খুঁজুন

জনতার প্রত্যাশার ক্যানভাস সমাপনী করলেন মাসুদুজ্জামান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
জনতার প্রত্যাশার ক্যানভাস সমাপনী করলেন মাসুদুজ্জামান

 

আজ ১০ ডিসেম্বর ২০২৫, নারায়ণগঞ্জের জনগণের প্রত্যাশা, অভিজ্ঞতা ও উন্নয়নমূলক চাহিদাকে কেন্দ্র করে পরিচালিত “মাসুদুজ্জামানের প্রত্যাশার ক্যানভাস” ৪ দিন ব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান সকালে চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। বিগত চার দিন যাবৎ সদর ও বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, সরকারী হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ ও মদনপুর নাজিম উদ্দিন ভূইয়া কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী জনমত গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। যেখানে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাদক, যানযট, ছিনতাই ও সন্ত্রাস- সহ শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, যুব উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সেবা-ব্যবস্থা বিষয়ে প্রায় ২,০০০ মানুষ তাদের প্রত্যাশা ও মতামত লিখিতভাবে ক্যানভাসে তুলে ধরেন।

আজকের সমাপনী অনুষ্ঠানে মাসুদুজ্জামান বলেন,“নারায়ণগঞ্জের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশা জানাই আমাদের প্রকৃত লক্ষ্য। যে পরিবর্তন মানুষ দেখতে চায়, তাদের কাছ থেকেই তা সরাসরি জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি জানান, গত চারদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পরিচালিত “জনতার প্রত্যাশার ক্যানভাস” কার্যক্রমে সংগ্রহ করা সব লিখিত মতামত ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং এগুলো ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা ও নীতি-প্রস্তাবনার ভিত্তি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, অবকাঠামো, সড়কব্যবস্থা, নগরসেবা ও স্থানীয় সুযোগ-সুবিধার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেক সময় নাগরিকের প্রকৃত চাহিদা পরিকল্পনায় প্রতিফলিত হয় না, যার ফলে অসামঞ্জস্যপূর্ণ নকশা, এবং উন্নয়ন অবকাঠামোয় সীমাবদ্ধতা দেখা দেয় যা দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়। দেশের অন্যান্য অঞ্চলের মতো নারায়ণগঞ্জেও এমন উদাহরণ রয়েছে – যেখানে মানুষের বাস্তব সমস্যার সঙ্গে সামঞ্জস্য না থাকায় বিভিন্ন প্রকল্প টেকসই হয়নি বা সাধারণ মানুষের উপকারে আসেনি। জনসাধারণের মতামতের গুরুত্ব আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমরা বিশ্বাস করি নাগরিকদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাকে ভিত্তি করে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব উন্নয়নের পথ তৈরি হয়। এই উদ্যোগে মানুষ সরাসরি লিখিতভাবে জানিয়েছেন তারা কোন পরিবর্তন চান, কোন সমস্যার সমাধান জরুরি এবং স্থানীয় উন্নয়ন নিয়ে তাদের অভিমত কী। সব মতামত অগ্রাধিকার অনুযায়ী শ্রেণিবদ্ধ করে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তী কর্মপরিকল্পনার জন্য দিকনির্দেশনা হিসেবে কাজে লাগাতে চাই।

জনতার প্রত্যাশার ক্যানভাস” নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্মের ভূমিকা পালন করেছে, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ স্বাধীনভাবে তাঁদের চাহিদা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সংগৃহীত এই লিখিত মতামতই নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন-অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হবে—এমনটাই বিশ্বাস করেন নারায়ণগঞ্জের সাধারন জনগণ।

 

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

শহর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল

দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। তিনি তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে তাঁর এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা একটি বিশাল মৌন মিছিল বের করেন। মিছিলে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার প্রধান এসব কথা বলেন।

মিছিলটি নতুন কোর্ট এলাকা থেকে শুরু হয়ে চানমারি রেললাইন অতিক্রম করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় পদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে মহানগর বিএনপির সদস্যপদও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্তটিতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁর সঙ্গে রাজপথে নেমেছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তাঁরা নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দলের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর মতো তৃণমূলের নেতাকর্মীরা যেন দলের অভ্যন্তরে অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে দলের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান

 

বন্দর শ্রী শ্রী লালজী মন্দির, সিরাজউদ্দৌলা মাঠ পূজা মন্ডপ এবং বন্দর বাজার মন্দিরসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের বিভিন্ন দুর্গোৎসব মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু পূজা উদযাপন কমিটির আয়োজক প্রতিনিধিদের হাতে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন।

উপহার প্রদানকালে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পূজা উদযাপন কমিটির গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরী তাসমিন উর্মি। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোখছেদুর রহমান,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সহা,সম্পাদক শ্রী অমুল্য চন্দ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম,

উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ রাসেল মিয়া,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পদ স্থগিতের প্রতিবাদে অ্যাড. আনোয়ার ও রিফাত অনুসারীদের মৌন মিছিল ২২ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে অ্যাডভোকেট শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত, অটোরিকশায় তুলে গরু চুরির চেষ্টা, দুই নারী আটক