ঝর্ণার পাশে বাবু- দুরবস্থায় নেতাকর্মী , আস্থা সংকটে আড়াইহাজার তৃণমূল আঃলীগ।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ

​নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা, তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সম্প্রতি সাবেক সংসদ সদস্য (এমপি) বাবুর স্ত্রীর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে বিদেশে স্ত্রী-সন্তানসহ অবস্থানকালীন একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূলের অভিযোগ, প্রতিকূল ও সংকটময় সময়ে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিদেশে পরিবার নিয়ে ফুরফুরে ও খোশমেজাজে সময় কাটাচ্ছেন সাবেক এই এমপি। এতে নেতৃত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন মাঠ পর্যায়ের কর্মীরা এবং তার ডাকে মাঠে নেমে ‘বলির পাঠা’ হতেও নারাজ তারা।

​সাম্প্রতিক লকডাউনের সময়ে এই অনাস্থা ও নিষ্ক্রিয়তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কোথাও কোথাও বিচ্ছিন্ন ও অপ্রত্যাশিত দু-একটি ঘটনা ঘটলেও আড়াইহাজারে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি; মাঠে ছিল না কোনো নেতাকর্মী। রাজনৈতিক পটপরিবর্তন ও চলমান বৈরী পরিস্থিতির কারণে মামলা-মোকদ্দমা, অর্থনৈতিক সংকট এবং এলাকাছাড়া হওয়ার মতো নানা চাপে যখন তৃণমূলের কর্মীরা দিশেহারা, ঠিক তখনই বিদেশের মাটিতে এমন স্বস্তিদায়ক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসায় ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলেছে।

​স্থানীয় একাধিক তৃণমূল কর্মীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, ঘাম ও সময় দিলেও বর্তমান দুঃসময়ে তারা নিজেদের অসহায় ও পরিত্যক্ত মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী ক্ষোভের সুরে বলেন, “এমপি বিদেশের মাটিতে স্ত্রী-সন্তান নিয়ে তো ভালোই আছেন, আমরা কেন তার ডাকে মাঠে নেমে বলির পাঠা হব? আগে এমপি তার সন্তান ও পরিবার নিয়ে দেশে এসে মাঠে থাকুক, তারপর না হয় আমরা মাঠে যাব। নতুবা আমরা আর তাকে নিয়ে মাতামাতি করতে রাজি নই।”

​ক্ষুব্ধ কর্মীদের আরেক অংশের প্রশ্ন, “এমপি বাবু স্ত্রীকে নিয়ে সাগরপাড়ে যাবেন, ঝর্ণা দেখতে যাবেন, ফুল-কলির সুবাস নেবেন—আর আমরা খাব পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেট? আমাদেরও তো পরিবার আছে। আমরা পরিবারকে আর তার মিষ্টি-মধুর কথায় অবহেলিত করতে চাই না।”

​নেতাকর্মীদের দাবি, ক্ষমতায় থাকাকালীন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা এবং বিদেশে বাড়ি-গাড়ির পাহাড় গড়ে তোলার অভিযোগ থাকলেও আজ বিপদের দিনে কোনো কর্মীর খোঁজখবর নিচ্ছেন না তিনি। একদিকে বিদেশে বিলাসবহুল জীবনযাপন, অন্যদিকে দেশের মাটিতে তৃণমূলের কর্মীদের অভুক্ত ও সংকটাপন্ন অবস্থা—দীর্ঘদিনের এই বঞ্চনা ও ক্ষোভ পুঞ্জীভূত হয়ে সময়ের কালক্রমে এখন তার বিরুদ্ধে ফুঁসে উঠছেন নেতাকর্মীরা।

​যদিও ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের পাশাপাশি কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবেও দেখছেন—তাদের মতে, উদ্ভূত বাস্তবতায় নেতৃত্বের এই অবস্থান নিয়ে নানা প্রশ্ন ও দ্বিধা তৈরি হয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

​চলমান রাজনৈতিক সংকট বিশ্লেষণ করে স্থানীয় পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা হয় সংকটের সময়ে। কর্মীদের বিপদে রেখে শীর্ষ বা প্রভাবশালী নেতাদের বিদেশে অবস্থান কিংবা এমন দৃশ্যমান দূরত্ব কর্মীদের হতাশা ও ক্ষোভকে বহুগুণ বাড়িয়ে তোলে। এর সরাসরি প্রভাব পড়ে সাংগঠনিক তৎপরতায়—যার জ্বলন্ত প্রমাণ মিলেছে লকডাউনের সময়ে আড়াইহাজারের নিরুত্তাপ অবস্থায়।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন