এত বছর টাকাওয়ালারা কোথায় ছিলঃ মাসুম শিকারী

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৯:৩৬ অপরাহ্ণ

​মাহমুদপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তি এবং টাকার প্রভাব নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতা মাসুম শিকারী। ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, একটি মহল মনোনয়ন পাওয়ার ভুয়া খবর ছড়িয়ে মিষ্টি বিতরণ করছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

​নিজের বক্তব্যে মাসুম শিকারী বলেন, যারা বর্তমানে মনোনয়ন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের রাজনৈতিক অতীত সম্পর্কে এলাকাবাসী অবগত। সহযোদ্ধাদের মিথ্যা আশ্বাস দিতে পারেন না বলেই তিনি এসব গুজবের জবাব দেন না। আর্থিক সামর্থ্যের তুলনা টেনে তিনি মন্তব্য করেন, প্রতিপক্ষ প্রার্থীদের একমাত্র পুঁজি হলো টাকা, কিন্তু তার মূল শক্তি মানুষের ভালোবাসা, দীর্ঘদিনের শ্রম, ঘাম এবং নীতি-আদর্শ।

​দলের প্রতি নিজের ত্যাগের কথা উল্লেখ করে এই নেতা জানান, তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি; বরং বিগত ২০ বছর ধরে নিজের অর্থ ব্যয় করে এবং ১৭টি বছর দলের শীর্ষ অভিভাবকের নেতৃত্বে জীবন-যৌবন উৎসর্গ করে মাহমুদপুর ইউনিয়নকে তিলে তিলে গড়ে তুলেছেন।

​মৌসুমি বা ‘হাইব্রিড’ নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, “হাইব্রিডরা সময়ে আসে, অসময়ে হারিয়ে যায়। এত বছর এই টাকাওয়ালারা কোথায় ছিল?”

​দুষ্কৃতকারী ও গুজব সৃষ্টিকারীদের কথায় কান না দেওয়ার জন্য ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানিয়ে মাসুম শিকারী আশা প্রকাশ করেন, দলের রাজনৈতিক অভিভাবক যোগ্যতা, শ্রম ও আদর্শের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খুব শীঘ্রই সব ধরনের গুজব ও ফটকাবাজি বন্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন এবং সবাইকে সাথে নিয়ে পথ চলার জন্য এলাকাবাসীর দোয়া কামনা করেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন