রাত পোহালে এমপি আজাদ এর সংবর্ধনা, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান সাংস্কৃতিক আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী জেমস, হাসান ও জেফার।
আগামী ২২ নভেম্বর রবিবার সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজনকে সফল ও উৎসবমুখর করতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজসজ্জা এবং ব্যানার-ফেস্টুন লাগানোর কাজ। শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি অনুষ্ঠানে তাঁকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাসির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া এবং সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাকসুদুল হক।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জেমস, হাসান ও জেফার। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন