হঠাৎ সম্ভাব্য ১০ চেয়ারম্যান প্রার্থীর ডাক।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৩:৫৩ অপরাহ্ণ

 

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদের আহ্বানে উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য এই ১০ জন চেয়ারম্যান প্রার্থী বৈঠকে অংশ নেন।

নাম প্রকাশে অনেচ্ছুক সূত্র বলছে, হঠাৎ করেই সম্ভাব্য এই প্রার্থীদের ডেকে পাঠান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বৈঠকে আসন্ন ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতার ভাষ্যমতে, এমপি নজরুল ইসলাম আজাদ সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের নিজ নিজ ইউনিয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য বজায় রাখার এবং দলের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান। এছাড়া, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে উপস্থিত নেতারা জানিয়েছেন।

হঠাৎ এই বৈঠক ও সম্ভাব্য ১০ প্রার্থীর ডাক পাওয়ার খবরে আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ও নানা আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

 

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন