নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অনুমোদনহীনতা ও চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ডেন্টাল ক্লিনিক ও ডেন্টাল ইউনিটগুলোর বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা অনুযায়ী এই উপজেলায় ২৭টি ডেন্টাল ক্লিনিক ও ডেন্টাল ইউনিট রয়েছে, যার অধিকাংশেই নিয়মিত বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী চিকিৎসক থাকেন না। অনেক ক্ষেত্রে চিকিৎসকের অনুপস্থিতিতেই চলছে রোগী দেখা ও চিকিৎসা কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ (২৫ নভেম্বরের) তালিকা অনুযায়ী, ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টিতে সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক রোগী দেখেন। ফলে সপ্তাহের বাকি দিনগুলোতে কারা এবং কোন যোগ্যতায় রোগীদের চিকিৎসা দিচ্ছেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানুয়ারি ২০২৬ সালের তালিকায় যেখানে সপ্তাহে এক-দুই দিন চিকিৎসক বসেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬টি, সর্বশেষ তালিকায় তা বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে। এছাড়া তালিকার ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০টির বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধন নম্বর উল্লেখ রয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন বা অনাপত্তিপত্র (এনওসি) নেই বলে তথ্য পাওয়া গেছে।
আড়াইহাজার সদর বাজারের ‘ঢাকা ডেন্টাল ক্লিনিক’-এ সরেজমিনে গিয়ে দেখা যায়, বিডিএস চিকিৎসক ছাড়াই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ক্লিনিকের মালিক আনিসুর রহমান চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যবহার করে ওষুধ লিখে দিচ্ছেন এবং চিকিৎসকের নামে রোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে ভিজিট নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় তারা এভাবেই কার্যক্রম পরিচালনা করছেন।
একই চিত্র দেখা গেছে সদর বাজারের ‘মিতালী ডেন্টাল কেয়ার’-এ। সেখানে বিডিএস চিকিৎসকের অনুপস্থিতিতেই চিকিৎসা চলতে দেখা যায়। প্রতিষ্ঠানটির মালিক লুৎফুর রহমান রোগীদের কাছ থেকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভিজিট নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ের তালিকা সংরক্ষণ করে তা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সিভিল সার্জন কার্যালয় সিদ্ধান্ত নেবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন এসএম সাখাওয়াত হোসেন বলেন, ডেন্টাল ক্লিনিক চালাতে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। তবে ব্যক্তিগত চেম্বার হলে অনুমোদনের প্রয়োজন নেই। ক্লিনিক হয়ে থাকলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আড়াইহাজার উপজেলা ডেন্টাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের কমিটির আহ্বায়ক ও মডার্ন ডেন্টাল কেয়ার ক্লিনিকের মালিক হাকিম আব্দুল জলিল জানান, তারা স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন এবং অধিদপ্তরের নির্দেশনা না আসা পর্যন্ত তাদের কার্যক্রম সচল থাকবে। নির্দেশনা এলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকা অনুযায়ী আড়াইহাজারের প্রতিষ্ঠানগুলো হলো— মুক্তি ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), দি ডেন্টাল সেন্টার ওয়ার্ল্ড (আড়াইহাজার বাজার), আড়াইহাজার চক্ষু হাসপাতাল অ্যান্ড ডেন্টাল ইউনিট (আড়াইহাজার বাজার), মিতালী ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), হাসান ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), মা ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), খুশি ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), কাজী ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), সিটি ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), হাসি ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), জনতা ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), কামাল ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), ঢাকা ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), জিলানী ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), অ্যাপোলো ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), হাসান ডেন্টাল কেয়ার (মাহমুদপুর বাজার), ইসলামিয়া ডেন্টাল কেয়ার (দয়াকান্দা বাজার), নাজমা ডেন্টাল কেয়ার (কালাপাহাড়িয়া বাজার), মা ডেন্টাল কেয়ার (জাঙ্গালিয়া বাজার), মডার্ন ডেন্টাল কেয়ার (জাঙ্গালিয়া বাজার), জান্নাত ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার), আলী ডেন্টাল কেয়ার (আড়াইহাজার বাজার),ফ্যামিলি ডেন্টাল কেয়ার (জাঙ্গালিয়া বাজার),ঢাকা ডেন্টাল কেয়ার (গোপালদী বাজার),ডেন্টাল হেলথ কেয়ার (গোপালদী বাজার),মুক্তাসীন ডেন্টাল কেয়ার (ইতবরদী বাজার।
সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রকৃত কার্যক্রম, চিকিৎসকদের পেশাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অনুমোদন সরেজমিনে যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে দাঁতের চিকিৎসার নামে সাধারণ রোগীরা প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির শিকার না হন।

আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১:৫২ অপরাহ্ণ