খুঁজুন

বন্দর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

দেশবাণী রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
বন্দর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

 

নারায়ণগঞ্জ জেলার বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত মিরকুন্ডী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনগণের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান, যিনি এলাকার মানুষদের সঙ্গে মিলিত হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

মাসুদুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রিয় মাদরাসার ছাত্র, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী-আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানাই। আমরা আজ একত্রিত হয়েছি আমাদের প্রিয় দেশনেত্রী, গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার জন্য। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন-তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং মমতার এক উজ্জ্বল প্রতীক। তার সুস্থতা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমি বর্তমানে জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ–৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। এজন্য বিগত দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে এখন সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমরা সব কর্মসূচি দোয়া মাহফিলে রূপান্তর করেছি-কারণ নেত্রীর সুস্থতার চেয়ে বড় বিষয় আর কিছুই হতে পারে না।

স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে নির্যাতিত মা হলেন বেগম খালেদা জিয়া। মানুষের অধিকার রক্ষার সংগ্রামে স্বামী-সন্তানসহ পরিবারে বহু প্রিয়জন হারিয়েও তিনি কখনো পিছু হটেননি। ওয়ান-ইলেভেনসহ বহু বিপদসংকুল সময়ে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও জনগণের পাশে থাকার জন্য তিনি দেশে রয়ে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ, তবুও তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমানের সান্নিধ্য ও সেবার সুযোগ থেকেও বঞ্চিত-স্বৈরাচারী সরকারের নির্যাতন ও বাধার কারণে। এমনকি তার যথাযথ চিকিৎসাও নিশ্চিত করা হয়নি, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি আরও বেড়েছে। বন্দর ও নগর একই মায়ের সন্তান-আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে নারায়ণগঞ্জ–৫ আসনকে আধুনিক, উন্নত ও স্বপ্নময় নগরীতে রূপান্তর করা সম্ভব। গ্যাস সংকট, নিরাপদ পানির অভাব, রাস্তা-সেতু ও পরিকল্পিত নগরায়ণ-সমস্যা আছে, কিন্তু সমাধানের পথও আমাদের হাতেই, যদি সবাই একসাথে কাজ করি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) দোয়া মাহফিলে, উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো: আলমগীর হোসেন, মাহবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। প্রবীণ বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুরাদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়া নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা, ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তিনি সকলকে একত্রিত হয়ে এলাকার সমস্যা সমাধান, সামাজিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ একযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, এলাকাবাসীর কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার) প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে।

​দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে নির্বাচন কমিশন মোট পাঁচটি ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপেই আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

​উপজেলার ১০টি ইউনিয়নকে প্রথম ধাপের নির্বাচনে অন্তর্ভুক্ত করার পেছনে ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকর ভূমিকা রাখায় আড়াইহাজার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাদের মতে, প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের ভোটাধিকার দ্রুত নিশ্চিত হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন।

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবুল বাশার কাসুর মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই টেক্সটাইল মিলটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ ও সুতা থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

​সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে মিলটির উৎপাদন যন্ত্রপাতি ও মজুত থাকা কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
২২ নভেম্বর এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​

​

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং বর্ণাঢ্য ‘নবীন বরণ ও কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল এই পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-২ আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ।

এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ক ট্রী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সরকারি সফর আলী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব খন্দকার নাইমা নুসরাত জিনিয়া এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আনিকা ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি সফর আলী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল।

উক্ত নবীন বরণ ও সাংস্কৃতিক কনসার্ট সফল করতে কলেজ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

১ম ধাপেই হচ্ছে আড়াইহাজারের ইউপি নির্বাচন। আড়াইহাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের টেক্সটাইল মিলে আগুন। ২২ নভেম্বর এমপি'র সংবর্ধনা ও নবীন বরণ কনসার্ট। ​ এমপি আজাদ এর হস্তক্ষেপে " হজ্ব বাংলা" গামের্ন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি। ব্রাহ্মন্দী ৮নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মোঃ রাসেল।