নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও তা রোধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাতের আঁধারে ভৈরবদী গ্রামে একযোগে একাধিক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আড়াইহাজার উপজেলার ভৈরবদী গ্রামের জামাল উদ্দিন ভূঁইয়ার বাড়ি, আমানের বাড়ি এবং কামালের ঘরে একযোগে এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে এসব বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এই আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, এলাকায় অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকায় নেই নিয়মিত পুলিশ টহল, নেই কোনো তল্লাশি চৌকি বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ।
স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার চিহ্নিত অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এমনকি হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে রহস্যজনক গড়িমসি দেখা যাচ্ছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে কোনো ধরনের চিরুনি অভিযান না থাকায় তরুণ প্রজন্ম অপরাধের দিকে ঝুঁকে পড়ছে, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।
রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাত চক্রের এমন বেপরোয়া তাণ্ডব এবং প্রশাসনের এমন নিরবতায় পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। রাতের বেলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে এলাকাবাসী নিজেদের উদ্যোগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবিলম্বে এলাকায় পুলিশের টহল জোরদার, মাদকবিরোধী অভিযান এবং হত্যা মামলার আসামিসহ দাগী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৯:৫০ পূর্বাহ্ণ