নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় লাইসেন্স নবায়ন না করেই এবং কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই দেদারসে চলছে ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কঠোর নির্দেশনা জারি করা হলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান বা পদক্ষেপ না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে উপজেলার সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে—কাদের ছত্রছায়ায় বা কাকে ‘ম্যানেজ’ করে বছরের পর বছর চলছে এসব অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান?
সিভিল সার্জন কার্যালয়ের সরবরাহ করা তালিকা অনুযায়ী, আড়াইহাজার উপজেলায় মোট ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধিত রয়েছে। তবে এর মধ্যে ১৩টি হাসপাতালের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং ১টি হাসপাতাল সম্পূর্ণ অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, লাইসেন্স নবায়ন না করে মেয়াদোত্তীর্ণ অবস্থায় চলা ১৩টি প্রতিষ্ঠান ও সেগুলোর সর্বশেষ নবায়নের অর্থবছর হলো—
- আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১)
- মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২)
- হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২০২৩)
- জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২০২৩)
- এ টু জেড ডিজিটাল হাসপাতাল (২০২৩-২০২৪)
- সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪)
- ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪)
- নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪)
- পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪)
- কনফিডেন্ট মেডিকেল সেন্টার (২০২৩-২০২৪)
- প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫)
- ফিয়ার্স আই হাসপাতাল (২০২৪-২০২৫)
- পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (২০২৫-২০২৬)
সিভিল সার্জন কার্যালয়ের নিবন্ধিত তালিকার সম্পূর্ণ বাইরে থাকা আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত ‘প্রবাসী কল্যাণ হাসপাতাল’-এর কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। অনুমোদনহীন এই হাসপাতালটির বিরুদ্ধে সম্প্রতি চিকিৎসায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৫ অক্টোবর ওই হাসপাতালে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ও সঠিক চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ২০২০-২১ অর্থবছর থেকে লাইসেন্স নবায়ন না করেও কীভাবে একটি প্রতিষ্ঠান বছরের পর বছর চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছে? অনুমোদনহীন হাসপাতালে রোগী মৃত্যুর মতো ফৌজদারি অপরাধ ঘটলেও কেন তা আইনের আওতায় না এনে টাকার বিনিময়ে মীমাংসা করা হচ্ছে? অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ও সংশ্লিষ্ট তদারকি সংস্থার এক শ্রেণির অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এসব প্রতিষ্ঠান নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী, বৈধ লাইসেন্স বা নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪(ক) ধারা অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের বিধান রয়েছে, যা টাকার বিনিময়ে আপসযোগ্য নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ ও মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠান সিলগালা করা না হলে আড়াইহাজারের সাধারণ মানুষের জীবন আরও বড় ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৯:৫৯ পূর্বাহ্ণ