আসন্ন হাইজাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী এখলাস উদ্দিন লিটন। একদিকে দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং অন্যদিকে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবাধ মেলামেশা ও লবিং—এই দুইয়ের মেলবন্ধনে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধূম্রজাল।
স্থানীয় সূত্রে জানা যায়, এখলাস উদ্দিন লিটন দীর্ঘকাল ধরে এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিগত দিনে দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ এবং স্থানীয় ক্ষমতার পালাবদলে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিজের অবস্থান শক্ত করেন। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনিয়নজুড়ে নিজের আধিপত্য বিস্তার এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের ক্ষমতার সেই সময়ে তার কর্মকাণ্ড স্থানীয় সাধারণ মানুষ ও বিরোধী মতের লোকজনের নজর এড়ায়নি।
রাজনৈতিক পটপরিবর্তন ও বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিবেচনা করে লিটন এখন নিজের খোলস পাল্টাতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির হাইকমান্ড ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গোপনে ও প্রকাশ্যে অবাধে মেলামেশা শুরু করেছেন তিনি। নিজেকে বিএনপির সমর্থক বা তাদেরই লোক হিসেবে জাহির করার নানা কৌশল নিচ্ছেন এই প্রার্থী। অভিযোগ রয়েছে, বিএনপির পদধারী ও প্রভাবশালী নেতাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি মূলত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের পুরনো পরিচয় আড়াল করে বিএনপির মোড়ক গায়ে জড়ানোর এই কৌশলকে অনেকেই সুবিধাবাদী রাজনীতি হিসেবে দেখছেন।
চেয়ারম্যান প্রার্থী এখলাস উদ্দিন লিটনের এই দ্বিমুখী রাজনৈতিক চরিত্র নিয়ে হাইঝাদী ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে চরম অসন্তোষ ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বলছেন, যারা এতদিন আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, সুসময়ে এসে তারা এখন নিজেদের রঙ বদলিয়ে অন্য দলের পরিচয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।
স্থানীয় সচেতন মহলের মতে, আদর্শিক রাজনীতির বাইরে গিয়ে এভাবে খোলস পাল্টে প্রার্থী হওয়া ইউনিয়নবাসীর জন্য প্রতারণার শামিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, লিটনের এই অতীত আওয়ামী কর্মকাণ্ড এবং বর্তমান বিএনপিপ্রীতি নিয়ে ভোটারদের মাঝে আলোচনা ততই জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, হাইজাদী ইউনিয়নের সাধারণ মানুষ এই সুবিধাবাদী রাজনীতির জবাব কীভাবে দেন।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ১১:১৩ পূর্বাহ্ণ