আড়াইহাজারে ‘বেপরোয়া’ মোবারক হোসেনের উত্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়!

আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৯:০১ পূর্বাহ্ণ

​নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের কথিত বেপরোয়া উত্থান ও নানা কর্মকাণ্ড নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্র সংরক্ষণ, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ বালু উত্তোলনের মতো একাধিক গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচিত এই নেতার বিরুদ্ধে এবার বিপুল পরিমাণ অর্থের প্রভাবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে পদ বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

​স্থানীয় রাজনৈতিক সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আসন্ন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক পদ নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন মোবারক হোসেন। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অবৈধ অর্থের মাধ্যমে প্রভাব বিস্তার করে কমিটিতে নিজের অবস্থান পাকাপোক্ত করার তৎপরতা চালাচ্ছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এলাকায় আধিপত্য বিস্তার করলেও বর্তমানে বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন বলয় তৈরির চেষ্টা করছেন মোবারক হোসেন। স্থানীয়দের অভিযোগ, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের বিশ্বস্ত ডানহাত হিসেবে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পলাতক সাবেক এমপি নজরুল ইসলাম বাবু’র বেশ কয়েকটি ছবির সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে। যা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন স্থানীয় রাজনৈতিক মহলে তিনি।

​স্থানীয়দের দাবি, আড়াইহাজারজুড়ে টেন্ডার নিয়ন্ত্রণ, নৌপথে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও অস্ত্র বাণিজ্যের পাশাপাশি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড ও ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ এখনো মোবারক হোসেনের সিন্ডিকেটের হাতেই রয়েছে। এছাড়া আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগ সভাপতির পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে তিনি রাজনৈতিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

​বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবারক হোসেনের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে মামলা না হয়ে কৌশলগতভাবে তার বাবাকে এজাহারভুক্ত আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে।

​বর্তমানে তিনি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের অনুসারী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু আওয়ামীলীগ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা একজন বিতর্কিত ব্যক্তিকে শেষ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান প্রার্থী করছেন কিনা এখন দেখার বিষয়।

​

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন