নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর নির্বাচনী জনসভায় অংশ নিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহীদ মিনারে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সভায় আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও তা রোধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাতের আঁধারে ভৈরবদী গ্রামে একযোগে একাধিক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আড়াইহাজার উপজেলার ভৈরবদী গ্রামের জামাল উদ্দিন ভূঁইয়ার বাড়ি, আমানের বাড়ি এবং কামালের ঘরে একযোগে এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে এসব বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এই আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, এলাকায় অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকায় নেই নিয়মিত পুলিশ টহল, নেই কোনো তল্লাশি চৌকি বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ।
স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার চিহ্নিত অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এমনকি হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে রহস্যজনক গড়িমসি দেখা যাচ্ছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে কোনো ধরনের চিরুনি অভিযান না থাকায় তরুণ প্রজন্ম অপরাধের দিকে ঝুঁকে পড়ছে, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাত চক্রের এমন বেপরোয়া তাণ্ডব এবং প্রশাসনের এমন নিরবতায় পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। রাতের বেলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে এলাকাবাসী নিজেদের উদ্যোগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবিলম্বে এলাকায় পুলিশের টহল জোরদার, মাদকবিরোধী অভিযান এবং হত্যা মামলার আসামিসহ দাগী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা।
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।
উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন