আশাকে বিএনপির শোকজ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১০:২০ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সখ্য বজায় রাখার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত এক নোটিশে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

​নোটিশে উল্লেখ করা হয়, “দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পদধারী এবং শামীম ওসমান পরিবারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে রেখে দলীয় নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। তাদের সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দলের ভাবমূর্তি ও আদর্শ চরমভাবে ক্ষুণ্ন করায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।”

​শোকজ নোটিশের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষেপে বলেন, “এ বিষয়ে নো কমেন্টস।”

​দলীয় সূত্রে জানা গেছে, শোকজ নোটিশের অনুলিপি ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক (১ ও ২) এবং দপ্তর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন