শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে? ​

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৭:৪৯ অপরাহ্ণ

​

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৯ নম্বর হাইজাদী ইউনিয়নে নির্বাচনী হাওয়া তীব্র আকার ধারণ করেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে এই নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারিত থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান সমীকরণ। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর আত্মপ্রকাশ ঘটেছে। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, উঠান বৈঠক এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন প্রার্থীরা।

স্থানীয় রাজনৈতিক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্তত অর্ধডজন হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন—উপজেলা যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি, জহিরুল ইসলাম জহির, এখলাস উদ্দিন লিটন, জাকির হোসেন ভূঁইয়া, মামুন মাহমুদ এবং মেহেদী হাসান রানা।

এলাকার হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—কে পাচ্ছেন দলীয় বা স্থানীয় জোটের সমর্থন আর শেষ পর্যন্ত কারা থাকছেন চূড়ান্ত ভোটের লড়াইয়ে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে স্থানীয় যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি দলীয় নেতাকর্মী ও তরুণ ভোটারদের নিয়ে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, বিএনপি নেতা জাকির হোসেন ভূঁইয়াও তৃণমূলের সমর্থন আদায়ে এলাকায় নিয়মিত সময় দিচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জোড়ালো অবস্থান তৈরি করেছেন।

এছাড়াও জহিরুল ইসলাম জহির, এখলাস উদ্দিন লিটন, মামুন মাহমুদ এবং মেহেদী হাসান রানা নিজ নিজ বলয়ের কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে সরব রয়েছেন। তবে প্রার্থীদের কারও কারও অতীত রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়েও স্থানীয় মহলে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্ক চলছে।

একই ইউনিয়নে এতগুলো প্রভাবশালী প্রার্থী মাঠে নামায় হাইজাদী ইউনিয়নে এক ধরনের ‘প্রার্থী জট’ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্ত করা না গেলে বা শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতা না হলে ভোটের মাঠে বড় ধরনের বিভাজন তৈরি হতে পারে। এতে মূল প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা দেখছেন দলীয় কর্মীরা।

সাধারণ ভোটাররা বলছেন, এবার তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পেশিশক্তি নয়, বরং এলাকার অবকাঠামোগত উন্নয়ন, মাদক নির্মূল এবং জনসাধারণের বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যাবে—এমন যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকেই ইউনিয়ন পরিষদের হাল ধরার জন্য বেছে নেবেন।

ঘোষিত তফসিল ও নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সিদ্ধান্ত এবং স্থানীয় সমীকরণের ওপর নির্ভর করছে—এই ছয় প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কারা মূল লড়াইয়ে টিকে থাকবেন আর কারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন