নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আইনজীবী ও বিএনপির নেতাকর্মীদের প্রধান আস্থা ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। তবে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে আইন ও বিচার বিভাগের এক আদেশে তাঁর নিয়োগ বাতিল করে অ্যাডভোকেট সুমন মিয়াকে এই পদে নতুন পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
খোরশেদ আলম মোল্লাকে আকস্মিকভাবে সরিয়ে নতুন পিপি নিয়োগ দেওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তীব্র অসন্তোষ ও আইনজীবীদের বিক্ষোভ শুরু হয়। তার কারণও আছে বেশ।কারণ হিসেবে সাধারণ আইনজীবীরা বলছেন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা একজন অত্যন্ত ত্যাগী ও প্রবীণ জাতীয়তাবাদী আইনজীবী। তিনি বিগত দিনে সমস্ত বির্তকের বাহিরে থেকে দায়িত্ব পালন করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এর মতো গুরুত্বপূর্ণ পদে। তিনি দায়িত্ব পালনকালে আদালতপাড়া ও আইনজীবীদের ভাবমূর্তি অত্যন্ত সুন্দরভাবে রক্ষা করেছিলেন, যার কারণে সাধারণ আইনজীবী ও দলের সকলের কাছে তিনি অত্যন্ত আস্থাশীল ও গ্রহণযোগ্য ছিলেন।
খোরশেদ আলম মোল্লার নিয়োগ বাতিল করে নতুন পিপি হিসেবে অ্যাডভোকেট সুমন মিয়াকে দায়িত্ব দেওয়ার পর সাধারণ আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। নতুন পিপির বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এই নিয়োগের বিরোধিতাকে কেন্দ্র করে আইনজীবীদের প্রতিবাদের মুখে নতুন পিপি সুমন মিয়া ট্রাইব্যুনালে এখনো তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। পিপির কার্যালয় বা চেম্বারে এখনোও ঝুলছে তালা। তালা ঝুলার বিষয়ে অনেকের ধারণা ভিন্ন হলেও খোদ সাবেক স্পেশাল পিপি অ্যাড. খোরশেদ মোল্লা তার চেয়ার চলে যাওয়ার সঙ্গেই সঙ্গেই কার্যালয়ের চাবি বুঝিয়ে দেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট।
অতি সম্প্রতি আদালতপাড়ার গুটিকয়েক সুবিধাবাদী আইনজীবী নেতা সুমনকে পিপির আসনে বসানোর মিশন নিলেও এ নিয়ে ধাক্কাধাক্কি ও হেনস্তার ঘটনাও ঘটে। অথচ এই নেতাদের মুখেই কিছুদিন আগে ছিল সুমন বিরোধী শ্লোগান। যাদের অবস্থান নিয়ে বর্তমান সময়ে সাধারণ আইনজীবীদের মনে তৈরি হয়েছে মিশ্রপ্রতিক্রিয়া ও চরম ক্ষোভ। আদালতপাড়ার এমন উত্তপ্ত পরিস্থিতিতে যখনই কেউ ঘি ঢালার চেষ্টা করছেন তখন নিজেই দগ্ধ হচ্ছেন সাধারণ আইনজীবীদের প্রতিবাদের মুখে।
সামগ্রিকভাবে এতেই বুঝা যাচ্ছে যে, নারায়ণগঞ্জ আদালতপাড়ার আইনজীবীদের একটি বড় অংশের অবস্থান ও চলমান আন্দোলন এটাই প্রমাণ করে যে, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি হিসেবে খোরশেদ আলম মোল্লাতেই সাধারণ আইনজীবীদের মূল আস্থা ছিল এবং ভবিষ্যতেও রাখতে চান আস্থা।

আদালত প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১০:৩২ পূর্বাহ্ণ