আসন্ন আড়াইহাজার উপজেলার ৯নং হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নতুন হাওয়া। সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এখন একটিই নাম—মো. জাকির হোসেন ভূঁইয়া। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পেরিয়ে তিনি আজ হাইজাদী ইউনিয়নবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু কে এই জাকির হোসেন ভূঁইয়া? কেনই বা তৃণমূল নেতাকর্মীরা তাঁর ওপর এত বেশি আস্থাশীল?
খোঁজ নিয়ে জানা যায়, জাকির হোসেন ভূঁইয়া হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রউফ ভূঁইয়া এবং মাতা মরহুমা তাহেরুন নেছা। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে উজ্জীবিত হয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। রাজপথের পরীক্ষিত এই নেতা দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
১৯৯৯ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জাকির হোসেন ভূঁইয়ার রাজনৈতিক জীবন অত্যন্ত বর্ণাঢ্য ও গতিশীল। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত হাইজাদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর অত্যন্ত সফলতার সাথে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি মূল দল ও অঙ্গসংগঠনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক (২০২১-২০২৪), হাইজাদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক (২০২২-২০২৩) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে হাইজাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহবায়ক-এর দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৯নং হাইজাদী ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) হিসেবে দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার সাথে জনগণের সেবা করে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় জাকির হোসেন ভূঁইয়াকে বারবার রোষানলের মুখে পড়তে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁর বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দায়ের করা হয়। দলের জন্য রাজপথে লড়াই করতে গিয়ে তাঁকে টানা ১২৭ দিন কারাভোগ করতে হয়। শুধু তাই নয়, কারাবাসকালীন সময়ে তাঁকে ২ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এর আগেও বিভিন্ন সময়ে ৩ বার তাঁকে অন্যায়ভাবে থানায় আটকে রেখে হেনস্তা ও হয়রানি করা হয়েছে। এত নির্যাতন ও দমন-পীড়নও তাঁর মনোবল ভাঙতে পারেনি; বরং তাঁকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ করেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, জাকির হোসেন ভূঁইয়া সুসময়ের নেতা নন, তিনি দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। হামলা-মামলা ও কারাবাস সহ্য করেও তিনি দলের আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। তাঁর এই আপসহীন মনোভাব, দীর্ঘ জনসেবার অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাঁকে হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষের কাছে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই পুরো এলাকায় এক অভূতপূর্ব ইতিবাচক সাড়া পড়েছে। তৃণমূলের আশা, সৎ, সাহসী ও ত্যাগী এই নেতা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে হাইজাদী ইউনিয়ন একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরিত হবে।

বিশেষ প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১:০৫ পূর্বাহ্ণ