শীতলক্ষ্যা সেতু নির্মাণ বন্ধ করে দেওয়া হচ্ছে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি কুচক্রী মহল অপসাংবাদিকতার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর একরামপুর এলাকায় আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শীতলক্ষ্যা সেতু প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে আবুল কাউছার আশা বলেন, “কিছুদিন যাবৎ মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে শীতলক্ষ্যা সেতু এমপি সাহেব বন্ধ করে দিচ্ছেন। এখানে একটি মাজার থাকার কথা বলা হয়েছে। কেউ মাজার মানে, কেউ মানে না—এটা যার যার আকিদার ব্যাপার। তবে কারও কবরের ওপর যেন সেতুর পিলার না পড়ে, এটুকুই কেবল বলার রয়েছে। এখানে কোনো স্থাপনা নিয়ে কারও কোনো কথা হয়নি। অথচ বিষয়টি নিয়ে একটি মহল মিডিয়ায় এমনভাবে প্রচার করাচ্ছে যেন একজনকে গণশত্রু বানিয়ে দেওয়া হচ্ছে।”
সেতু নির্মাণের বিষয়ে সংসদ সদস্যের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “এই ব্রিজ হলে বা না হলে এমপি সাহেবের ব্যক্তিগত লাভটা কী? বরং এই শাসনামলে ব্রিজটি নির্মিত হলে এমপি সাহেবই তো এর ফিতা কাটবেন, অন্য কেউ তো কাটবে না। সেতু নির্মাণে তাঁর কোনো লোকসান নেই, এমনকি তাঁর এক শতাংশ জায়গাও নষ্ট হচ্ছে না।”
অনুষ্ঠানে আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ