কাঠের চশমায় শীর্ষ নেতৃত্ব, অভুক্ত ত্যাগীরা।
রাজনীতি বা সামাজিক অঙ্গনে ‘নেতৃত্ব’ ও ‘ত্যাগ’—এই দুটি শব্দ একে অপরের পরিপূরক হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দুই পদের সংজ্ঞায় ও বাস্তবতায় তৈরি হয়েছে এক গভীর ব্যবধান। সম্প্রতি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এমন এক দৃশ্যপট সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। একদিকে সুউচ্চ ইমারত আর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সুদৃশ্য কাঠের চশমা পরিহিত শীর্ষ নেতৃত্ববৃন্দের বিলাসবহুল জীবনযাত্রা, অন্যদিকে পেটে ভাত নেই অথচ দলের বা সংগঠনের দুর্দিনে যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, সেই অভুক্ত ত্যাগী নেতাকর্মীদের করুন ও অবহেলিত অবস্থান—এই বৈপরীত্য আজ চরম আকার ধারণ করেছে।
এই সার্বজনীন বৈপরীত্যের সবচেয়ে স্পষ্ট ও বাস্তব রূপ ফুটে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাজনৈতিক অঙ্গনে। বিগত দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন, মামলা-হামলা, পুলিশি নির্যাতন এবং জেল-জুলুমের শিকার হয়ে যারা মাঠ কামড়ে পড়েছিলেন, সেই পরীক্ষিত ও ত্যাগী বিএনপি নেতারা আজ কোণঠাসা। তাদের অনেকের গায়েই জড়িয়ে আছে বিগত দিনের রাজনৈতিক মামলার ক্ষত, অথচ দলের সুসময়ে বা ক্ষমতার পালাবদলের হাওয়া লেগে আড়াইহাজারের রাজনীতিতে একশ্রেণির ‘হাইব্রিড’ ও ‘নব্য’ নেতার উত্থান ঘটেছে।
মাঠের রাজনীতিতে একসময় যারা ছায়ায় ছিলেন বা প্রতিকূল সময়ে দলের খোঁজ নেননি, সেই সুবিধাবাদীরাই আজ কাঠমাখা চশমার আড়ালে শীর্ষ নেতৃত্বের কাছাকাছি ভিড়ে নিয়ন্ত্রণ নিচ্ছেন সবকিছু। বিগত দিনে যারা রাজপথে রক্ত দিয়েছেন কিংবা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন, সেই অভুক্ত ত্যাগীরা আজ পেছনের সারিতে। পকেট ভারী করা নব্য ও হাইব্রিড নেতারা নানা উপায়ে নিজেদের আখের গুছিয়ে নিলেও, ত্যাগী নেতাকর্মীদের ভাগ্যে জুটেছে শুধু বঞ্চনা আর অবহেলা।
সাম্প্রতিক সময়ে আড়াইহাজারের স্থানীয় রাজনীতিতে এই বঞ্চনা ও একচেটিয়া আধিপত্যের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে যখন একাধিক পরীক্ষিত ও ত্যাগী নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে নিজেদের ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও স্ট্যাটাসগুলোতে উঠে এসেছে এক করুণ বাস্তব চিত্র—যেখানে দাবি করা হচ্ছে, বিগত দিনে রক্ত ও শ্রম দিয়ে গড়া সংগঠন এবং এর প্রতিটি সেক্টর আজ গুটি কয়েক সুবিধাবাদী নেতার ব্যক্তিগত সিন্ডিকেট ও জিম্মি দশার শিকার।
ফেসবুকে ক্ষোভ প্রকাশকারী ত্যাগী নেতারা অভিযোগ করেছেন, যারা দুর্দিনে রাজপথে ছিলেন না, ক্ষমতার পট পরিবর্তনের পর তারাই বনে গেছেন সর্বেসর্বা। স্থানীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম—সবক্ষেত্রেই একটি বিশেষ গোষ্ঠী নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রকৃত ত্যাগীদের দূরে সরিয়ে রাখছে। এই ভার্চুয়াল ক্ষোভ ও প্রতিবাদের ঝড় প্রমাণ করে যে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনে চাপা ক্ষোভ ও অসন্তোষ এখন আর চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নেই, বরং তা প্রকাশ্য রূপ লাভ করেছে।
বিশ্লেষকদের মতে, সংগঠনের মূল ভিত হলো তৃণমূলের সেইসব কর্মী, যারা নিজেদের পেটের ক্ষুধা নিবাররণের কথা না ভেবে দিনের পর দিন শ্রম দিয়ে যান। অথচ ক্ষমতার বলয়ে পৌঁছানোর পর শীর্ষ নেতৃত্ব অনেক সময়ই ভুলে যান তাদের ত্যাগের ইতিহাস। কাঠের তৈরি প্রিমিয়াম ও শৌখিন চশমার আড়ালে তাদের দৃষ্টি আজ হয়তো সাধারণ মানুষের না পাওয়ার হাহাকার থেকে দূরে সরে গেছে।আড়াইহাজারেও এর ব্যতিক্রম ঘটছে না; ত্যাগী নেতাকর্মীদের ত্যাগ ও রক্তকে পাশ কাটিয়ে নব্যদের দৌরাত্ম্য স্থানীয় রাজনীতিতে এক ধরণের দূরত্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্ম দিচ্ছে।
সংগঠনের এমন একটি সংকটময় মুহূর্তে ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি ফোটাতে এবং প্রকৃত নেতৃত্বকে পুনরায় জনমুখী করতে সুশীল সমাজ ও সচেতন মহল থেকে জোরালো দাবি উঠেছে। তাদের মতে, শীর্ষ নেতৃত্বকে শুধু বিলাসবহুল প্রতীক বা আনুষ্ঠানিকতার বলয় থেকে বেরিয়ে এসে মাঠের সেই অভুক্ত ত্যাগী কর্মীদের খোঁজ নিতে হবে, যাদের ঘামে অর্জিত হয়েছে আজকের এই অবস্থান। অন্যথায় দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আস্থার সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আড়াইহাজারের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে সত্যিকারের ত্যাগীদের মূল্যায়ন না করলে দীর্ঘমেয়াদে সংগঠনের ভিত্তিমূল নড়বড়ে হয়ে পড়ার শঙ্কা থেকেই যায়।


আপনার মতামত লিখুন