নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় বৃদ্ধ আক্রম আলীর বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিপক্ষ আশকর আলী গংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আক্রম আলীর স্ত্রী নাছিমা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, খাগকান্দা দক্ষিণ নয়াপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে আশকর আলী ও তাঁর স্ত্রী কুহিনুরসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন দীর্ঘদিন ধরে আক্রম আলীর বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে আদালতে বিরোধ চলমান রয়েছে। এর আগে ভুক্তভোগী আক্রম আলী বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা (নং- ৯০৬/২৪) এবং একটি ফৌজদারি মামলা (নং- ২৮৩/২৪) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মামলা চলমান থাকা সত্ত্বেও গত ৩১ অক্টোবর ২০২৫ (বা ২০২৬) খ্রিষ্টাব্দে সন্ধ্যার দিকে অভিযুক্তরা বাদীর বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। প্রতিবাদ করলে তাঁরা বাদীর ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। একপর্যায়ে অভিযুক্তরা বাদীর টিনের রান্নাঘর ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।
শুধু তাই নয়, প্রতিপক্ষরা টিউবওয়েলের ভেতর গরুর বর্জ্য ফেলে পানি পানের অনুপযোগী করে তোলে এবং বসতঘরের ভেতরেও বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করে। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত লোকজনের সামনে ভুক্তভোগী পরিবারকে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ এবং বাধা দিলে খুন-জখম করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে আক্রম আলীর পরিবার। এ বিষয়ে আইনগত সহায়তা ও সুষ্ঠু বিচার পেতে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নাছিমা বেগম।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ