কালাপাহাড়িয়ায় জহিরের কবর জিয়ারতে জনতার ঢল, দোয়া কামনা।

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার।
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ১০:৩৭ পূর্বাহ্ণ

​

কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সদ্য প্রয়াত সভাপতি জহিরের কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। গত ২৩ই নভেম্বর ( শুক্রবার) বাদ জুম্মা থেকেই কালাপাহাড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষ তাঁর কবরের পাশে ভিড় জমাতে শুরু করেন।

​সরেজমিনে দেখা যায়, দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সহযোদ্ধারা কবরস্থানে উপস্থিত হয়ে জহিরের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয়জনদের অনেককেই আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তাঁদের উপস্থিতিতে পুরো কবরস্থান এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​কবর জিয়ারত করতে আসা স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা মরহুম জহিরের রাজনৈতিক ও কর্মময় জীবন এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করেন। উপস্থিত এক সহযোদ্ধা বলেন, “জহির ভাই অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সংগঠনের প্রতি তাঁর অবদান ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে আমরা একজন যোগ্য নেতৃত্ব ও প্রকৃত ভালো মানুষকে হারালাম। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

​এদিকে, জহিরের পরিবার ও স্থানীয় যুবদলের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি জীবদ্দশায় তাঁর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন