নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে গিয়াসউদ্দিনের বাড়িতে যান মান্নান। এই সময় দু’জনের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশে কথাবার্তা হয়। তারা একে অপরকে ফল খাইয়ে দিয়ে কুশল বিনিময় করেন। তারা কোলাকুলিও করেন।
আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে তার ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরাও ছিলেন। অন্যদিকে বাড়িতে ছিলেন গিয়াসউদ্দিনের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিএম সাদরিলও।
মান্নান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিনের কাছে সমর্থন প্রত্যাশা করে তার কাছে দোয়া চান। এবং আগামী নির্বাচনে তার সহযোগিতা কামনা করে বলেন, তিনি গিয়াসউদ্দিনের বাড়িতে আবারও আসবেন, বারবার আসবেন। গিয়াসউদ্দিনও হাসিমুখে তার কথায় সায় দেন।
এর আগে গত ৬ নভেম্বর গিয়াসউদ্দিনের মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে যান আজহারুল ইসলাম মান্নান। উদ্দেশ্য ছিল গিয়াসউদ্দিনের সঙ্গে দেখা করা। কিন্তু গিয়াসউদ্দিনের সাক্ষাৎ ওইদিন তিনি পাননি। এতে কিছুটা মনক্ষুন্নও হন আজহারুল ইসলাম মান্নান। সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তেমন অভিব্যক্তি প্রকাশও করেন তিনি।

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ