দেশবাণীঃ বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শঙ্কা প্রকাশ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। এতে নির্বাচন বিলম্বিত হবে। তাই বিএনপি এই মূহুর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না।এছাড়া রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ফ্যসিবাদের দোসররা যেনো সুযোগ নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারের সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকির। গত বুধবার রাতে নিজ ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর থেকেই স্থানীয় রাজনীতি ও অপরাধজগতে তোলপাড় শুরু হয়েছে। ঘুরেফিরে আসছে স্থানীয় প্রভাবশালী ও ছাত্রদল সংশ্লিষ্ট কিছু নেতার নাম। হত্যাকাণ্ডের মোটিভ, নেপথ্যের শেল্টারদাতা এবং অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার পেছনে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে স্থানীয় সাধারণ মানুষ ও নিহত জহিরের পরিবার।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের কয়েকদিন পার হলেও দৃশ্যমান কোনো মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা নিয়ে জহির ফকিরের সঙ্গে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের দীর্ঘদিনের বিরোধ ও দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও মোবারক ও তাঁর অনুসারীরা জহিরের ওপর একাধিকবার হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের ওই হত্যাকার্ডেও আড়াইহাজার থেকে লোকজন নিয়ে এসে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
এলাকায় গুঞ্জন রয়েছে, অতীতে অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নাম আসলেও এবং মোবারক হোসেনের বাসা বা সংশ্লিষ্ট স্থান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে তিনি ও তাঁর সহযোগীরা বারবার আইনের আওতার বাইরে বা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। স্থানীয়দের অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও কিছু অসাধু মহলের শক্ত শেল্টার বা অভয়ারণ্য থাকায় তারা পার পেয়ে যাচ্ছে। কার বা কাদের ইন্ধনে এই চক্রটি পার পেয়ে যাচ্ছে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয়দের মুখে মুখে এখন একটাই প্রশ্ন—কীভাবে অল্প সময়ে বিপুল বিত্তবৈভব ও অর্থের মালিক হলেন এই বিতর্কিত ব্যক্তিরা? তাদের চলাফেরা, জীবনযাত্রা এবং সম্পদের পরিমাণ সাধারণ আয়ের সঙ্গে কোনোভাবেই মেলে না। প্রশ্ন উঠেছে, তাদের বৈধ আয়ের উৎস আসলে কী? তারা নিয়মিত বা সঠিক নিয়মে আয়কর (ইনকাম ট্যাক্স) দিয়ে আসছেন কি না এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক) কখনো তাদের সম্পদের উৎস বা অবৈধ অর্জিত সম্পত্তির বিষয়ে অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করেছে কি না, তা নিয়ে জোরালো দাবি উঠেছে।
কালাপাহাড়িয়া ও এর আশপাশের এলাকায় প্রায়ই বিভিন্ন সহিংসতা, আধিপত্য বিস্তার ও খুনের ঘটনা ঘটে থাকে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা অপরাধ সিন্ডিকেটের কারণে খুনি ও সন্ত্রাসীরা সহজেই পার পেয়ে যায় এবং প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ায়। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হলেও আইনের সঠিক প্রয়োগের দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে জনমনে প্রশ্ন—দ্রুত আসামিরা গ্রেপ্তার হয়ে আইনের মুখোমুখি না হলে এ ধরনের নৃশংসতা ও ত্রাসের রাজত্ব কি থামবে না?
নারায়ণগঞ্জ আদালত অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অনিয়ম বিরাজ করছে। টাউট উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ না থাকা, দালালদের বেপরোয়া দৌরাত্ম্য, পোশাকবিধি লঙ্ঘন এবং আইন না মেনে শিক্ষানবিশদের স্বাধীনভাবে ওকালতি করার অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীরা।
অনুসন্ধানে জানা যায়, আদালত চত্বরে প্রতিদিন হাজারো বিচারপ্রার্থী সাধারণ মানুষ মামলা-সংক্রান্ত কাজের জন্য এসে টাউট ও দালালদের খপ্পরে পড়ছেন। দ্রুত কাজ পাইয়ে দেওয়া, কম খরচে জামিন করানো বা জজ-ম্যাজিস্ট্রেটের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এসব প্রতারক চক্র। ফলে একদিকে চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা, অন্যদিকে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত নিয়মাবলির তোয়াক্কা না করা। বার কাউন্সিলের স্পষ্ট নিয়ম অনুযায়ী শিক্ষানবিশদের পরিচয় নিশ্চিত করতে লাল টাই পরিধান করা বাধ্যতামূলক। কিন্তু নারায়ণগঞ্জ কোর্টে অনেক শিক্ষানবিশই লাল টাই পরছেন না। শুধু তা-ই নয়, শিক্ষানবিশদের স্বাধীনভাবে চেম্বার চালানো বা আইনি প্র্যাকটিস করার কোনো এখতিয়ার না থাকলেও অনেকে আইনজীবী নেতাদের নাম ভাঙিয়ে চেম্বার খুলে বসেছেন এবং নিয়মিত ওকালতি চালিয়ে যাচ্ছেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জ্যেষ্ঠ আইনজীবী অভিযোগ করেন, আদালত অঙ্গনকে দালালমুক্ত করার জন্য বা টাউটদের ধরতে গেলে কিছু সুবিধাবাদী আইনজীবী তাদের পাশে এসে দাঁড়ান এবং তাদের রক্ষা করেন। এই সুবিধাবাদী গোষ্ঠীর আশকারা পেয়েই টাউট-দালালরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
পেশাগত শৃঙ্খলা ও আইনের শাসন রক্ষায় সচেতন আইনজীবীরা মনে করছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা বারের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হবে।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের দাবি, নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন ও আদালত প্রশাসনের যৌথ উদ্যোগে অবিলম্বে একটি শক্তিশালী “টাউট উচ্ছেদ কমিটি” গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।বার কাউন্সিলের ড্রেসকোড বাস্তবায়নে কঠোরতা আরোপ করতে হবে, যাতে শিক্ষানবিশদের চিহ্নিত করা সহজ হয়। জ্যেষ্ঠ আইনজীবীদের তদারকি ছাড়া শিক্ষানবিশরা যেন কোনো অবস্থাতেই স্বাধীনভাবে চেম্বার পরিচালনা বা ওকালতি করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করতে হবে। যেসব আইনজীবী টাউট ও দালালদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগে বার কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ ও চরম বিতর্ক। ক্ষমতা ও আধিপত্য টিকিয়ে রাখতে বহুরূপী রাজনীতির পশরা সাজিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কমিটির সদস্য লিটন। অতীতে আওয়ামী লীগের এমপি ও প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ বলয়ে থেকে সুবিধা বাগিয়ে নেওয়া এই নেতা এখন রাতারাতি খোলস পাল্টে বর্তমান বিএনপি এমপির ‘শেল্টারে’ চেয়ারম্যান হওয়ার স্বপ্নে বিভোর।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে প্রভাব বিস্তার করেছিলেন লিটন। সে সময় আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে তার ছিল গভীর সখ্যতা ও প্রকাশ্য ওঠাবসা। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের অবস্থান নিরাপদ রাখতে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা বাগাতে তিনি এখন ভীড় জমিয়েছেন বিএনপির প্রভাবশালী এমপির বলয়ে।
বর্তমানে বিএনপির এমপির ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে পুরো হাইজাদী ইউনিয়ন সয়লাব করে দিয়েছেন লিটন। শুধু তা-ই নয়, এমপির ডান পাশে বসে বিভিন্ন সরকারি ও সামাজিক প্রোগামে তাকে অংশ নিতে দেখা যাচ্ছে নিয়মিত। ক্ষমতার এই নগ্ন রূপান্তর দেখে খোদ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে।
হাইব্রিড এই নেতার আগমনে ক্ষুব্ধ ত্যাগী ও কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বিগত দিনে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদেরকে একপাশে ঠেলে দিয়ে লিটনের মতো একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতাকে নিয়ে মাতামাতি করছেন গুটিকয়েক ‘সুমনপন্থী’ বিএনপি নেতাকর্মী। অভিযোগ রয়েছে, বিপুল অঙ্কের টাকা ছিটিয়ে এবং বিএনপির ভেতরের একশ্রেণির সুবিধাভোগী চক্রকে ম্যানেজ করে মাঠে নিজের পাল্লা ভারী করার চেষ্টা করছেন লিটন।
এদিকে সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে—হঠাৎ করে একজন আওয়ামী লীগ নেতাকে নিজ ছায়াতলে টেনে নিয়ে মাঠে নামানোর পেছনে বিএনপির স্থানীয় এমপির ভূমিকা ঠিক কী?
অভিজ্ঞ মহল মনে করছে, এমপি হয়তো লিটনকে মাঠে নামিয়ে নির্বাচনকে উত্তপ্ত করছেন এবং তার মাধ্যমে রাজনৈতিক দরকষাকষির শক্তি বাড়িয়ে নিচ্ছেন। টাকা এবং প্রভাবকে পুঁজি করে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার এই পাঁয়তারা হাইজাদী ইউনিয়নের সাধারণ ভোটাররা ভালোভাবে নিচ্ছেন না।
হাইজাদী ইউনিয়নের সাধারণ জনগণ ও তৃণমূলের বিএনপি সমর্থকেরা জানান, বিগত সরকারের আমলে সুবিধাভোগী কোনো নেতার পুনর্বাসন তারা বরদাশত করবেন না। বহুরূপী লিটনের এই রাজনৈতিক ভেল্কিবাজি এবং টাকার জোরে চেয়ারম্যান হওয়ার চেষ্টাকে ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন বলে প্রহর গুনছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত লিটন ও স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে হাইজাদীর রাজনীতিতে এখন মূল আলোচনার বিষয়—আওয়ামী লীগের লিটন কি বিএনপির এমপির শেল্টারে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদ হাতিয়ে নিতে পারবেন, নাকি রাজপথের ত্যাগী নেতারাই শেষ হাসি হাসবেন?
আপনার মতামত লিখুন