্ঠু ও সহজ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

বন্দরকে অন্ধকারে রাখার চক্রান্ত চলছে : বন্দর উন্নয়ন ফোরাম MBBS ডিগ্রী অর্জন করলেন আইনজীবী দম্পতির কন্যা আনিকা তাসনিম। কোনো উছিলায়ই সেতুর নির্মাণকাজ বন্ধ করা যাবে না কবে ফিরছেন তৈমূর? এত বছর টাকাওয়ালারা কোথায় ছিলঃ মাসুম শিকারী