নারায়ণগঞ্জ শহরের সাথে বন্দরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রেখে বন্দরকে উন্নয়নবঞ্চিত ও অন্ধকারে রাখতে একটি অসাধু চক্র কাজ করছে বলে দাবি করেছে ‘বন্দর উন্নয়ন ফোরাম’। একইসঙ্গে একটি মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বপ্নের কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার যে চক্রান্ত চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরামের নেতৃবৃন্দ এই দাবি ও প্রতিবাদ জানান। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী সাঈদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাফেজ কবির হোসেন, সদস্য সচিব আব্দুল লতিফ রানা এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কদম রসুল সেতু নারায়ণগঞ্জ সদর ও বন্দরের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল। শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি যুগ যুগ ধরে চলে এলেও একটি অসাধু চক্রের হীনস্বার্থে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যৌথ উদ্যোগে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই ওই চক্রটি প্রকাশ্যে ও গোপনে সেতু নির্মাণের বিরোধিতা করে আসছে। বর্তমানে মাজারকে উসিলা করে কাজ বন্ধের যে অপচেষ্টা চলছে, তা সেই পুরোনো ষড়যন্ত্রেরই অংশ।”
চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, “বন্দরকে অন্ধকারে রেখে কোনো ধরনের অপরাজনীতি সদর ও বন্দরবাসী মেনে নেবে না। মাজারকে ব্যবহার করে সেতুর কাজ বন্ধ করার চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে এবং চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করে তাদের বন্দরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সেতুর নির্মাণ কাজ সচল রাখতে মাজার স্থানান্তরসহ সব ধরনের অপকৌশল রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় লক্ষ লক্ষ জনতা রাজপথে নামতে বাধ্য হবে।”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দর খেয়াঘাট দিয়ে প্রতিদিন পারাপার হওয়া লক্ষ লক্ষ যাত্রীর দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকি কমাতে এই সেতুটি অপরিহার্য। তাই দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই উন্নয়ন কাজ যেন কোনোভাবেই থেমে না যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের একটি সুষ্ঠু ও কার্যকর সমাধানের মাধ্যমে লাখো জনতার পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছে বন্দর উন্নয়ন ফোরাম।

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ